অলিখিত কড়চা//

 

ঘুমহারা দিশাহীন বোধ নিয়ে ফানুস ওড়াই কালো আকাশে! বারান্দার গ্রিলে চিবুক রেখে নক্ষত্র গুণে গুণে পিছলে সরে যাচ্ছে পূব থেকে পশ্চিমে শুকতারা’র শরীর। ঘাড়-বাঁকিয়ে ঝুলে থাকে হাত পায়ের ঝুলন্ত কাঠামো। ভোর আসবে পূবে! মাথা হেলে আছে পশ্চিমে। সুর বেজে ওঠে বিউগলে আচমকা! কেউ বুঝি অলক্ষ্যে চলে গেলো। বিউগলের আওয়াজ ঢাকার চেষ্টায়, থালা বাটি পেটানো হলো দেদারসে; শেষাবধি আমার কানে এসে আছড়ে পড়লো বিউগলের গোপনসুরের বাজন; কারো একটা পৌঢ় শরীর ছেড়ে দিয়েছে সমস্ত যুদ্ধ লড়ার শক্তি। চলে গেলেন নক্ষত্রের পথ বেয়ে অজানা কড়চার খবরে।

যাবতীয় হিসেবের খেরোখাঁতায় কতক হিজিবিজি দাগকাটা চিহ্ন! কড়ি বলতে আঁচলের গিরায় সঞ্চিত খুচরো কিছু ঝকঝকে চারআনা মুদ্রার ভরসা।

প্রতিদিন কেউ চলে যাচ্ছে, কারণ- অ-কারণেই শিরোনাম হয়ে উঠছে তালিকায়। নাগপাশে ঢের দ্রুততার ঢেউ এসে ঝাপটা দিয়ে যাচ্ছে। দুহাত দূরেই অবস্থান নিচ্ছে ব্যারিকেডের বাঁধা। কেউ নাম্বারের প্রতীক্ষায় আতঙ্কিত প্রার্থনায় ভিজিয়ে যাচ্ছে পবিত্র জমিন।

দ্বিপ্রাহরিক মৌনতায় কুকুরেরাও ভুলে গেছে পাহারা দেবার দায়িত্ব।

আজকাল আর গোছানো হয়ে ওঠেনা কোনোকিছু। কিচ্ছু না…..মরামাছের চোখে ফ্যাকাসে রক্তের রেখা। অগোছালো কাপড়ের স্তূপে তেলাপোকাও আশ্রয় খোঁজে। অজস্র বেখেয়ালি শব্দের জঞ্জাল রেখে রেখে তাকিয়ে থাকা শূন্য চোখে।

চলে যাচ্ছে কেউ কেউ……চলে যাবে অনেকেই…….চলে যাবো আমিও। বারান্দার গ্রিলে মাথা রেখে নক্ষত্র দেখছি আজ নিশীথে……কাল হয়তো কেউ থালা বাটি চামচ পিটিয়ে ঢেকে দেবে শোকের বিউগল!

চাপা পরে যাবে প্রৌঢ় শরীরের যুদ্ধে হেরে যাবার ঘোষণা!

#নোট:একটা গোপন খবর কই তোরে শোন!

-বলো

★’—‘ চলে গেলেন

–ইন্নালিল্লাহি… সত্যি?

★ হুমম….প্রচার হতে দেয়নি।

–কেন? লুকোবার কি আছে?

★ তুই কি বোকা? প্রধান সভাপতির নির্দেশ ছাড়া কারো জো আছে ঘরের খবর বাইরে যাবে?

—আজব তো!

