জন্মের এই দিনে

প্রতিবার জন্মের এই দিনে এদেশে কোন না কোন বন্ধু চম্‌কে দেয়। চমৎকার এক ডিনারের আয়োজন করে দামী কোন রেস্তোরাঁয়। আলো-আঁধারির ঘোরলাগা এক পরিবেশ। রকমারি সুস্বাদু খাবার। শেষে রেস্তোরাঁয় কর্মরত ইউনিফর্ম পরিহিত’দের কেক এবং ক্যান্ডেল হাতে টেবিলের চারপাশে দাঁড়িয়ে “হ্যাপি বার্থডে” গান গাওয়া __ সবমিলে সে এক অসাধারন ভালোলাগা ময় পরিবেশ ! জানি, আমার প্রতি এটি বন্ধুদের ভালোবাসা’র অংশবিশেষ। 
দেশে আমার মধ্যবিত্ত পরিবারে কখনোই ঘটা করে জন্মদিন পালন করা হয়নি। আর তাই অনভ্যস্ত আমি মনে মনে হিসেব করি। ভালোবেসে এই বিদেশ বিভূঁইয়ে যে এতকিছুর আয়োজন করলো, তাঁর কত ডলার খরচ হলো ! ততো ডলারে কত টাকা হয় ? টাকা এবং ডলারের গুন, ভাগ করি। চোখের সামনে ভেসে উঠে সেই মায়ের ফ্যাকাসে মুখ, যাকে বেইলি রোডে কে এফ সি’র সামনের ফুটপাতে দেখে আঁতকে উঠেছিলাম এইতো সেদিন, শেষবার যখন দেশে গিয়েছিলাম। কোলে এতো ছোট শিশু, যেন একেবারেই সদ্য জন্মানো ! এতটুকুন শিশুটিকে কোলে নিয়ে এমন ধুলো-বালিময় খোলা রাস্তার ধারে বসে থাকা এক মা ! কেবলই খাবারের আশায় !
ক্ষুধার্তের করুন চোখজোড়া আমায় কেবলই তাড়া করে ফিরে খাবারের টেবিলে। ইউনিফর্ম পরিহিতা সোনালি চুলের মেয়েটি যখন স্বচ্ছ কাঁচের গ্লাসের কোক এ দু’টুকরো বরফ দিয়ে যায়, ঢেউ খেলে যাওয়া সেই কোকের মাঝেই ভেসে উঠে অভুক্ত মুখগুলো। আমার আর সে পানীয় গলা বেয়ে নামতে চায় না……
প্রতিবার জন্মের এই দিনে স্বামী উপহার হিসেবে নিজের পছন্দমত কিছু কেনার জন্য অর্থ দিয়ে থাকেন। সেই অর্থটুকু সকলের অগোচরে ব্যয় করি। কিছু মানুষ থাকে, যাঁদের বুকের গহিনে অদম্য ইচ্ছা নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে কিছু করার।  দু’চোখে স্বপ্ন’রা ডানা ঝাঁপটায়, অথচ সামর্থ্য নেই তা বাস্তবায়নের। হেঁটে যেতে চায় জীবনের পথ ধরে অনেকদূর। শুধু একটু হাতটুকু ধরে কিছুদূর এগিয়ে দিলেই একাকি পাড়ি দিতে পারে দুর্গম সব পথ__ এমন কারো জন্যে উৎসর্গ করা হয় আমার উপহারটুকু।
এই যে “হাত ধরে কিছুদূর এগিয়ে দেয়া” কিংবা অনেকগুলো মানুষের সুখী মুখ দেখা __ এর চেয়ে আনন্দের আর কি হতে পারে ?
শো’কেস এ সাজিয়ে রাখা ব্র্যান্ডনেইম ব্যগ কিংবা দিনের পর দিন বাক্সবন্দী হয়ে থাকা গহনা কি আমায় সে আনন্দ দিতে পারে ?
অতঃপর একদিন আমি দেশে গেলে, সেইসব মানুষগুলোর সাথে দেখা হয়। তাঁরা আমায় সাফল্যের গল্প শুনায়। হাতের উল্টোপিঠে চোখ মুছে। ভেজা চোখ। সেই নোনাজল সংক্রামক হয় নিমিষেই। ভেসে বেড়ায় নোনা বাতাসে। সব নোনাজলই তো আর কষ্টের নয়। কখনো কখনো তা আনন্দের, আশীর্বাদের।
শুভকামনা সকলকে…
২৬শে ফেব্রুয়ারি, ২০১৬
নিউইয়র্ক যুক্তরাষ্ট্র
মোট পড়েছেনঃ ৬৪৬জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. অসংখ্য শুভেচ্ছা এ দিনের জন্য, এমন মন নিয়ে চিরজীবী হন এ কামনা সারাক্ষণের।
    একান্ত নিজের উপহার কে বিলিয়ে দেয়া সহজ কাজ নয় মোটেই।
    আপনার এ প্রাণের উচ্ছাস চালু থাকুক ওদের জন্য।

