বীমার লাভালাভ

তুমি শুধু ফর্দ দেখাও বারংবার।
একপ্রস্থ ভালবাসা কিভাবে দ্বিগুণ হয়
শোনাও সেসব হিসাবের গুণন,
প্রতি কিস্তি চুম্বনে কিভাবে টেনে আনে চক্রবৃদ্ধি সুদ
তুমি শোনাও কেবল সেসব বৃত্তান্ত।

কোন্ ঠোঁটের ছোঁয়া বাড়ায় ঋণের সুদ
কোন স্তনে জমা আছে তৃপ্তির দায়
উরুর ভাঁজে নাসিকা প্রশ্বাস ক্রমশঃ বাড়ায়–
কিভাবে উষ্ণতার হার,
নাভিমূল ছিন্ন করে কোন জমিনে
জেগে ওঠে জন্মসূত্র,
কোন্ জলপ্রপাতে ওঠে প্রসিদ্ধ অঙ্কুরোদ্গম–
লাভালাভ শেখাও সেসব দুর্বোধ্য হিসাবের।

কোথাকার স্পর্শে কুপোকাত বন্দী ব্যাঘ্র
কোন ভালবাসা বাড়ায় আহ্লাদী খতিয়ান
কিংবা কোন বিনিয়োগে প্রবৃদ্ধি কতটা
তুমি দেখাও কেবল সেসব ইতিবৃত্ত।

তুমি কিস্তি বিনিয়োগের ফর্দ দেখাও বারংবার,
তুমি বাড়াও কেবল প্রাপ্তির হিসাব।
কিন্তু আমার ওসবে একটুও আগ্রহ নেই,
কেননা মৃত্যুতেই লেখা থাকে বীমাকৃত সুবিধার নাম
কেবল মৃত্যুতেই লেখা থাকে বীমাকৃত সুবিধার নাম।

মোট পড়েছেনঃ ৮৫৩জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. প্রাপ্তিতার হিসাব নিতে সবাই ব্যাস্ত । ব্যাস্ত কবি পরজনমে হিসাবে। কবিতা কম বুঝি ভাইয়া কিন্তু পড়তে ভাল লাগে। আপনার এ কবিতাটিও পড়েও মন ভরে গেল।

  2. ভালোবাসার পরতে পরতে হিসাবের ডালি সাজিয়ে বসে আছে প্রেয়সী।কবির কি আর ওতো হিসাব নিকাশে কি পোষায়!

    চমৎকার উপস্থাপন

  3. কবিতাটি ভিন্ন মাত্রার। দারুন লাগছে,
    শেষ প্যারায় এসে চুড়ান্ত বাস্তবতা।

    আপনার অনুপস্থিতিতে মিস করেছি আপনাকে।
    ভালো ছিলেন আশাকরি।
    শুভ কামনা।

  4. “কেননা মৃত্যুতেই লেখা থাকে বীমাকৃত সুবিধার নাম”
    এই লাইনেই সব সমাপ্ত হয়ে যায়। লাভ-লস, চাওয়া-পাওয়ার হিসেব ফুরিয়ে যায় এক জায়গাতে এসেই। তবুও মানুষ বাঁচতে চায়,
    তবুও মানুষ স্বপ্ন দেখে,
    তারপরেও থেকে যায় স্মৃতির পাতায় কিছু একটা
    হয়তো তার জন্যেই সময় গুলো বয়ে যায়
    এক সময় হতে অন্য সময়ে..

    কবিতায় অনেক ভালোলাগা রইলো,
    শুভ কামনা 🌹🌹

  5. এমন আইডিয়া নিয়ে যে লেখক লিখতে পারেন তিনিইতো প্রকৃত কবি। সবাই বীমা করে কিন্তু বীমার লাভের মুখ বীমাকারী দেখতে পায়না, দেখেন তার স্বজনরা। বীমা প্রতিনিধি যতই কিছু বোঝাক সে কি একবারও বীমাকারীকে বলে তার মৃত্যতেই এই লাভ সে পাবে?

    দারুণ লেখার জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য ভাই।

  6. লেখার বিষয় আর ধারাবাহিকতার প্রশংসা আগে করতেই হবে।
    ভালো লাগাটা মন থেকে৷ মন ছুয়ে গেছে ভাই।
    কিছু অপ্রিয় সত্য কথার সুন্দর রুপে প্রকাশ দেখে মুগ্ধ আমি।
    অসাধারণ ভাই।

  7. এ যেন সাধারণ কথাগুলির অসাধারণ প্রকাশ
    যেন ভিন্ন কোন ফ্লেভার ছেয়ে আছে পুরোটা লিখায়-

    নতুনত্বে প্রকাশ পেল মনের ভাব- মনের জিজ্ঞাসা

    ভাই অসাধারণ সৃষ্টি

মন্তব্য করুন