একটি ইদের লেখা

 

পাখ পাখালি উঠল ডেকে কাটল রাতের ঘোর
শিউলী জবা আনল বুঝি সুবাসমাখা ভোর।
নদীর জলে ঢেউ টলমল সুর উঠেছে বেশ
পাহাড়টাকে বলছে ডেকে দুঃখ হবে শেষ।

আকাশ বলে দেখেছ কি তারার দেশে দেশে
রঙ ঝলমল পরির মেয়ে উঠছে কেমন হেসে।
বাতাস প্রাণে দিচ্ছে দোলা নাচছে হিমেল রোদ
জোছনা জ্বোনাক ডাক দিয়েছে আলোর অবরোধ।

সবুজ মাঠের অবুঝ ফসল উঠছে যেন দুলে
গুণগুণিয়ে ছুটছে ভ্রমর রঙিন ফুলে ফুলে।
মাতলো শহর-নগর-গ্রামের সকল জনপদ
উঠল হেসে প্রজার দুয়ার রাজার সভাসদ।

চতুর্দিকে ইদের খুশির ভাঙল বুঝি বাধ
ময়ূর নাচে ফড়িং নাচে আনন্দে অগাধ।

মোট পড়েছেনঃ ৯১৫জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ’উঠলো প্রাতে খোকা খুকু খুশির ধারায় নেয়ে
    বাড়লো আরো দ্বিগুণ খুশি নতুন জামা পেয়ে’
    প্রকৃতির ছোঁয়ায় ভীষণ প্রাণবন্ত উপহার।
    সুন্দর তাল ছন্দে হৃদয়হরা চিত্রণ।
    মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।

  2. কবিতা পড়েই তো ঈদ ঈদ মনে হচ্ছে।নতুন করে তো বলার অপেক্ষা রাখে না যে আপনার লেখা মানেই অন্যকিছু নতুনভাবে খুঁজে পাওয়া।ব্যস্ততা থাকবেই জীবনে, তবুও নিজের পানে খেয়াল করা জরুরী, ভাল থাকুন শুভ কামনা সব সময়।

  3. আহারে ঈদ ঈদ ভাব শুধু ঈদির অভাব। চমৎকার বহিঃপ্রকাশ। নিয়মিত আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। অফুরন্ত শুভকামনা রইলো

মন্তব্য করুন