চাঁদের জ্যোৎস্না

 

ঝাঁপিয়ে পড়া বসন্ত কীভাবে আসবে
করোনার আঁচল ডিঙ্গিয়ে,
ভাগ্যিস ওলাওঠায় আক্রান্ত নয় সে, কোকিল ডাকা চৈত্রে;

মনোরম দেহ-ঢেউ তুলে বনে বাদারে আড়ালে-আবডালে
বাজারে মাঠে-ঘাটে প্রাক-সন্ধ্যায় দেখে/দেখিয়ে বেড়ানো
কী করে হবে, করোনার গভীর ঢেউ এই তাপ-দাহের ঘোর চৈত্রে!!
আহা বসন্ত! কচু খাও, এবারের গোমড়া মুখে।

জিপসি মন কড়া নাড়ে, সংলগ্ন অ-সংলগ্ন বন্ধ দরজায়,
বন্ধন ভেঙ্গে আলো-গ্রহের পথে ডেকে, পথের কথা বলে,
নিরঙ্কুশ সত্ত্বার কথা বলে, অনুসরণের পরিচ্ছন্ন অস্তিত্বের
সৈকতে, মহত্বের বালিয়াড়িতে।

অন্তঃসার শূন্যতায় খাঁচায় আঁটকে শীতল একাকীত্বে
বিস্মৃত হতে হতে, অ-ব্যাখ্যাত হৃদয়-উপলব্ধির
নিঃশ্বাস প্রশ্বাসের অন্তরালে, পরিস্নাত হাওয়ায় হেলে-দুলে,
আগামীর এক করোনা-হীন চাঁদ-উজ্জ্বল-জ্যোৎস্নার
স্বপ্ন দেখি, এ বিদায়-বসন্তে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,০১২জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. করোনার সুদূরপ্রসারী অভিভাসন আমাদেরকে সত্যি কোথায় নিয়ে যাবে আন্দাজ করা যায় না। সৃষ্টিকর্তার রহমতের প্রত্যাশায় আমরা সকলেই। যে/যার প্রিয়জনের করোনা হয়েছে শুধু তারাই এর ভয়াবহতা জানে। আর কচিকাঁচার জানালার গ্রীলে আকাশ দেখার ব্যার্থতা ও আর মেনে নেওয়া যাচ্ছে না।

    খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
    আপনার সাথে প্রার্থনায় একাত্ম হয়ে ভালো লাগছে।
    আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।

    1. করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে/নিচ্ছি।
      আমরা শুধু তাঁর কাছেই পানাহ চাই।
      প্রথমেই সুন্দর করে বলার জন্য ধন্যবাদ।
      হ্যা, আমার ‘একটু প্রার্থনা’ লেখাটি পড়ে দেখতে পারেন।

  2. এবারের বসন্ত চলে গেল করোনার আতঙ্কে…..
    জানি না করোনা আমাদের কোথায় নিয়ে যাবে!
    সবাই পরিত্রাণের জন্য তাকিয়ে আছে মহান সৃষ্টিকর্তা দিকে।কবে মুক্তি মিলবে!
    ভালো লিখেছেন ভাইয়া।

  3. হায়রে করোনা! বসন্তের ঝাঁপানোকে ও আটকে দিতে চায়! ভেবেছিলাম এবার মুক্তি মিলবে তা আর হলোনা। জিপসি মনটা চাইলেও এদিক-ওদিক হতে পারছে না। ঈশ্বর আর কবে মুখ তুলে চাইবে? এতো এতো প্রার্থনা, আর্তনাদ তার দরবারে কি পৌঁছায় না? তার দিল কি একটু নরম হয় না? ঈশ্বর সহায় হোন। শুভ রাত্রি

  4. বসন্ত কঁচু খাবে কি, সে নিজেই এবার মস্ত এক কাঁচকলা দিয়ে গেছে। আর-বার বসন্তেরা এসেছিলো আঁচলে বৈশাখী ঝড় নিয়ে, সাথে টালমাটাল শিলাবৃষ্টি। এবারের চৈত্র দহনে সে নিজেই চৌচির। আচ্ছা, বসন্ত কি করোনার ভ্যাক্সিন নিয়েছিলো মহারাজ?

    1. অপয়া বসন্তকে ভ্যাক্সিন দিয়েও সোজা করা যাচ্ছে না।
      সুবিধে করতে না পেরে তড়পাচ্ছে শিওর।
      শান দিতে থাকুক আগামীর জন্য, এই ফাঁকে আমরা একটু খোলামকুচির উৎসব সেরে ফেলি।
      কিন্তু সেখানে ও তো করোনা -ভয়।
      ধন্যবাদ, ভাল থাকুন এই লকডাউনে।

  5. স্বপ্ন দেখতে দেখতেই চলে গেলো যেন দীর্ঘ সময়ে
    বিপদ বেড়েই চলেছে, কমছে না।
    বিবর্ণ চলনের পথ বড়ই অচেনা।
    আন্তরিক শুভ কামনা জানবেন সতত।

  6. বসন্তের বাতাসে আজ আর হৃদয়ে শিহরণ জাগেনা | প্রিয়জনের মঙ্গল কামনায় অস্থির চিত্ত | বসন্ত নিয়ে ভাবনার সময় কোথায় | জানিনা আর কত পূর্ণিমা কেটে যাবে বিরহ বাতাসে |

মন্তব্য করুন