কবিদের শহরে

রুক্ষ-শুষ্ক ইটপাথরের শহর ছেড়ে
সাতসমুদ্র তের নদীর এপারে
বিজন সবুজের মোহমায়ায় ঘেরা
সোনালু ক্ষেতের আলঘেঁষে মেঠোপথ মাড়িয়ে
আমি আজ কবিদের শহরে এসেছি।

কবিতার ভিড়ে অকবিতার মায়াজালে
নিবিষ্টতার আশ্রয়ে সংযমী কৃচ্ছ্রসাধন কল্পনায়,
অহর্নিশি লিখে চলা ডায়েরির প্রতিটি পাতায়
ফুটিয়ে তোলা প্রেমদাস কাব্যকথাতে
এখন মন ভরেনা ভক্ত-পাঠক কারোরেই।

দম বন্ধ করা নিঃশ্বাসের পরিত্রাহি বার্তা
ক্ষণেক্ষণে উত্তরবাতাসের হিমশীতল আবরণে
কানেকানে বলে- তুমিতো কবি নও, তবে কেন?
কেন এই হাহাকার! বেদনাব্যঞ্জক সুরের মূর্ছনা?
এসবের উত্তর জানা নেই আমার।

তপ্ত বালিয়াড়ির বুকে লেখা কবিতা
মুছে গিয়েছে মরুঝড়ের আবডালে।
শুধু জানি, শিরোনামে যে নাম লিখেছিলেম
কবিদের শহরে প্রতিলিপি অঙ্কন করে রেখেছে
নাম-ঠিকানাবিহীন এপারেরই কোন কবি।

সমতলের উপরবিন্দুতে আঁটবেধে শেকড় গাড়া
ঘর্মাক্তকলেবরে হাতছানির আঁচল বিছানো
কবিদের শহুরে পথ- সেতো ধুম্রজালিকা!

মোট পড়েছেনঃ ১,০০০জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. কবিদের শহরে আপনাকে সুস্বাগতম 😍😍। অসাধারণ, অনবদ্য লেখনী। আপনি সবসময় সব লেখাই চমৎকার লিখেন। আপনার চমৎকার শব্দবুননে, কাব্য গাঁথুনীতে কবিতা হয়ে উঠে অনবদ্য। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. অস্থির মনে কোন শব্দই আবদ্ধ হতে চায় না। কবিদের শহরেও কবি নীরব হয়ে যায়!
    প্রেমদাস কাব্যকথা! শব্দ গুলো ভালো লাগলো।

    1. মাঝেমধ্যে মনে হয় নিজের সমস্ত প্রতিবাদ লিখে রাখি কবিতা আকারে। কিন্তু কবিদের মত কবিতা লিখতে পারিনা আমি এটাই দুঃখ।

      কেউ হয়তো একদিন আমার কবিতার শিরোনামকে তার ডায়েরিতে লিপিবদ্ধ করবে সেদিনের প্রতিক্ষায়।

      ভালো থাকুন আপু।

  3. রুক্ষ-শুষ্ক ইটপাথরের শহর ছেড়ে
    সাতসমুদ্র তের নদীর এপারে
    বিজন সবুজের মোহমায়ায় ঘেরা
    সোনালু ক্ষেতের আলঘেঁষে মেঠোপথ মাড়িয়ে
    আমি আজ কবিদের শহরে এসেছি।

    কবিদের শহরে গল্পকারদের কিছুটা স্থান দিয়েন ভাইটি। মুগ্ধ!!

  4. নাম লিখিয়ে ফেলেছেন বড্ড শক্তপোক্ত ভাবে। শব্দের ব্যাঞ্জনায় কবি আর নিরব কই? দারুন লিখেছেন।
    এগিয়ে চলুক ডায়রীর পৃষ্ঠা।

  5. যাক, কবিদের শহর খুঁজে সাবাই পায় না, কেউ কেউ পায়,
    তারা ধনবান কাব্যে কাব্যে, আকাশ প্রদীপে।
    অনেক সুন্দর কবিতা পেলাম আমরা এবারে, যা পাই-ই না।

মন্তব্য করুন