রুদ্র রুক্ষতার দিনে

 

লোভাতুর মন নিয়ে ঘরময় পায়চারি করে
কাটিয়ে দেই অলস সময়, আকাশ-পাতাল ভেবে,
কল্পনার হাঁটু-জলে অসম্ভব জেনেও ঝাঁপাতে চাই,
ডুব সাঁতারের কষ্ট-কল্পনা ও করি;
কুয়াশা নেই জেনেও কুয়াশার রঙিন চাদর
মুড়িয়ে গুটিসুটি খেলি;

এই সরাইখানায় কত কাল আছি
থাকবো বা কতকাল কে জানে!
অতি প্রিয় কাফকা ও প্রুস্তুর কথা ভাবি
নিজের মত করে, নিজ মনে,
এ-ও-বা কম কিসে?

আমি তো কুশলীদের কেউ নই,
ছিলাম-ও-না, সাঁতরে পাড়ি দেব মহাকাল
তা তো ভাবি না, ভাবি-নি;

ভাবলেশহীন স্তব্ধতার গাল টিপে দেয়া ঠিক হবে
কী না সে ভাবনাও ভাবি!

রুক্ষ রুদ্রতার এ সময়ে এর থেকে আর বেশী
কি-ই-বা করা যেতে পারে?

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৬২৯জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. আপনি কুশলী না এটা কে বলেছে? সোনেলার কাছে আপনি অ-নে-ক কিছু, মহারাজ। এই-বা কম কিসে। আপাতত ভাবনার রাজ্যে ডুবে থেকে প্রতিদিন একখানা কবিতা উপহার দিয়ে যান। অন্যকিছু ভেবে মন খারাপ করার দরকার নেই। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল

      1. তেমন কিছুই ভেবেছিলাম । যাক অবস্থা এখন ভালো মনে হচ্ছে। সেটাই ডুব সাঁতারে ডুবে ডুবে মুক্ত আনছেন প্রতিদিন । ধন্যবাদ আপনার প্রাপ্য

    1. নাহ্‌, একদম মন খারাপ না, তবে কুশলি-ফুশলী কিচ্ছু না, তবে আমরা এখানে আমরাই।
      আচ্ছা হেভভি ডুবা ডুবি চালাচ্ছি বলেই তো নিত্য হাজিরা দিচ্ছি।
      ভাল থাকবেন।

  2. কালের পথে হেটে যেতে-যেতে
    নক্ষত্র-নদীর ঢেউ গুনে-গুনে,
    সাতরে-উৎরে পাড় হয়ে যায় মহাকালের ধূমকেতু..
    হিসেব কষে, সময়ের বাঁক পেরিয়ে
    ভেসে উঠে দূর আকাশে আপন উজ্জ্বলতায়..

    দারুন একটা ঝাপ দিয়েছেন! এমন করে ভাবনায় ঝাপ দিতে কুশলী না কৌশল জানতে হয়। আর আপনি তো মহারাজ 🙂

    1. এমন করে মন্তব্যের উত্তর দিতে অবশ্যই কৌশল চিবিয়ে খেতে হয়।
      এজন্য আপনাকে কবিতা জ্বি বলি।

      নক্ষত্রেরা থাকুক দূর নীলিমায়
      উজ্জ্বল হাতছানিতে,
      সময়ের বাঁক এড়িয়ে, কুহক এড়িয়ে
      সময়ের গুঞ্জন তুলে, নিজ মহিমায়।

  3. ঘরবন্দী জীবনে এই সময়ে কত কত ইচ্ছে জাগে! দেখা যাবে যখন বাইরে যাবো এসব আর পূরনের কথা মনেই আসবেনা নিত্য ব্যস্ততায়।

    ভালো থাকুন ভাইজান।

  4. ভাবলেশহীন স্তব্ধতার গাল টিপে দেয়া ঠিক হবে
    কী না সে ভাবনাও ভাবি!…….
    ভাবনারা ভাবনার মতো যদি সরব হয়েই ওঠে! তবে প্রার্থনাই হোক সরব। কৌশলের কুশলী যে হতে জানে, ভাবনার হাুটুজলে ডুব সাঁতারে সেই বিজয়ী হতে পারে। আপনি সে ঝাঁপাঝাঁপিতে মহারাজ। আমরা সবাই জানি।

    1. ভাবনাদের নিয়ে এই এক সমস্যা, কিছুতেই লাগাম পড়ানো যায় না,
      দড়ি-ছুট সে হবেই।
      আপনজনের বলায় একটু বাড়াবাড়ি থাকে/থাকবেও।
      সবাইকে নিয়ে নিরাপদে থাকবেন।

  5. আমি তো কুশলীদের কেউ নই,
    ছিলাম-ও-না, সাঁতরে পাড়ি দেব মহাকাল
    তা তো ভাবি না, ভাবি-নি;
    ———এইকথা দিয়েই প্রমাণ করলেন যে আপনি কুশলীদের মধ্যে আপনি দক্ষ।

মন্তব্য করুন