স্বপ্নের ডানা মেলা

 

ক্ষীণ বাতাসে মিলিয়ে যায়/যাচ্ছে,
মুহূর্তে মুহূর্তে, মুহূর্তের ভ্রান্তিতে,
কাচ-ভঙ্গুর বিশ্বাসগুলো ফিরে এসে
জানলায় উঁকি দেয়;
ফিরে আসে স্বভূমিতে আবার-ও ভ্রান্তির মত;

আত্মস্থ মুহূর্তগুলো অস্থিরতা বয়ে আনে,
বিমুগ্ধতা না;
বুক পকেটে লিখে রাখা স্বপ্নগুলো থমকে দাঁড়ায়
ভারী বর্ষণ উপেক্ষায় রেখে, শুরু করে পথচলা
আলোক-রেখা বরাবর;

রুদ্ধশ্বাস আলোড়ন পেছনে ফেলে
স্বপ্নেরা আবার ডানা মেলে দীঘল মিছিলে,
হারিয়ে ফেলা গোধূলির রক্তিম বিস্তারে।

ছবি, সাবিনা ইয়াসমিন

মোট পড়েছেনঃ ১,১৩২জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. বিশ্বাস ভেঙ্গে গেলে তা যে আর জোড়া লাগেনা, যতই আকুতি করুক ভ্রান্তি তো থাকবেই। থমকে যাওয়া স্বপ্নরা ডানা মেলে দিক, স্বপ্ন নিয়েই বাঁচি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

      1. “যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই ;পাইলেও পাইতে পারো অমূল্য রতন” – তাই আস্তা-খাস্তা স্বপ্ন থেকেই বের হবে অমূল্য কাব্য, কবিতা। ভালো থাকুন

    1. রবার রেসিপি আমাদের সবার জন্য উন্মুক্ত করে দিন কবি,
      খাওয়া-খাওয়ি করি! জাতি এমন রন্ধককেই খুঁজছে!
      ভাল থেকে দ্রুত ব্যবস্থাদি নিন।

  2. “রুদ্ধশ্বাস আলোড়ন পেছনে ফেলে
    স্বপ্নেরা আবার ডানা মেলে দীঘল মিছিলে,
    হারিয়ে ফেলা গোধূলির রক্তিম বিস্তারে।”
    স্বপ্নরা উঁকি মারে স্মৃতির গভীরে।
    মিষ্টি একখান কবিতা
    দিলেন ভাই ফাটাইয়া।
    শুভ কামনা।

    1. আমার ভাই এত্তদিনে ফাটাফাটিতে অংশ গ্রহন করতে পেরেছে
      দেখে খুব-ই আনন্দিত হচ্ছি, আটখানাও হতে পারে।
      লেখা পাচ্ছি না কিন্তু।
      ভাল থাকুন।

  3. একবার বিশ্বাস ভেঙ্গে গেলে পুনরায় তা প্রতিষ্ঠা হতে সময় লেগেই যায় ভাইয়া। তারপরের আশা নিয়ে এগিয়ে যেতে হয়। মানুষতো আমরা।

    ভালো থাকুন ভাইয়া।

  4. হারিয়ে ফেলা রক্তিম গোধূলি
    এখন বড্ড ফ্যাকাশে আর বিভৎস ধূসর
    ধূসর গোধূলির আভায়
    স্বপ্নেরা কি আর ডানা মেলে উড়তে পারে
    ফিরতে পারে কি স্ব-মহিমায়?

    কাঁচের মত টুকরো টুকরো করে
    ভেঙ্গে যাওয়া বিশ্বাস ফিরে এলেও
    অজস্র ক্ষত চিহ্ন নিয়ে আসে
    রঙহীন ধূসর স্বপ্ন ফিরে এসে
    আর কীইবা করবে এই শেষ বেলায়!!

    1. ফিরে পাওয়া ফিরে আসা এই দু’এর সমন্বয় সম্ভব কী না কে জানে।
      তবুও মানুষেরা স্বপ্ন দেখে স্বপ্ন আঁকে, বেঁচে যাবে এই আশায়।
      সুন্দর করে আপনি সবসময়-ই বলেন।
      অনেক ভাল থাকা আসুক, আপনার জন্য।

  5. ইচ্ছে করে, স্বপ্ন গুলো উড়িয়ে দেই পাখির ডানায়,
    টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পরুক সবুজের প্রান্তরে,
    কিছু লেগে থাকবে আকাশের নীলে
    কিছু গিয়ে মিশে যাবে দুরন্ত নদীতে,
    কিছু স্বপ্ন ত্প্ত হয়ে ফুটতে থাকবে আগ্নেয়গিরির প্রবল আক্রোশে,
    কিছু স্বপ্ন বয়ে যাবে পাহাড়ি ঢলে..

    গুটিকয়েক স্বপ্ন টুপটাপ ঝরে পড়বে
    খসে যাওয়া পাখির পালকের মতো,
    বাতাসে ভেসে যাওয়া শিমুল তুলার রেণু হয়ে,
    আটকে থাকবে কোন অ্যাপাচি যোদ্ধার তীক্ষ বর্শা-ফলায়।

    কিছু স্বপ্ন স্বীকারোক্তি হয়ে জড়িয়ে থাকবে পাখির উষ্ণ দেহে
    মায়ায়-ছোঁয়ায়- আকড়ে রাখবে আমৃত্যু ভালোবাসায়..।

    1. স্বপ্নেরা থাকে স্বপ্ন ডানায়
      বিশ্বাসগুলো গড়িয়ে যায় নিরুদ্দেশ-অজানায়,
      প্রত্যাহিক হেলা-ফেলায়, জানি না কোথায় হারায়,
      তবুও পাখ-পাখালিরা সাঁতার কাটে নীলের আকাশে;

      নিরাপদে থাকুন, লিখে-টিখে!

মন্তব্য করুন