সেদিনের কথা বলি বরং

সেদিনের কথা বলি বরং…..
বকুলের তলায় টুপটাপ বৃষ্টির মত অসংখ্য ঝরা বকুল। শ্রাবণ পেরিয়ে গেছে দু’তিন দিন আগেই।
ভাদরের গুমটি মেঘ থেকে থেকে ঘনকালো। হঠাৎ হঠাৎ রোদ ঝলকায়। অচেনা চাষী আনমনে ক্ষেতের আলপথ ধরে হেঁটে যায়। আঙুলের কড় গুণে হিসেব কষে, আষাঢ় শাওন মিলে মোট ক’দিন বৃষ্টি ঝরেছে? ধানের চারারা ঠিকমত হেসে উঠবে কি তাতে?

সেদিনের কথা বলি বরং…..
যেদিনের কোনো হিসেব নেই হিসেবের খাতায়। চলে গেছে শেষমেশ সে দিনটি। হয়তো সে দিনটি খুব বেশি আনন্দের ছিল, না হয় বেদনার। গেছে চলে সে দিন। চলে যায়। যেমন তেমনভাবে সে দিনটিও চলে যায়। সব দিনের হিসেব থাকে না। সব দিনের হিসেবের প্রয়োজনও নেই।

সেদিনের কথা বলি বরং…..
কাঁটা হয়ে রাতের আঁধারে ভূতের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায় শৈশব। সেসময় সন্ধ্যে পেরোলেই রাত। গভীর রাত। হারিকেনের ঝাপসা কাঁচে পতঙ্গের উৎপাত। তেল ফুরোলেই পিদিমের শিখা নিভে যায় দপ্ করে। সাড়া শব্দহীন নিঝ্ঝুম আশপাশ। তারপর…. রাত পেরিয়েছে কী পেরোয়নি, উনুনের ধোঁয়া মিশে যায় ভোরের কুয়াশায়।

মোট পড়েছেনঃ ৯৪১জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. পুরোনোদিনের অনেক কথাই আমাদের স্মৃতিপটে থেকে যায়। মাঝেমধ্যে মনে হলে প্রশ্ন আসে কত! কিছু স্মৃতি সুন্দর আর কিছু বেদনার।

    স্মৃতিকথন দারুন লেগেছে আপু।

  2. সেদিনের কথা বড্ড মনে পড়ে আজো। শিউলি তলায় ফুল কুড়ানো দিনের কাছে স্মৃতী আছে কত! কেমন যেনো পেছনের দিনের স্মৃতীকথা পড়তে যেমন ভালো লাগে তেমন লিখতেও!!
    প্রতিটি শব্দে আছে কোমলতা, শীতলতার স্পর্শ!
    অনেক অনেক অনেক প্রিতী শুভেচ্ছা জানবেন।

  3. আপনার লেখা পড়ে সেদিনের কথাগুলো ভীষণ মনে পড়ছে। যেদিন আরও দশজন সমবয়সীদের সাথে খেলতাম, দৌড়াতা, একসাথে স্কুলে যেতাম। খুব মনে পড়ে পড়ে গেল৷

  4. সেদিনের কথা বলি বরং
    এতেই ফুটে উঠেছে সেদিনের সময়গুলো ‌‌‌কত স্মৃতিবিজড়িত।
    সেদিনের কথা বলি বরং
    যে দিনগুলোকে হাতের নাগালে ‌‌‌ধরে আনা সম্ভব নয়।

    ভালো লাগলো একান্ত অনুভূতি তবে এটাও কবিতা হতে সম্ভব।

    1. কবিতার মতো করে যা কিছু লিখি, সেগুলোকে কবিতা বলার সাহস আমি পাই না। কারণ কবিতার ব্যকরণ জানি না মোটেই। তবুও মনের খেয়ালে কিছু শব্দ পর পর সাজিয়ে ফেলি মাঝে মাঝে ।
      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

  5. সেদিন গুলো কি আদৌ হারায়? সময়ের ফ্রেমে আটকে থাকে স্মৃতির মণিকোঠায়।
    কবির ভাষায় বলে যাই, দিন গুলো মোর রইলো না, সেইযে আমার নানা রঙের দিন গুলি …
    এদিন টাও একদিন সেদিন হয়ে যায়।

    ভালোবাসা অবিরত বীথি আপু ❤❤

মন্তব্য করুন