    1. উপহার পাওয়ার মাঝে যে আনন্দ, সেটি ভাল কোন উদ্দেশ্যে বিলিয়ে দেয়ার মাঝে তার চাইতে অনেক বেশি আনন্দ। এ আনন্দ একবার যে পেয়েছে, শুধু সে-ই জানে আর তার স্রষ্টা জানে সে এ কেমন স্বর্গীয় অনুভূতি ।
      ভাল থাকুন, সুস্থ থাকুন। -{@

  2. আপু আবারও জন্মদিনের শুভেচ্ছা। আনন্দের সময়ও যাদের দু্র্ভাগাদের কথা মনে আসে, একান্ত নিজের টুকুও জমিয়ে রাখে ওদের মাঝে বিলিয়ে দেয়ার জন্য এরকম একটা মনের অধিকারীর জন্য সার্বক্ষনিক শুভ কামনা।

  3. আপনার এমন মন মানসিকতাকে সেল্যুট।
    খুব কম মানুষই আছেন, যারা এমন করে ভাবতে পারেন।
    আপনাকে পরিপুর্ন ভাবে বুঝতে পারা যাচ্ছে এই লেখায়।
    আজকের এই দিনে আপনাকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় লেখক।

  4. জন্মদিনকে ঘিরে অনেক অনেক শুভেচ্ছা -{@ -{@ -{@।
    ভোগে নয়, ত্যাগেই সুখ। এ সুখ একবার উপলব্ধি করতে পারলেই অনুভব করা যায় দেয়ার মাঝে কি আনন্দ লুকিয়ে আছে।
    ভালো থাকুন সারাবছর।

    1. ভোগে নয়, ত্যাগেই সুখ __ এ শুধু আমি জানি আর আমার স্রষ্টা জানেন।
      স্বর্গীয় এক অনুভুতি। যে একবার এ আনন্দ পেয়েছে, সে বার বার তা পেতে চাইবে, আমার বিশ্বাস ।
      ভাল থাকুন আপু।

  5. জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপু। -{@
    “কিছু মানুষ থাকে, যাঁদের বুকের গহিনে অদম্য ইচ্ছা নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে কিছু করার। দু’চোখে স্বপ্ন’রা ডানা ঝাঁপটায়, অথচ সামর্থ্য নেই তা বাস্তবায়নের। হেঁটে যেতে চায় জীবনের পথ ধরে অনেকদূর। শুধু একটু হাতটুকু ধরে কিছুদূর এগিয়ে দিলেই একাকি পাড়ি দিতে পারে দুর্গম সব পথ__ এমন কারো জন্যে উৎসর্গ করা হয় আমার উপহারটুকু।”
    নিজের একান্ত উপহার বিলিয়ে দিয়ে কাউকে সামনে এগিয়ে দেয়ার মানসিকতাকে হৃদয়ের গভীরতা থেকে স্যালুট। 🙂

    1. এমন করে আমরা চাইলেই যার যার অবস্থান হতে একটু হাতটুকু ধরে এগিয়ে দিতে পারি পিছিয়ে থাকা মানুষগুলোকে।
      ভাল থাকুন , অনেক ভাল। -{@

  6. শুভ জন্মদিন আপু। সত্যিকারের আনন্দ যে কি, আমরা যদি তা বুঝতে পারি তবেই তা আনন্দের। চমৎকার আবেগময় একটি পোস্ট আপনাকেই মানায়। আপনার এই ভাবনা সবার মধ্যে ছড়িয়ে যাক। শ্রদ্ধা আপনার জন্য হাজারবার। ভালো থাকুন খুব করে আপু।

    1. আমাদের এক একজনের এক একভাবে আনন্দ।
      আমার আনন্দ কিসে, আমার প্রিয় সোনেলা’র বন্ধুদের সাথে শেয়ার করা।
      কেননা, এখান থেকেই আমার পথ চলা শুরু।
      ভাল থাকুন, সুস্থ থাকুন প্রিয় মানুষগুলোকে নিয়ে।

  7. জন্মদিনের শুভেচ্ছা আপু।
    আমার প্রিয় একজন মানুষের মধ্যে তুমি। আর তাই চাই আজীবন ভালো রেখো নিজেকে।
    শুভ জন্মদিন আবারও। -{@

  8. জন্মদিনের শুভেচ্ছা আপু। এমন করে অনেকেই ভাবতে পারে না, যারা পারে তাদের অনেকেই কিছু করতে পারে না। আপনি পারছেন বা করছেন। স্যালুট আপনাকে।
    সৃষ্টিকর্তা আপনাকে মঙ্গল দান করুন।

    1. আমরা সবাইই কম বেশি আশেপাশের মানুষগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এটাই মানবতা। তবে সাধ এবং সাধ্য __ দুটো একসঙ্গে হয়ে উঠে না অনেকেরই।
      ভাল থাকুন আশেপাশের মানুষগুলোকে নিয়ে।

  9. জন্মদিনের শুভেচ্ছা আপু -{@ 🙂 |
    সবাই দেশের জন্য অসহায় মানুষদের জন্য এমন করে ভাবতে পারেনা | যদি পারত তবে পৃথিবীটা বদলে যেত |
    আল্লাহ্‌ আপনার সব ইচ্ছের বাস্তবায়ন ঘটিয়ে দিন এই কামনা রইল |

মন্তব্য করুন