জন্ম রাতের অনুভূতি

দিন তারিখ অনুযায়ী আজ আমার জন্মদিনের প্রথম রাত। কত বছর আগে জন্মে ছিলাম তা আজ বলতে চাচ্ছি না। মেয়েদের বয়স আর ওজন আলোচনার বিষয়ে আনতে হয় না। যেদিন জন্মেছিলাম সেদিন ছিলো বৃহস্পতিবার। সকাল আটটায়। শুনেছি আমার বাবা সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। আমার দাদী মারা গিয়েছিলেন বাবা আর ফুপুর শৈশবে। আমি পৃথিবীতে যেদিন এসেছি, বাবার বদ্ধমুল ধারণা ছিলো তার মা ফিরে এসেছেন আমার রূপ ধরে। যদিও তিনি আমাকে মা কম খালা ডাকেন বেশি। জিজ্ঞেস করলে বলতেন, আপনি আমার খালার মত সুন্দর এবং চড়া মেজাজি, তাই খালা ডাকি !

জন্মের প্রথম রাতে কি ঘুমিয়েছিলাম? মা বলেন ঘুমিয়েছি, বাবা বলেন একদম ঘুমাইনি! আসলে কি করেছিলাম আমারও মনে নেই। কত্তো ছোট ছিলাম! মনে থাকবে কেন!

প্রতি বছর জন্মদিনের আগের রাত, জন্মদিন আর জন্মদিনের রাতে আমার কিছু একটা হয়। ঘুম আসে না। এক অদ্ভুদ আনন্দ-বিষাদে সময় কাটতে থাকে। সময়ের সাথে সাথে জন্মদিনের আনন্দ, উপহার, শুভেচ্ছা আর সারপ্রাইজের নানা রদ-বদল হতে দেখেছি, দেখছি। প্রথম সারপ্রাইজটা পেয়েছিলাম দশ বছর বয়সে। এক বান্ধবীর ফুফু দিয়েছিলেন। এক প্যাকেট চানাচুর, আর একটা ছোট্ট কেক হাতে দিয়ে বলেছিলেন শুভ জন্মদিন….( পারিবারিক নাম)। দোয়া করি অনেক বড় হও। তারপর থেকে জীবনে অনেকবার অনেকরকম সারপ্রাইজ/প্রাইজ পেয়েছি। কিন্তু সেদিনের ঐ স্মৃতি এখনো মনে চির উজ্জ্বল হয়ে আছে।

প্রতিবছর জন্মদিনে আমার মা আমার জন্যে নানারকম খাবার রান্না করেন। যা যা খেতে পছন্দ করি সব। কচু শাক, ইলিশ মাছ, সজনেডাঁটা, পোলাও কত কিছু। সব ঠিকমতো খেতেও পারিনা। আর ডিম। ওটা তিনি আমার জন্যে রাখবেনই। আজও অনেক কিছু রান্না করেছেন, আমাকে খাওয়াতে। কিন্তু তার মন ভরেনি। আগামীকাল আরো ব্যাপক রাঁধবেন বলে ঘোষনা দিয়েছেন। শুধু তাই নয়, আজ আমাকে তার সাথেই রেখেছেন। যেন সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ভোজ পর্যন্ত একটাও মিস না করি এই জন্যে। জন্মদিনে মায়ের আনন্দ অনুভূতি আমি উপলব্ধি করি। কারণ, আজ আমি নিজেও মা। আমার যেমন জন্ম হয়েছিলো সন্তান হিসেবে, তেমনি আমার মায়েরও জন্ম হয়েছিলো মা হিসেবে। আজ আমাদের দুজনেরই জন্মদিন-রাত। ভিন্নরূপে, ভিন্নভাবে।

“মা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি ”

বছরখানেক আগেও জন্মদিনে কেক কাটতাম একটা। গত পাঁচ/ছয় বছর হলো কেক কাটতে হচ্ছে দুটো করে। একটা মা,ভাইবোনের পক্ষ থেকে। আরেকটা মেয়েদের পক্ষ থেকে। মাতো মা ই ছিলো, আছে, দেখতে দেখতে মেয়েগুলোও মা হয়ে গেছে!

সোনেলা ব্লগ আমার আরেকটি পরিবার। আমার হাসি-আনন্দে ভরা সোনালী জগৎ। এখানে এসে পেয়েছি সহ ব্লগারদের অকৃত্রিম ভালোবাসা,স্নেহ-মমতা ,সহযোগিতা। আজ জন্মদিনে তাদের দেয়া নানারুপ শুভেচ্ছায় মুগ্ধতা প্রকাশ করার ভাষা হারিয়ে গেছে। এর কোন প্রতিদান-প্রতিউত্তর হয়না। নির্মল ভালোবাসার প্রতিদান দেয়া যায়না।

প্রাণপ্রিয় দুইবোন, মা-বাবা,ভাই-ভাবি,স্বামী ,পরিবার-পরিজন,অগুনতি শুভাকাঙ্ক্ষী, আর নির্মল নিঃস্বার্থ বন্ধু-স্বজনদের নিয়ে জন্মদিন কাটাই সুখে-দুঃখে। সবার অফুরান ভালোবাসা, আশির্বাদ, শুভকামনায় সিক্ত হয়ে দিনটা দিনের মতোই পার হয়ে যায়। আগামী বছর কি করবো, কোথায় থাকবো জানিনা। ভালো থাকুক সবাই। সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করি তিনি যেন আমার প্রিয়জনদের সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখেন।

