ফিরিয়ে দিও

 

পারো যদি ফিরে’ দিও ফেলে আসা দিন,
তুমিও সামনে এসো বিশেষণহীন।

ফিরে দিও ফিরে দিও তেরনলা বিল,
নিষ্পাপ ময়নার হাসি খিলখিল।
ফিরে দিও মোড়ভাঙা-শেখপাড়া মাঠ,
শেফালীর খুব প্রিয় মাথাভাঙা ঘাট।
শতশত স্মৃতিমাখা কালীতলা বন,
উদাস উদাস ভরা আশিকের মন।

আবার আসুক ফিরে বোয়ালিয়া গ্রামে,
উঠুক নবান্ন মেতে শত শ্রমে ঘামে।
আবার সে কিতকিত-হাডুডু’র মেলা,
কানামাছি বৌচি ও কত শত খেলা।
বৈশাখী মেলাতে পুতুলের বিয়ে,
জারি সারি ভাসানের পালা ডালা নিয়ে।

আবার আসুক চলে কাটাভাঙা গাঁয়,
গরুগাড়ী-পালকি বা পাল তোলা নায়।
পারো যদি তুলে দিও মাফুজার হাতে,
শিউলী-কদম-বেলি শরতের প্রাতে।
আবার আয়শা-ডলি-নাদিরার চোখ,
শতশত বন্ধুর কাঙ্খিত হোক।
আবার উঠুক বেজে বেহুলার গান,
সরে থাক দুখ তাপ বিরহীর পাষাণ।

সেই ঘুড়ি-গুঁড়মুড়ি ফিরবেনা জানি,
দাদু-নানু আর সেই প্রিয় মুখখানি।
স্মৃতির পাতায় ভাসে কতশত নাম,
কেউ কি বুঝেছি কার ছিল কত দাম?
মনের গহীনে শুধু ভাসে সারাক্ষণ,
আজ বুঝি সকলের খুব প্রয়োজন।

——————–0 0—————-

***(ফিরে= ফিরিয়ে)***

মোট পড়েছেনঃ ১,৪৭৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৫টি মন্তব্য

  1. “পারো যদি ফিরে’ দিও ফেলে আসা দিন,
    তুমিও সামনে এসো বিশেষনহীন।”
    প্রার্থনা করি যাই এই কামনায়
    আবার আসুক ফিরে সেই সোনলী দিন।
    ভাল লাগলে। শুভ কামনা।

  2. শান্ত স্থবির মায়ামাখা চিত্রগুলো দৃশ্যত হলো চোখের সামিয়ানায়। আবার ফিরে পেতে চাই এই সব কিছু যা কিছু আজ স্মৃতিপটে হয়েছে মলিন।

      1. আমাদের সবারই বোধহয় এমনটা হয় ভাই, ফেলে আসা দিনগুলো যখন আর ফিরে পাওয়া সম্ভব না জানি! তখনই বোধ করি স্মৃতীর দূয়ারে বারবার করাঘাত করি।

  3. আমি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে চাই কিন্তু সামাজিক পরিধি আর জীবনযাপনে যে আধুনিকতারর ছোঁয়া লেগেছে সেই গ্রাম্য পরিবেশই এখন আর নেই।

    ভালো লিখেছেন ভাই।

  4. আমাদের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো সময়ের আবর্তে স্মৃতি হয়ে বেঁচে রয় মনের গহীন কোনে, এগুলো মাঝে মাঝে রিমাইন্ডার দিয়ে ব্যর্থ সুখ খুঁজি । খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন

  5. ফিরিয়ে দিও শিরোনামটি শুনে ভাবছিলাম আমার কবি ভাইকি ফিরিয়ে দাও আমার ত্রিশটি বছর বলে উঠে নাকি। হা হা হা।
    আবার আসুক চলে কাটাভাঙা গাঁয়,
    গরুগাড়ী-পালকি বা পাল তোলা নায়।
    গ্রামীন এই সংস্কৃতিগুলি দিন দিন আমাদের প্রজন্মরা হারাতে বসেছে। গরুগাড়ির বদলে চলে এসেছে ব্যাটারী চালিত গাড়ি, পালকি তো হারিয়ে গেছে। আর নৌকায় পালও নেই সেটাও চলে সাইলো ইঞ্জিনে। তারপরও আপনাদের মতন কবিদের কবিতায় শব্দগুলি আমরা এখনও শুনে যাচ্ছি। দারুন লিখেছেন।

  6. কোন কিছু থাকতে আমরা হয়তো সেটা নিয়ে অমন করে ভাবীনা, কিন্তু চলে যাওয়ার পর ফিরে পেতে মনটা আকুলি বিকুলি করে…….কবিতায় ভালোলাগা।

মন্তব্য করুন