আমি আবার গ্রামে যাবো (গদ্য কবিতা)

আমি আবার গ্রামে যাবো। প্রাইমারিতে ভর্তি হবো।

 

চৈত্র বৈশাখের তপ্ত দুপুরে বাহিরের সূর্যের দাপট বিরাজ করবে আমার ক্লাসরুমেও।

গরমে অতিষ্ঠ হয়ে হেডমাস্টার নিজ থেকেই বলবে যা আজ টিফিন টাইমেই তোদের ছুটি।

মনের আনন্দে রবী ঠাকুরের কবিতার লাইন গুলো পড়তে পড়তে বাড়ি ফিরবো..

কী করি আজ ভেবে না পাই

পথ হারিয়ে কোন বনে যাই,

কোন মাঠে যে ছুটে বেড়াই………

 

আমি আবার গ্রামে যাবো।

 

বইপত্র রেখে এক দৌড়ে পুকুর ঘাটে এসে ডুব সাঁতার খেলবো। সঙ্গী হবে কলাগাছের ভেলা।

ঘন্টাখানেক সাঁতরানোর পর চোঁখ যখন রক্তবর্ণ ধারণ করবে। তখন মায়ের বকুনি খেয়ে উঠে আসবো।

 

আমি আবার গ্রামে যাবো।

 

দুপুরে খাবার খেয়ে, মাদুর হাতে চলে যাবো করুই গাছের নিচে।

প্রকৃতির প্রাণজুড়ানো মৃদু-মন্দ বাতাস অগোচরে এসে ঘুম পাড়িয়ে যাবে পরম প্রশান্তিতে। প্রকৃতির কোমল স্পর্শে খানিকের জন্য মিশে যাবো প্রকৃতিতে।

 

খেলার মাঠের চিৎকার চেঁচামেচি কানে আসার আগে, পাশের বাড়ির গিরিবাজ কবুতর তার প্রণয়ী গুঞ্জরনের মধুর আওয়াজে ভেঙে দিবে আমার ঘুম।

 

আমি আবার গ্রামে যাবো।

 

প্রকৃতিতে যখন সন্ধ্যা নেমে আসবে তার নিজস্ব নিয়মে, তখন সন্ধ্যাদীপে আবৃত্তি করবো আল মাহমুদের ‘গৃহলতা’।

মায়ার মোহে মুগ্ধ আমি

মায়ায় ডুবে থাকি

মায়ার ঘোরে বন্দী আমি

নিজকে বেঁধে রাখি॥

 

আমি আবার গ্রামে যাবো।

 

পূর্ণিমা রাতে চাঁদের আলোয় উঠানে মাদুর পেতে আকাশের তারা গুনবো।

ব্যর্থ হয়ে যখন নিজের উপর বিরক্ত হয়ে পরবো, তখন আবৃত্তি করবো জীবনানন্দের ‘আকাশে চাঁদের আলো’।

আকাশে চাঁদের আলো—উঠোনে চাঁদের……

 

 

ছবি: সংগৃহীত

 

মোট পড়েছেনঃ ১,০৩০জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. সুপ্ত ইচ্ছেগুলো কত সুন্দর করে প্রকাশ করেছেন! আপনার মত করেই বলতে চাই..

    আমি আবার যেতে চাই সেই হারানো দিনগুলোয়, যেখানে আমি আমাকে চিনেছিলাম।

    শুভ কামনা 🌹🌹

  2. ব্যর্থ হয়ে যখন নিজের উপর বিরক্ত হয়ে পরবো, তখন আবৃত্তি করবো জীবনানন্দের ‘আকাশে চাঁদের আলো’।

    আকাশে চাঁদের আলো—উঠোনে চাঁদের……

    আমিও তাই করবো।

    ভালো লাগলো ভাই।

    ধন্যবাদ

    1. আশাকরি একদিন হুট করে গ্রামে চলে যাবেন। কলা গাছ কেটে নিজ হাতে ভেলা বানাবেন। মাদুর পেতে গাছ তলে শুয়ে থাকবেন। ধূলোয় মাখামাখি করবেন। ক্ষণিকের জন্য শিশু হযে যাবেন। শুভকামনা।

  3. অতীতে ফেরার বাসনায় ব্যাকুল প্রাণ। ফিরে পেতে চায় সেই সব ফিলে আসা মুহূর্ত। যান্ত্রিক জীবনের যাঁতাকলে পিষ্ট পরাণ চাইলেই কি আর ফিরে যেতে পারে সেই মধুর সময়ে

    চমৎকার লিখেছেন

  4. মনে হয় এমন কেউ নেই যে কিনা পেছনের দিনে যেতে না চায়। আর যদি হয় স্কুলের সময় তাহলে তো কথা ও নেই। লেখকের সাথে সাথে আমিও আবার প্রাইমারীর সেই ছুটির ঘন্টার সময় ফিরে পেতে চাই। হারিয়ে যেতে চাই।

    1. জানিনা তা সম্ভব কিনা। তারপরেও আপনার জন্য শুভকামনা থাকবে, যেন একদিন হুট করে গ্রামে গিয়ে ধূলোয় মাখামাখি করতে পারেন।

  5. আসলেই গ্রামের মত সুন্দর পরিবেশ শহরে নেই।তবে যাওয়ার স্থানগুলো মনে হয় ক্রমশতঃ সংকীর্ন হয়ে পড়ছে। সুন্দর অনুভুতি।

মন্তব্য করুন