মোট পড়েছেনঃ ২,২৯৩জন আজ পড়েছেনঃ ০জন

৩৯টি মন্তব্য

  1. জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনি আজীবন সবার ভালোবাসায় সিক্ত থাকুন, হাসি খুশিতে বাবা মায়ের ছোট্ট মেয়েটি হয়ে থাকুন এই দোয়া করি।

  2. শুভ্চ্ছা । তোমার জন্মদিনে তোমার একটি সুন্দর ছবি দিয়েছো প্রফাইল পিক করে । এটি তোমার জন্মদিনে আমার পাওয়া উপহার । তোমাকে দেখার শখ মিটলো যে !!
    ভালো তাকে মিষ্টি কন্যা ।

  3. ভালোবাসা, আদোর,শ্নেহ, শ্রদ্ধা -ম্মান নিয়ে সবার মাঝে আলোকিত মানুষ হয়ে বেঁচে থাকুন।আমাদের পাশে থাকুন বটবৃক্ষের ন্যায় প্রিয় আপু।শুভকামনা।

  4. দিদি ঠিকঠাক সময় উইশ করতে পারিনি বলে লজ্জিত! তবে এখন বড় করে মন থেকে দোয়া করে দিচ্ছি। অনেক দিন বেঁচে থাকো আর আমাদের মাঝে সুন্দর সুন্দর লেখা উপহার দাও। শুভ জন্মদিন দিভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়।

    1. এমন শুভেচ্ছার কি উত্তর দেয়া যায় ভাবছি !! এত আন্তরিকতা ছোঁয়া দিয়ে উইশ করলেন যে, অভিযোগ মনে রাখার জায়গাই নেই।

      খুব ভালো থাকুন। শুভ কামনা অবিরত 💐💐

  5. নিজের জন্মদিনের তুমুল-সুন্দর বর্ণনাময় লেখা পড়ে ভালই লাগল।
    নিজের ঢোলক আসলে এভাবেই তাল লয় ঠিক রেখে ঠিক করে বাজাতে হয়। আপনি তা পেরেছেন।
    এত সুন্দর লেখায় যে করে মন্তব্য লিখব বুঝতে পারছি না।
    তবে “সোনেলা ব্লগ আমার আরেকটি পরিবার” এই কথাটি একটু ইয়ে মতন হয়ে গেল না!!
    টেঁস খাবার গুল সব একাই খেলেন!!

  6. জন্মদিনের শুভেচ্ছা জানবেন। পারিবারিকভাবে জন্মদিন পালন করা সে ছোটখাটো হলেও আত্মতৃপ্তি আসে মনে। আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো আপু।

    শুভকামনা জানবেন।

    1. ঠিক বলেছেন তৌহিদ ভাই। পরিবার, আপনজনদের সাথে কাটানো যেকনো মুহুর্তই উপভোগ্য হয়। সোনেলা ব্লগ পরিবার থেকেও একই রকম আন্তরিকতা আর সহমর্মিতা পাই।

      অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, শুভ কামনা 💐💐

  7. যেদিন জন্মেছিলেন সেদিন ছিলো বৃহস্পতিবার, গতদিনও ছিল বৃহস্পতিবার।
    নিজের জন্মদিন সম্পর্কে আপনার মনের অনুভুতি সুন্দর ভাবেই প্রকাশ করেছেন,
    জন্ম হল দিনে, আর লিখলেন জন্ম রাত,
    অনুভুতি তো রাত আর দিন দুটোরই প্রকাশ করেছেন, দিন টা দোষ করলো কি?

    কেক দুটো পাশাপাশি দিয়েই আসলে অনেক কিছু বলা হয়ে গিয়েছে,
    একটি কেকে আপনি একটি পরিবারের মেয়ে,
    অন্য কেকে আপনি একটি পরিবারের মা।

    মা এর প্রথম সন্তান জন্ম নেয়ার সাথে সাথেই আসলে দুটো জন্মদিন হয়,
    একটি সন্তানের অন্যটি মা হওয়ার জন্মদিন।

    সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন সারাক্ষণ আপনাকে সবার ভালোবাসার মাঝে রাখেন।
    শুভ হোক আপনার জন্মদিন।

    1. জন্ম থেকে আমার জীবনে যত ঘটনা/ দুর্ঘটনা ঘটেছে ,,, সব এই বৃহস্পতিবারে। তাই এই দিনটি নিয়ে আমি বিশেষ কিছু বলিনা।

      ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন। শুভ কামনা

  8. আপনার জন্ম দিনে অনেক অনেক শুভেচ্ছা, আপনার ঘটা করে জন্মদিন পালনে এখন ইচ্ছে করছে আমারও পালন করি। আমার ছেলেদের জন্মদিনগুলো পালন হয় ঠিক ঠাক মতো কিন্তু আমারটা হয় না 🙁

    1. তাই! ঠিক আছে আপনার প্রোফাইলে তারিখটা এড করে দিন। হয়তো ঘটা করে পালন করতে পারবো না, তবে ব্লগে আপনার জন্মদিন আমরা পালণ করবো 🙂

মন্তব্য করুন