ছন্দহীন অ-কবিতা

আমাদের ভাবনারা মিলে যায়
মিলে যায়, না বলা কথার অক্ষরেরা,
অনুভবের উপলব্ধিরা মিলেমিশে
বলে দেয়,
মিলেছিলো আমাদের মন..

আমি তোমার প্রেমে পরিনি
প্রেম করতে পারোনি তুমিও,
ভালোবাসা তবুও এসেছিলো
বজ্রপাতের মত অনাকাঙ্ক্ষিত সময়ে।

ব্রেকিং নিউজের শিরোনাম হবে বলে
খবরের দপ্তরী লুকিয়েছে
আমাদের অনাহূত মিলন বার্তা,
সংবাদ পত্রে সব ছাপা হতে নেই।

ঝাপসা দৃষ্টির বাঁক অতিক্রম করে
ভালোবাসারা ঝরে পরছে অঝোর ধারায়,
অপেক্ষার প্রহর চাপা পরেছে
উপেক্ষার পাথরে,
মিলেছে আজ অভিমানেরা
ছন্দহীন অ-কবিতায়..

মোট পড়েছেনঃ ১,৭৭৭জন আজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য

  1. বাপরে! ছন্দহীন মাথা ঘুরায়। আবার ছন্দে মিলিয়ে আবেগীয় গভীরতায় ডুবলে হারিয়ে যাবে প্রেমময়ের মায়াজালে, সব ফেলে কুড়িয়ে নেব ভালবাসা অনাকংখিত সময়ে হোক আর অসময়ে হোক। সে হোক বা না হোক কোন শিরোনাম।

    1. ভালোবাসার কোনো সময় / অসময় নেই। যখন হবার হয়েই যায়। প্রথম কমেন্টের জন্যে অনেক ধন্যবাদ মজিবর ভাই। ভালোবাসা, শুভ কামনায় ভালো থাকুন সব সময়। 🌹🌹

  2. ছন্দহীন অ-কবিতায় এমনি হয় যেখানে নির্যাস আবেগ আর কিছুটা মায়া।
    .
    অপেক্ষার প্রহর চাপা পরেছে
    উপেক্ষার পাথরে,
    শেষবেলায় মিলেছে আজ অভিমানেরা।
    ভালোবাসায় অভিমান না থাকলে কেমন কেমন জানি লাগে।
    .
    একান্ত অনুভূতি একার হলেও ভাবার্থ টা সবার সাথে মানানসই।
    শুভকামনা দিদি।

    1. তুমি এই লেখার পুরো ভাবার্থ ধরে ফেলেছো প্রদীপ। অ-কবিতা এক অসমাপ্ত ভালোবাসা বৈ কিছু নয়। যেখানে সব মিলেও মিলেনা, যেখানে অভিমান গুলোও ছন্দহীন হয়।

      অনেক শুভ কামনা 🌹🌹

  3. অহংকারের দর্প-বিদ্যুৎ এঁদো কাদায় ডুবিয়ে
    সেই যে, সে এলো অচঞ্চল চোখ মেলে অসংখ্য-সুখে;
    সাথীরা ফেলে রেখে ফিরে গেলেও, কেউ একজন
    কাশবনে মিষ্টি রোদের আঁচে খোলস ভেঙ্গে
    আজন্ম দাঁড়িয়ে গাঢ় সবুজের রাজত্বে;
    চোখের গোলকে একঝাঁক বিদ্যুৎ-পুরে
    অখণ্ড-অদীর্ণ নীলাভ হৃদপিণ্ডের ধুকপুক নিয়ে।

    ঈদ-শুভেচ্ছা আপনাকে।

    1. মহারাজ, এমন লেখার জন্যেই আপনি মহারাজ হয়েছেন।
      এই মন্তব্যের সঠিক উত্তর আমি এই সময়ে দিতে অক্ষম। এটা পাওনা থাকলো।

      ঈদের শুভেচ্ছা আপনাকেও। ঈদ মুবারক। ভালো থাকুন অনাগত সব দিনে। 🌹🌹

  4. অকবিতার কথা বলে কত কিছুই লিখে ফেললেন। ভালোবাসায় সব কিছু সবসময় মেলেনা, তবুও আমরা যাকে ভালোবাসি এসব মেনে নিয়েই ভালোবাসি। সব খবর কি আর সবাই রাখে?
    অপেক্ষা আর উপেক্ষারা দূরে চলে যাক, আবার না হয় মিলিত হোক ভালোবাসারা ছন্দহীন অ-কবিতায়।

    দারুণ অনুভব সাবিনা আপু। ঈদের শুভেচ্ছা রইলো। 🌹

    1. কবিতায় সব কিছু লেখা যায়না। অ-কবিতায় ছন্দ আসেনা। তাইতো অ-কবিতা লিখি।

      ঈদের শুভেচ্ছা, শুভকামনা রইলো তৌহিদ ভাই। ভালো থাকুন আপনার কবিতাকে নিয়ে। 🌹🌹

    1. অনেক ধন্যবাদ শিরিন। আপনাদের লেখা পড়ে পড়ে আমিও একটু লেখার চেষ্টা করি আর কি। ভালো লেগেছে জেনে খুশি হলাম।

      শুভ কামনা 🌹🌹

    1. একটু বেশি হয়ে গেলো বন্যা। তবুও ভালো লাগে, তোমার মত গুণী কবির প্রশংসা পেলে। 😀😀

      খুব ভালো থেকো। শুভ কামনা, ভালোবাসা ❤❤

    1. আপনার কাছে এই জন্যেই মুঠো মুঠো ভালোবাসা থাকে। ভালোবাসতে জানে যেজন, ভালোবাসা তারেই করেছে আপন।

      খুব ভালো থাকুন ভাইজান, শুভ কামনা 🌹🌹

  5. প্রেমে পড়ার আগেই ভালোবাসা হয়ে গিয়েছে? কেমনে হলো এটি? ভালোবাসার পুর্ব শর্তই তো প্রেম। প্রেমহীন ভালোবাসা হয়!
    অভিমানেরা কমে যাক।

    অ-কবিতা ভালো হয়েছে খুব।
    শুভ কামনা সব সময়ের জন্য।

  6. দারুণ, দারুণ! খবরের দপ্তরিকে নির্বাসন দেয়া হোক। আমাদের মিলনের খবর যেন কেউ না পায়। কিছু কথা, কিছু বিনিময় হোক চুপিসারে!

মন্তব্য করুন