উদাসী দুপুর

– কি নাম তোর?

= নুরনাহার বেগম

– এ্যাহ! এত্ত বড়ো নাম! এই নাম ধরে যতক্ষণ ধরে ডাকবো, ততোক্ষণে আমার কাজ আমিই করে ফেলবো। শোন, আজ থেকে তোর নাম নুড়ি। মনে থাকবে?

প্রায় এক সপ্তাহ হলো এই নতুন বাসায় কাজ নিয়েছে নুড়ি। প্রথম যেদিন কাজ করতে এসেছিলো সেদিনই তার বাপ-মায়ের দেয়া নাম বদলে ফেলা হলো। সে কিছুটা কষ্ট পেয়েছিলো, কিন্তু কিছু বলতে পারেনি।

গরীব মানুষের নাম নিয়ে অতো আবেগী হলে চলে না, এটা তাকে পরিচিত অন্য বাড়ির আরেক গৃহ-পরিচারিকা বলেছিলো। তার নাম ফাতেমা, তাকে নাকি ঐ বাড়ির সবাই ফাতু নামে ডাকে।

এভাবেই পাঁচ/ছয়দিন কেটে গেলো। বাসায় শুধু ম্যাডাম থাকে। তার হাজব্যান্ডকে মাত্র একদিন রাতে বাড়িতে আসতে দেখেছিলো। এছাড়া কোনো মেহমান অতিথি কেউ আসে না এ বাসায়। ফাতুর কাছে শুনেছে, ম্যাডাম নাকি তার আগের সন্তান-সংসার ফেলে এই বিয়ে করেছে। স্যারেরও আরেকটা ফ্যামিলি আছে।

ম্যাডাম আজ দুপুরেও নুড়িকে অনেক খাবার খেতে দিয়েছে। ম্যাডাম রোজ অনেক রান্না করে। স্যার প্রতিদিন ফোন করে জানায় সে দুপুরে খেতে আসবেন। কিন্তু সে আর আসে না। ম্যাডাম অনেক শখের রান্না করা খাবার গুলো তাকে দিয়ে দেয়। আর মুখে বলে এগুলো তুই নিয়ে যা, আমি খাবো না। আজ মনটা উদাস হয়ে আছে। আজকের দুপুরটা উদাসী দুপুর। তারপর বারান্দায় গিয়ে গুনগুন করে গান গাইতে থাকে।

নুড়ি এসব কথা বুঝতে পারে না। সে ক্ষুধার্ত হাতে গরম ভাতের সাথে নুন-তরকারী মেখে খাওয়া শুরু করে। খেতে খেতে ভাবে,

– দুপুর আবার উদাসী হয় নাকি! উদাস হয় মানুষের মন। তাও পেটের জ্বালায় । পেট ভরে খেয়ে একটু ঘুম দিলেই তো মনটা এক নিমিষেই ভালো হয়ে যায়…

মোট পড়েছেনঃ ২,৩৪০জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. দুপুর আবার উদাস হয় নাকি! উদাস হয় মানুষের মন। তাও পেটের জ্বালায়।পেট ভরে খেয়ে একটু ঘুম দিলেই তো মনটা এক নিমিষেই ভালো হয়ে যায়…

  2. হুম গরীবের পেটপূজা সবচেয়ে বড় পূজা। ক্ষুধা নিবারণেই তারা সুখ খুঁজে পায়। তাদের কাছে একাকী বিকেল,উদাসী দুপুর, জ্যোৎস্না বিলাস বড়লোকের আয়েসী জীবনের অংশমাত্র। শুভ কামনা রইলো আপনার জন্য।

  3. গরীবদের নাম নিয়ে অত আবেগী হলে চলেনা, তাদের ন্যায় অন্যায় বোধ থাকতে নেই, তাদের ভালোবাসা পেতে নেই।সব ক্ষেত্রেই তাদের নেই না সূচক কথাটা অগ্যগন্য।

    তাদের চিন্তাভাবনা কতটা সহজ, হারভাঙ্গা খাটুনি শেষে পেটপুরে খেতে দিলেই সুখ আর সুখ। কিছু নির্দয় মানুষ এতটুকুতেও কার্পন্য করে।

    সত্যি, অল্প লেখায় কতটা গভীর বোধের প্রকাশ করেছেন তা বলে বোঝায় দায় সাবিনা আপু।।

  4. দুপুর আবার উদাসী হয় নাকি! উদাস হয় মানুষের মন। তাও পেটের জ্বালায় । পেট ভরে খেয়ে একটু ঘুম দিলেই তো মনটা এক নিমিষেই ভালো হয়ে যায়…

    অভুক্ত ফাতুর কাছে ঐ কথা গুলো সঠিক হলেও। পেট পুরে খেতে পাওয়া সুখে থাকা দুঃখ বিলাসী মানুষ গুলো দুপুরই উদাসী হয়।

  5. উদাসী দুপুর নামটির স্বার্থক হয়েছে আপনার লেখায়। এরকম কত নুরীর নাম পালটিয়ে ফেলতে হচ্ছে! পেটের ক্ষুধা মেটাতে সেই নাম ধাম পরিবর্তন কোন বিষয়ই নয় তাদের কাছে।

    উদাস দুপুর মনে করিয়ে দেয় সুখ! সেতো পদ্ম পাতার জল।

    ভালো থাকবেন আপু।

মন্তব্য করুন