পাথর-জনম

পাথরের পর পাথর রেখে নিভৃত ঘর-খানি সমাপ্ত হলে,
পাথরে পাথর ঠুকে আগুন জ্বালানোর প্রয়াসে ভুলে গেলে,আমায়!
আগুন-প্রজ্বলনে পুড়েছিলাম,আমিও ;

কাফেলায় ছুটেছিলে পরশ পাথরের খোঁজে,
ভুল কাফেলায় পৌঁছেছো গর্গন রাজ্যে,
মেডুসার আবাসে কেবলই প্রহেলিকা!
সেথায় প্রস্তর-পাথরের দেখা মেলা ভার..

খেজুর আর শরাবের লোভে বেদুইনের দল বিনিময়
করেছিলো তোমায়,
বুনো ঘোড়ার আদলে,
নিক্ষিপ্ত হয়েছিলে
ক্লিউপেট্রার রুদ্ধ-মলিন আস্তাবলে ;
হৃষ্ট হাবসি গোলামের তালিকায়
নাম লেখাতে ব্যর্থ হলে, ত্রস্ত তুমি!

এই জনমে এলে পূজারীর খোলে
আরাধনা শেষে বিসর্জন শুধু তোমাকেই মানায়….

মোট পড়েছেনঃ ১,১৯৮জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. আমি সবসময় কবি কবিতার পূজারি।
    কঠিন কাব্যকথন দিদি।

    এই জনমে এলে পূজারীর খোলে
    আরাধনা শেষে বিসর্জন শুধু তোমাকেই মানায়….

    বিসর্জন শেষে কবির অশ্রুপাত হয় হৃদয়ে বিষন্নতা নিয়ে।
    পাথর জনমে কাফেলায় ছুটেছিলে পরশ পাথরের খোঁজে!

    1. বিসর্জন শেষে কবির অশ্রুপাত ঘটলেও পূজারীর চোখে আনন্দাশ্রু খেলা করে প্রদীপ। তাতে এক দেবীর বিসর্জনে অন্য দেবীর আবির্ভূত হওয়ার সম্ভাবনা থাকে।

      শুভ কামনা 🌹🌹

  2. নতুন কিছু পেলে মানুষ পুরাতনকে ভুলে যায় অথচ মনে রাখা উচিত তার অস্তিত্বকে, অনুপ্রেরণাকে। হীরাকে কাঁচ ভেবে যে ছুটে গিয়েছে সে কখনো আর প্রস্তরখন্ডের দেখা পায়ননা।

    শেষ মুহুর্তের বিসর্জন তখন আর কোন কাজেই আসেনা।

    দারুণ কবিতা আপু। পাঠক হিসেবে অ কবিতার মাঝেও যেন কবির উপহার দেয়া একঝুড়ি ভালোবাসা খুঁজে পেলাম।

  3. অধম বোঝেনা কোনটা ঘাটি বা আসল ভালবাসা তাই চাকচিক্যে এর উপর আস্বাস রেখে পুড়েছে।
    আর বিসরজন দিতেই হই আবার পাই কিনা পাই সেটা অন্য বিসয়।

  4. এ যেন গভীরতার সমুদ্র! অ-কবিতার নামটা মুছে ফেলো সাবিনা। উপলব্ধি করলাম পুরোটা। কিন্তু গুছিয়ে মন্তব্যে লিখতে পারছিনা বোধ।
    ভালোবাসা জেনো❤❤

  5. মুগ্ধপ্রাণে অতিথি হয়েছিলে নিষিদ্ধ সরাইখানায়
    বিস্মিত যৌবন প্রতিভায়;
    দুর্বিষহ জোয়ারে ভেসে গেলে দূর শৈবাল সাগরে,
    বিষণ্ণতার আদিম গুহায়
    জ্বালিয়ে রাখা অনুগত-প্রাণ সন্ধ্যাপ্রদীপ ফেলে!

    1. বাহ! এই জন্যেই আপনাকে মহারাজ ডাকি।
      আমি সারা কবিতায় প্যান-প্যান করে যেটা বলতে চেয়েছি, আপনি অল্পতেই সেটা শেষ করে দিয়েছেন। 😀😀

  6. ভুলে যাওয়ার পথেও কখনও প্রয়োজন হয় পুরাতন। বিরুদ্ধবাতাস নিয়ে যেতে পারে না বেশিদূর ।
    ভালো লাগলো বেশ।
    ভালোবাসা দিলাম।

  7. অসাধারণ কবিতা আপি❤অতীত আমাদের শিকড় ভুললে চলবে কিভাবে?বরং অতীতের ভুলগুলো যাতে ভবিষ্যতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

    ভাল থাকুন সব সময় আপি😇

    1. অতীত স্বরণে রেখে যে পথ চলে তার ভুল হয়না কখনোই। কিন্তু কেই-বা মনে রাখে অতীতের বাণী!!

      শুভ কামনা অজস্র রেজওয়ান 🌹🌹

  8. আপনার সাম্প্রতিক কবিতার মধ্যে এটিকেই আমি সেরা হিসেবে সনদ দিলাম,
    ক্যামনে লেখেন এমন করে? !!
    কোন চাল এর ভাত খেলে এমন কবিতা লেখা যায়?

    আরো বেশী বেশী লিখুন, রোজ দুইটা লেখা দিন।
    মডুদেরকে অনুরোধ করবো ১২ ঘন্টায় এক পোষ্ট এর নিয়ম করতে 🙂

    শুভ কামনা।

মন্তব্য করুন