ক্রুশবিদ্ধ ভালোবাসা

 

এখন মধ্যরাত!
পরিধিহীন নদে বয়ে চলেছে চোরা স্রোত!
নির্মম সত্যিটা জেনেছি এই মাত্র!
স্নায়ুতে সরীসৃপের শীতল স্পর্শ গায়ে কাঁটা দিচ্ছে এই বুঝি খেলাম ছোবল!
নিষ্ঠুর পাষণ্ড আমার আয়তন মাপছে কেবল।
আমার এতোদিনের পোষ্য আমাকে গিলে খাবার আয়োজনে ব্যস্ত!
অথচ আমি তাকে হিংস্র জেনেও স্বযত্নে লালন করেছি সতত।
ভালোবাসা এখন ক্রুশবিদ্ধ!

বছরের পর বছর একসাথে থেকেও  হলোনা বন্ধুত্ব স্বার্থ বাধ সাধলো।
এইমাত্র জেনেছি শিকারী হিসেবে সে প্রসিদ্ধ।
আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে লোকে নাকি বিশ্ব জয় করে।
আমি না হয় হিংস্রতাকে হারিয়ে দেবো, দৃষ্টান্ত গড়বো নতুন করে।
এইমাত্র জেনেছি সত্যিটা!
অনশনে অভুক্ত সে আমায় গিলে খাওয়ার প্রয়াসে!
কিন্তু আমি মানুষ! শ্রেষ্ঠত্ব আমার উপাধি।
ক্ষমা করাই আমার সর্ব বিধি।
তাই সমস্ত মায়া কাটিয়ে তাকে পাঠিয়ে দিলাম তার আবাসে।
হিংস্রকে ভালোবাসা যায় না জেনেছি অবশেষে।
সরীসৃপ তার খোলস পাল্টাক, আমিও সজাগ নিঃশেষে।
এখন মধ্যরাত!
পরিধিহীন নদে বয়ে চলেছে চোরা স্রোত!

০২/০৯/২০২০ইং

ছবি: গুগল থেকে নেয়া

মোট পড়েছেনঃ ১,২৭৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৯টি মন্তব্য

  1. অবশেষে জেনে যাই আঁচলে ঢেকে এগিয়ে দিয়েছিলাম যে দুধের বাটি!
    চুমুক দিয়ে শুষে নিয়েছে
    আমারই বুকের করোটি।
    ভালবেসে যাকে দিয়েছিলাম ঠাঁই বিশ্বাসে!
    এই মাত্র জানলাম, স্বার্থ শেষে সবটুকু নিয়ে
    এতদিনের মুখোশটা নিজ হাতে ছিঁড়েছে।

    1. খুব সুন্দর কবিতা লিখেছেন আপু ।
      আমার লেখার মর্মার্থ এটাই।
      হিংস্রতার জবাব নৃশংসতায় না দিয়ে দূরত্ব বজায় রাখা তো যায়ই।
      আন্তরিক কৃতজ্ঞতা জানবেন প্রিয় আপু

  2. হিংস্রকে ভালোবাসা যায় না জেনেছি অবশেষে।
    সরীসৃপ তার খোলস পাল্টাক, আমিও সজাগ নিঃশেষে।
    চমৎকার শব্দচয়ন।এই ধরনের মানুষকে দুরে সরানোই ভালো। একই ছাদের নীচে আর
    প্রশ্নই ওঠে না।ভালো লিখেছেন আপু।শুভকামনা।

  3. সত্যের নির্মমতা আমাদের স্পর্শ করেই। আমারা হার নেই-না, হারাই।
    বেঁচে থাকার আনন্দ উপকুলে। সত্যের সান্নিধ্যে।

    1. আপনার সুন্দর মন্তব্যের সাথে আমি একমত। যদি দুর্ভাগ্য বশত একই জঙ্গলে বাস করি তবুও মানুষ হয়েই বাঁচবো জঙ্গলি হয়ে নয়।
      আন্তরিক ধন্যবাদ পড়ার জন্য।

