অন্বেষণ

একদিন হয়তো আমায় ভেবে
দু’ফোঁটা জল জমবে চোখের কার্নিশে,
হয়তো অহংকারের বাঁধ ভেঙে সেই জল
কপোল ছুঁয়ে বুকের বাম পাশের কূয়োতে জমবে;
কূয়োর উপচে পড়া জল হয়তো সেদিন
আমাকে পাওয়ার আকুলতা বাড়িয়ে দেবে।
ভাসিয়ে নিয়ে যাবে যেদিন তোমায় মৃত্যুর কিনারায়,
আমাকে একনজর দেখার আক্ষেপে পুড়বে অন্তিম সময়ে।

হয়তো আমাকে কিছু বলতে চাইবে,
নয়তো ফিরিয়ে দেয়া ভালোবাসা ফিরে পেতে চাইবে।
হয়তো সেদিন খুঁজবে আমায় সমীরণ স্পর্শে,
বুনোফুলের মনমাতানো গন্ধে;
নয়তো খুঁজবে নদীর টলমলে স্রোতধারায়,
সন্ধ্যা-রাতের তারার মেলায়,
পাখির কূজনে, বৃষ্টির শ্রাবন-ধারায়।

সেদিন আমি হয়তো থাকবো তোমা হতে
যোজন যোজন দূরে কোন এক নির্জনে,
অচেনা কোন ঠিকানায়;
নয়তো দেহভস্ম মিশে রবে অন্ধকার মাটির বিছানায়,
আমার আত্না হয়তো ওপারে তোমার কষ্টে
আর্তনাদ করবে, হাহাকার করবে;
তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসার চাদরে মুড়িয়ে দিতে চাইবে,
ওপার থেকে ফিরে আসার ব্যাকুলতায় ছটফট করবে,
কূয়োর সব জল অধরের ছোঁয়ায় চুষে নিতে চাইবে।

মোট পড়েছেনঃ ৯১৫জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. অসাধারন দিদি ভাই।
    সত্যি পড়ে মুগ্ধ হলাম আপনার মনের মাধুরি দিয়ে চমৎকার লেখাটা হৃদয় ছুঁয়ে গেল।

    ভালো থাকুন
    শুভ কামনা রইল দিদি ভাই।

    1. হা হা হা। দূরে কি আর সাধে গেল? ফিরিয়ে দিল যে। কাছে থাকলে তো বুঝা যায় না ভালোবাসার গভীরতা। ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা ভাইয়া

  2. কবে কে আসবে সেটা এখনই না ভেবে বর্তমান নিয়েই থাকুন আপু। জানেনতো আজকের দিন ভালো গেলে আগামীকাল সুন্দর একটি দিন আবারও দেখবেন।

    শুভকামনা সবসময়।

  3. ফিরিয়ে দেয়া ভালবাসায় হারানোর এই উপলব্ধির সুন্দর প্রকাশ।ফিরিয়ে না দিলে হয়তো এত যোজন যোজন দূরত্ব তৈরি হত না দু’জনার।
    ভালো লাগল,শুভ কামনা,দিদি।

  4. ওপার থেকে ফিরে আসার ব্যাকুলতায় ছটফট করবে,
    কূয়োর সব জল অধরের ছোঁয়ায় চুষে নিতে চাইবে।

    বাক্য দুটি দারুন হয়েছে দিদিভাই।

  5. সেদিন আমি থাকি বা না থাকি
    তবুও চাই আসুক সেদিন
    বুঝুক অবজ্ঞা/অবহেলার ফল
    কতো কত্তো ভয়াবহ যন্ত্রণার

    দারুণ লিখেছেন দিদি

  6. একদিন হয়তো আমায় ভেবে
    দু’ফোঁটা জল জমবে চোখের কার্নিশে,
    হয়তো অহংকারের বাঁধ ভেঙে সেই জল
    কপোল ছুঁয়ে বুকের বাম পাশের কূয়োতে জমবে;

    হতেও পারে! যেদিন আমি হারিয়ে যাবো।
    কবিতা পড়ে নিজের আপনজনদের কথাই ভাবছি!
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দিদি।

    1. এমন ঘটনা সবার জন্যই হয় । কারন যে চলে যায় তার আত্না আপনজন, প্রিয়জনদের জন্য সবসময়ই কাঁদে। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন

  7. ফিরিয়ে দেয়ার পর এমন কিছু কি আসলেই মনে হবে? যে ফিরে যায়/ ফিরিয়ে দেয়, সেতো ভুলে যাবার জন্যেই চলে যায়।
    ভালো লেগেছে কবিতা,
    শুভ কামনা 🌹🌹

    1. আপু কেউ কেউ অনুশোচনায় ভুগে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। একবার দেখার জন্য, কথা বলার জন্য আজো কাঁদে। ধন্যবাদ আপু ভালো থাকবেন।

মন্তব্য করুন