★ হুমম…

বি.দ্র. ধন্যবাদ আপনাকে, এলোমেলো কড়চা কষ্ট করে, ধৈর্য ধরে পড়লেন বলে।

মোট পড়েছেনঃ ৭০১জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. মৃত্যুর খবরও আজকাল চেপে রাখা হয়?
    এটা সত্যি, প্রতিদিন কেউ না কেউ চলে যাচ্ছেন। তাদের চলে যাবার খবর আমাদেরকে মর্মাহত করে।

    1. সাদিয়া নীরা@ আমি অবাক হলাম খবরটা জানার পরে। চারিদিকে মৃত্যুর মিছিল।আপনজনদের জন্য আতঙ্কিত।
      সাবধানে থাকবেন। নিরাপদে থাকবেন সতর্কতার সাথে।

  2. চলে যাওয়াই একমাত্র সত্য,
    চেপে রেখে কিছুই চাপা দেয়া যায় না।
    শূন্যতায় নিজেকে ইচ্ছেয়-অনিচ্ছেয় সমর্পিত হতেই হয়।

    বানাম কেডা ঠিক কইরা দেবে শুনি!!

  3. সবাইকে যেতে হবে কিন্তু এ এমন যাওয়া যে নিঃশব্দের আঁচল টেনে নিতে হয়। হাহাজারি, শোকগাঁথা সব মৌন, নির্বাক। সারাক্ষণ এক অস্থিরতায় খাবি খাচ্ছে মনটা। আমিও কখন নেই হয়ে যাবো এই ভাবনা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।

    1. চারিদিকে খারাপ খবর। কখন কোনদিন নেই সিরিয়ালে পরে যাবো…… সবাই সবার জন্য দোয়া করি। মহান স্রষ্টাকে ডাকি।
      ভালো থাকবেন সাবধানে থাকবেন।

  4. চলে যাওয়াটা চির সত্যি, নিয়তি। আমরা কেউ তা থেকে পালিয়ে থাকতে পারব না।
    একান্ত অনুভুতির প্রকাশ খুব সুন্দর হয়েছে।
    শুভ কামনা।

    1. খবরটা পেলাম পরে ইচ্ছে হলো এমন করে কিছু লিখতে। আর সেজন্য ব্লগের খেরোখাতাকে উপযুক্ত মনে হলো। উচ্চপর্যায়ের মানুষজনের সংবাদ প্রচারে সেন্সরিটি থাকে। হতে পারে এটাও রাজনীতির অংশ।
      সবাধানে থাকবেন সতর্কতায় নিরাপদ থাকবেন।

    1. যেতে তো হবেই চিরন্তন সুন্দর সত্য।মৃত্যু সংবাদও যখন চাপা দিতে হয় রাজনিতীর রোষানলে, তখন সেটা বিভৎস লাগে। করুনা লাগে। ভালো থাকবে দাদা ভাই।

  5. চলে একদিন সবাইকেই যেতে হবে, কেউ আগে কেউ পরে। নিয়তির অমোঘ বিধান খন্ডানোর সাধ্যি কার আছে?

    তবে নিত্যদিনের অকাল চলে যাওয়া মনে দাগ কেটে যাচ্ছে আমারও। উপরওয়ালাই ভালো জানেন কি আছে কপালে।

    ভালো থাকুন আপু।

    1. চলে যেতে হবে সত্য। এখন যেভাবে চলে যেতে হচ্ছে সবাইকে। তাতে আতঙ্কিত, ভয়, আর নতুন যোগ হয়েছে যা তা হলো গোপনীয়। একজন উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতা চলে গেলেন নিরবে ঘাতাক ভাইরাসের কারনেই হোক বা বার্ধক্যজনিত কারনেই হোক। মিডিয়ায় এলোনা তাঁর চলে যাওয়ার সংবাদ। আশ্চর্য হলাম আমি। আরো হয়তো অনেক আছে এরকম। কতটাই বা জানি? এক মহাঘাতক ২০২০ সালে এক নতুন পৃথিবী চেনাচ্ছে এ সময়ে এসে সবাইকে।
      ভালো থাকবেন ভাই।

  6. অত কি আর বুঝি !
    তবে জীবনের বড় সত্যটা কৈশরে শুনেছি- বড় হতে হতে বিশ্বাস করতে শিখেছি- “মৃত্যূ”

    নিঃশ্বাস আছে এমন কারও জন্য সবচেয়ে বড় সত্য “মৃত্যূ”

    এমন খবরও চাপা থাকে ! এখানেও রাজনীতির ধারা বহাল তবিয়তেই কার্যকর হয়। – এটা মাত্র বুঝলাম।

মন্তব্য করুন