অচেনার আলেয়া-সীমান্ত

 

সুদীর্ঘ নীরব-নির্জনতা নিয়ে, প্রবল গ্রীষ্মের
করোনাকালে, দুঃখী-দুঃখী লোকালয়ে থেকে
একটু দূরত্বে, জল পতনের শব্দে-শব্দে বয়ে যাওয়া
প্রমত্ত উচ্ছলতার নদী-তীর খুঁজি;

চৈতন্য জুড়ে শুধুই স্ফটিক-জল-কেলি, জোনাকির
আলোয় সুয়ো-দুয়োরানীর স্বপ্ন রাত;
বৈরী হাওয়ায় নিরঙ্কুশ নাভিশ্বাস, ঘুণে পোকাদের বাসা,
শিকড়ে শিকড়ে সংক্রামিত শব্দহীন দুরারোগ্য পাপ;

অরণ্য ফিরে ফিরে যাচ্ছে দূর অরণ্যে,
প্রতীক্ষায় সবুজ বাতাস, প্রজাপতি-চোখের দীপ্র উৎসব,
সুগন্ধি রাত্রি, অজান্তে হারিয়ে যাচ্ছে বিশীর্ণ শ্রান্তির জনপদে;

আয়ুরা হারিয়ে/ফুরিয়ে যাচ্ছে বন্ধ্যা স্বপ্নে স্বপ্নে,
বিভেদের শৃঙ্খলিত হৃদয়-মানচিত্রে, অচেনার আলেয়া-সীমান্তে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,০১৫জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

    1. লেখকেরা এই গ্রহের ই বাসিন্দা, জীবন পণ করে বেঁচে থাকে।
      অবশ্য কেউ কেউ নিত্য নূতনের ভাবনায় থাকে।
      অবশ্য কেউ কেউ মানসা, লু সাসা, রুবায়ায় ও থাকে!!!
      আপনি ভাল থাকবেন।

  1. আসলে মনের মধ্যে জল পতনের শব্দ শুনতে পেলুম,
    মহামারীর এই ক্রান্তিকালীন সময়ে বুঝতে পারছি প্রকৃতির শ্বাসকষ্ট হচ্ছিল এতোকাল, এবার কী প্রাণভরে শ্বাস নেবে আর আমাদের চিরচেনা সবুজের সমারোহে ডেকে নেবে?
    আশা নৈরাশ্যের দোলাচলে দিন কেটে যাচ্ছে /যায়।
    অচেনা আলেয়ার সীমান্তই বটে।

    1. আশা-নিরাশার দোলাচল নিয়েই আমাদের জীবন,
      শুধুই অসহায়ত্ব আমাদের হৃদয় জুড়ে। সে এক আলেয়া সবার জন্য।
      ভাল থাকবেন।
      লেখা পাচ্ছি না তো।

  2. ক্লান্তিতে নুয়ে পড়া পৃথিবী ভাবনা নিয়ে বসেছে-আর কত ঠাঁয় ভর দিয়ে পাহারা দিয়ে যাব নিস্কলুষ বাতাসের আসা যাওয়া!
    রোদেরও ক্লান্তি পায়
    ভারী হয়ে ওঠা নির্জনতার স্তব্ধ নদীতটে।
    জমে ওঠা মেঘে ডঙ্কাবাহী
    মিথেনের রহস্যজনক উপস্থিতী জোড়ালো শিঙ্গা বেজে ওঠার আতংকিত ভাসাভাসি;
    তবু এ মানবজনম আশা জমিয়ে রাখছি
    একদিন মিশে যাব অচেনা আলোর হাতছানীর ডাকে……

    1. শীতল জলের গভীরে নদী বয়
      অরক্ষিত থাকে বানভাসি
      ধুকপুক করা বুকে তবু খোঁজে
      একটুখানি নীলাকাশ।

      সুন্দর মন্তব্যের জন্য বিলম্বিত শুভেচ্ছা।
      ভাল থাকুন।

  3. করোনা অনেক অনেক কিছু কেড়ে নিচ্ছে, আয়ু কমে যাচ্ছে , দুর্বিষহ হয়ে উঠেছে স্বপ্ন গুলো, কঠিন বাস্তবতা দেখতে পাচ্ছি। তবুও বেঁচে আছি যতক্ষণ , আশ ততক্ষণ। সাবধানে থাকুন।

মন্তব্য করুন