ফিরতি নোঙর

ইচ্ছেগুলো ইচ্ছের মতো করে নূপুর বাজিয়ে চলে অবিরাম।
নৃত্য দেখি সকাল দুপুর সন্ধ্যা রাত।
এক মুঠো নীলেই আঁকি বিশালতার
শূন্য আকাশ।
এপাশ ওপাশ ফিরতেই দেখি
ভেজা বালিশের হা হুতাশ।
জানালার ওপারে বিচ্ছিন্ন বাতাসের আহাজারি।
একলা নাবিকের নোঙর ছেঁড়া
না বলা গল্প রাশি।
মন খারাপের এনভেলাপে হলদে রঙের বিকেল।
একলা পথে হেঁটেই মরে গাঙচিলের ওই জীর্ণ শরীর।
খুব বেশি কি গেছে সময় বয়ে?
এখনো যে রইলো বাকি নোঙর তোলা ফিরতি পথের মায়া!

মোট পড়েছেনঃ ২,২৮৮জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. সময় সময়ের মতোই বয়ে যায়, আমরা চাই শুধু ভালো গুলো ধরে রাখতে আর খারাপ গুলো ভূলে যেতে। অনেক সুন্দর করে লিখেছেন। কবিতার মত অত কঠিন লাগেনি।

    1. অনুভূতি কখন কোন রুপ বদলায় আমি নিজেই ধরতে জানিনা। কেউ কি জানে? নিরন্তর চেষ্টার ঘানি চলতেই থাকে ভালোটুকু গ্রহন করতে। কঠিন করে লেখা সবসময় হয়না। মাঝে মাঝে সরলতার আশ্রয়ও নেই কিন্তু! আপনাকে অসংখ্য প্রিতী ভালোবাসা। 💜💜

  2. আপনি প্রকৃতি প্রেমী মানবী।আপনার মন ভালো করার জন্য সবুজ বনানী আর নদীর স্নিগ্ধ উপলক্ষ প্রয়োজন।কাছে নেই তাতে কি-কল্প কাব্যে ঠিকই টেনে এনেছেন।সুন্দর জীবন বোধ।

    1. দাদা, আপনি যখন “কবি”বলেন আমার তখন লজ্জা লাগে আবার বেশ ভালোও লাগে। লজ্জা লাগে এই কারনে কবি ব্যাপারটা অনেক ব্যাপক, যোগ্যতা আছে কি নেই। তাই শংশয়।আপনাকে অসিম কৃতজ্ঞতা শুভেচ্ছা অবিরত।

  3. ইচ্ছেরা অনেক সময় নিয়ন্ত্রনহীন হয়ে মনকে নিয়ে যায় অন্য কোনো ফেলে আসা ভুবনে,
    যে ভুবন পাওয়া হয়নি আমাদের বা ফেলে আসা দিন।
    সময় বেশী না হলেও ফেরা হয়না আসলে,
    যদিও আকাংখা থাকে।

    বুঝলাম কিনা কে জানে?
    শুভ কামনা।

  4. ফিরতি পথের মায়া কভু ফুরোয় না। এগিয়ে চলার পথে থমকে এসে সামনে দাঁড়ায়। সময় নোঙর তবুও তুলে নিতে হয়, নাবিকের ইচ্ছায়-অনিচ্ছায়…

    সব সময়ের মতোই ভালোলাগা রইলো। ❤❤

  5. কিছু কথা বলার ব্যাকুলতা অল্পতেই শেষ করা যায় না মিতা তাই ছন্দ একেযাই কবিতায়।

    তুমি ভালো লিখো তোমার কবিতার উত্তর দিতে কবিতা লিখে দঃুসাহস দেখালাম। খমো মোরে।

    1. কিছু কথা থাকে কখনোই পুরোনো হবার নয়।কিছু কথা আছে যা কখনোই বলে শেষ হবার নয়। কিছু ভাষারা পথ খোঁজে অন্যপথের দিশায়। যে পথটার নাম দিয়ে যাই কাব্যের পথ। তোমার ভাষারা এভাবেই খুঁজে নিক পথের দিশা। ক্ষমার কথা আর কখনো মনে এনোনা। খুব খুব ভালো থাকো সবসময়, ভালোবাসা রইলো 💜

      1. এটা ঠিক বলেছেন ভাই, প্রচুর গান শুনি, শুনে শুনেই ধারন করার ধারন ক্ষমতায় কন্ঠে গুনগুন করি। একসময় খুব ইচ্ছে ছিলো গান শেখার…… হয়ে ওঠেনি।

  6. মন খারাপের এনভেলাপে হলদে রঙের বিকেল- এই একটি লাইনের মাঝেই পুড়ো কবিতার গাম্ভীর্য লুকিয়ে আছে। কয়েকবার পড়লাম তারপরে বুঝলাম। এই না হলে কবি!!

    ভালো লাগলো আপু।

    1. আমিও সাবিনার মতো অ-কবিতা লিখি, কবি হইতে সাহস লাগে। আমার তা মোটেও নাই। ভালো লাগলে কারো, নিজেরো শুনতে/জানতে ভালো লাগে।
      আপনার প্রতি কৃতজ্ঞতা শুভেচ্ছা।

মন্তব্য করুন