মিছিল

প্রতিদিন শহরে মিছিল হয়
মিছিলে থাকে না শ্লোগান ,
থাকে না প্রতিবাদ ,
কোন দাবি দাওয়া ও নাই
তবুও মিছিল হয় ।

মিছিলে শামিল হই
আমি , আমরা অথবা
আমাদের মতো কেউ ।

এ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেনা ,
গুলি ছোঁড়ে না ,
ছাড়ে না কাঁদানে গ্যাস ,
এমনকি কোন ব্যারিকেড দেয়া হয়না ,
মিছিলে বাধা আসেনা
এমন মিছিল দেখেছে কেউ কখনো ।

মিছিল মানে ৫২ ‘র মিছিল
“রাষ্ট্র ভাষা বাংলা চাই ”
মিছিল মানে ৭১ ‘র স্বাধীনতার সংগ্রাম
“তোমার আমার ঠিকানা
পদ্মা , মেঘনা , যমুনা ”
মিছিল মানে ৯০’র গণজাগরণ
স্বৈরাচার নিপাত যাক , গণতন্ত্র মুক্তিপাক ”

না এমন কোন প্রতিবাদী মিছিল নয়
এ এক অন্য রকম মিছিল,
এ মিছিলে যাওয়া সন্তানকে
মা আর দেখতে পায়না,
সন্তান বাবাকে ছুঁতে পায়না ,
বোন ভাইয়ের কাছে যেতে মানা
প্রিয়তমা স্ত্রী তাঁর স্বামীকে
জড়িয়ে ধরতে পারেনা ।

এ মিছিলের শব্দ হারিয়ে গেছে
কথারা লুকিয়েছে অদৃশ্য
শত্রুর আঘাতে,
অন্য রকম মিছিল
নিরব নিস্তব্দ মিছিল ।

এ মিছিল আমরা চাইনা
আমরা প্রতিবাদী মিছিল চাই
আমরা কোলাহল চাই
আমরা বাঁচতে চাই
আমরা জাগরণের গান
শুনতে চাই গাইতে চাই ।

মোট পড়েছেনঃ ১,৫৪০জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. অনাকাঙ্ক্ষিত নিরব-নিস্তব্ধ মিছিলের অবসান হোক।
    লোকারণ্য মুখরিত হয়ে উঠুক আশা-আকাঙ্ক্ষা, শব্দ আর কোলাহলে।
    ফিরে আসুক আমাদের চিরচেনা সবুজ সাবলীল পৃথিবী।

    শুভ কামনা 🌹🌹

  2. আসলেই আমরা এ মিছিল চাই না। যেখানে মানুষ থেকে মানুষের দুরত্ব বাড়ে। থেমে যাক এ মিছিল আমরা আবার দলাদলির করি আপনজনের সাথে।
    শুভ সকাল।

  3. গা শিউরে ওঠে চিন্তা করলে। কি নির্মমতা এ মিছিল।
    স্বজন হারানোর ব্যাথা যেনো চারপাশ,, প্রতিদিন আসে খবর কেউ না কেউ যাচ্ছে চলে মিছিলে মিছিলে ওপারের দুনিয়াতে,,,
    ভালো লিখেছেন আপু।

    1. আসলেই ভাবা যায়। প্রিয়জনের কাছে প্রিয়জন যেতে পারে না। এটা কি যে কষ্টের। আল্লাহ এ কষ্ট থেকে সকলকে মুক্তি দান করুন। শুভ কামনা রইলো।

  4. বৈশ্বিক অতিমারি করোনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে জীবনের চাওয়া — এ মিছিলের শব্দ হারিয়ে গেছে
    কথারা লুকিয়েছে অদৃশ্য
    শত্রুর আঘাতে,
    অন্য রকম মিছিল
    নিরব নিস্তব্দ মিছিল ।

  5. এ মৃত্যুমিছিলের খুব কাছাকাছি ছিলাম।
    চারদিনে চোখের সামনে ২৭ জনের মৃত্যুবরণ দেখেছি।
    যা ছিলো খুবি হৃদবিদারক।
    ..
    পৃথিবী সুস্থ হয়ে উঠুক।
    যথার্থ কবিতা।

  6. এমন মিছিল এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। যার যায় সেই বুঝে কি হারালো। দারুন ভাবে উপস্থাপন করলেন শবের মিছিলকে। ধন্যবাদ আপু। অবিরাম শুভ কামনা

মন্তব্য করুন