  4. ভালোবাসা দিয়ে বিশ্ব কয়জনেই বা জয় করতে পেরেছে। কয়জন হয়েছে ট্রয় নগরী হেলেন। দারুন উপলব্দি ফুটিয়ে তুলেছেন কবিতায়।

  5. ভালোবাসা দিয়ে আদৌ কিছু জয় করা যায়! হয়তো যায় হয়তো না। সত্যি টা জানার পর শীতল স্পর্শ বয়ে যায় শিঁড়দাড়া বেয়ে এটাই নির্মম সত্য। ভালোবাসা দিয়ে যাকে পুষেছেন সেই আজ সর্পের দংশনে দংশিত করবে। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো অহর্নিশি

  6. অথচ আমি তাকে হিংস্র জেনেও
    স্বযত্নে লালন করেছি সতত।
    ভালোবাসা এখন ক্রুশবিদ্ধ!
    মাঝে মাঝে তাই মনে হয়
    যেমনটি এঁকেছেন সযতনে।
    শুভ কামনা।

  7. খোলস পাল্টানো মানুষগুলো বড় অচেনা হয়। ওদের বিয়ের রাতেই বেড়াল মারতে হয়। কালোসাপ পুষে লাভ কি? ছোবল ভয়ানক। চোরা স্রোত বন্ধ করুন। দারুণ একটা নিঃশ্বাস নিন।

  8. ভালোবাসার মুল্য অনেকেই দিতে জানেনা। কেউ ভোগ করে আর কেউ উপভোগ। একজায়গায় ভালোবাসা নেই অন্যজায়গায় ভালোবাসা ছাড়া উপভোগ করা যায়না।

    নারী জীবনের নিগুঢ় সত্য উঠে এসেছে এই লেখায়। চমৎকার লেখা আপু। শুভকামনা রইলো।

    1. আমার এই লেখার হৃদপিণ্ডটা পেলাম আপনার মন্তব্যে। ভীষণভাবে কৃতজ্ঞ রইলাম।
      অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন ভাইয়া।

  9. যেখানে ভালোবাসা প্রেম নেই, সেখানে অধিকার নেয় হিংস্র পশুরাই,
    হিংস্রকে ভালোবাসা যায়না, চেস্টা করেও লাভ নেই।
    তাকে নির্বাসনেই পাঠিয়ে দেয়া উত্তম।

    কবিতা ভাল হয়েছে খুব,
    শুভ কামনা।

    1. ভাইয়া আপনার মন্তব্য আমার জন্য বিশেষ অনুপ্রেরণা।
      পড়ে মূল্যবান মন্তব্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা জানবেন।

  10. হিংস্রতা পশুত্ব ওটা ভালোবাসা নয়। সুতরাং শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করা অযথা। বরং ত্যাগ করাই শ্রেয়।
    শুভ কামনা রইলো।

    1. আপু শ্রেষ্ঠত্ব ক্ষমা করতে পারার জন্যে। আর হিংস্রকে নিজের মধ্যে লালন না করে তার আবাসে পাঠানোই সমাধান।
      পড়ে মূল্যবান মন্তব্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ আপু ।

  11. ভালোবাসায় অরণ্যের হিংস্র প্রাণী পোষ‌ মানলেও
    লোকালয়ের খোলসে আবদ্ধ হিংস্র মানুষ নামক প্রাণী
    পোষ মানে না কোনোদিনই।
    চমৎকার ছিল উপস্থাপন।

    1. আপু এই মন্তব্যটিই মনেপ্রাণে আশা করেছিলাম।
      অনেক ভালোবাসা এবং শুভকামনা জানবেন। ধন্যবাদ দিলে কম হবে তাই ওটা থাক।

      1. ভালো থাকুন সুস্থ থাকুন
        আর সাবধানে থাকুন
        অনেক অনেক ভালোবাসা জানবেন
        আর আমি যদি আপনার বয়সের ছোট হই নাম ধরেই ডাকবেন।
        আমার ভালো লাগবে
        আর হ্যাঁ ব্লগের বাইরে তুমি বলতে পারেন
        এখানে তুমি বলা বারণ
        সোলেনার সন্মানের কারণ💜

মন্তব্য করুন