আলোকিত ভোরের অপেক্ষায়

দুইয়ের পৃষ্ঠে ছয় ডানার এক পাখি উড়ে যায় অবিরাম
রাতের আঁধার বিদীর্ণ করে,
নদীর আকাশ ছাড়িয়ে
প্রমত্তা ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে পৌঁছুতে চায়
আমাদের স্বপ্ন-আঁকা সেই সবুজ মাঠে..
যেথায় রাশি-রাশি সোনালী দিন-দিনপঞ্জি গুজে দিয়েছিলাম অনাগত দিনের অপেক্ষায়,

জেগে থাকা স্বপ্নের ঘোরে ভুলেছি ঘুমের নিমন্ত্রণ,
আমাদের জাগরণে সমৃদ্ধ করেছি বেঁচে থাকার রসদ,
বেঁচে উঠেছি মৃত্যু সম-আলিঙ্গনের আকাঙ্ক্ষায়,
দূর্বার আকাঙ্ক্ষা আমাদের একত্রিত করেছিলো
নির্দিষ্ট তাড়নায়..
বৃষ্টি-কণার বিনিময়ে আমরা গ্রহণ করেছি নিষিদ্ধ হেমলক,
হৃদয় মন্থনে স্রোতস্বিনী রুপ নিলো আনন্দাশ্রু;
প্রতি অশ্রু-কণা সাক্ষী হলো স্বরণীয় বর্ণ-অক্ষরে..

স্মৃতির পাহারায় জেগে থাকি
ভোরের পাখির ঘুম ভাঙার আগে যদি তুমি ডেকে উঠো,
যদি আজ আবার ফিরে আসো
এক আলোকিত সকাল নিয়ে,
তবে প্রশান্তির ভোর হবো তোমায় ঘিরে
আমায় নিরব পেয়ে যেন ফিরতে নাহয় তোমায়,

কত আশা-অপেক্ষারা দিন হারায় সন্ধ্যার বাঁকে,
বুকের অসীম আকাশে নির্বাক পাখিটা ওড়ে,
এক ভোর হতে অন্য ভোরে
নির্মল এক পাখি ডাকা ভোরের অপেক্ষায়…

★ অ-কবিতা
* ছবি-নেট থেকে

মোট পড়েছেনঃ ১,৭৭২জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. গভীর তাৎপর্য সহ অর্থবহ লিখা-
    কবির তৎসময়ের আসল মানষিকতা বুঝতে কষ্ট হচ্ছে বৈকি।
    যদিও আমি কম বুঝি সবসময়।

    তবে সকাল সকাল একটা শুভকামনা রেখে যেতে পারি।
    শুভ সকাল।

    1. তৎসময়ের আসল মানসিকতা এর চেয়েও কঠিন ছিলো। কবিতায় আসবেনা ভেবেই অ-কবিতার দ্বারস্থ হতে হলো।

      অনেক ধন্যবাদ প্রথম এবং সুন্দর মন্তব্যের জন্যে।
      স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো 🌹🌹

  2. আবার ফিরে আসবে এক আলোকিত সকাল নিয়ে
    ভোরের পাখির ঘুম ভাঙার আগে ডেকে উঠবে
    তাই তো স্মৃতির পাহারা সাথে নিয়ে অপেক্ষায় থাকা, বেঁচে থাকা।

    অদ্ভুত সুন্দর উপস্থাপন শব্দ চয়নও দারুণ।
    সকাল সকাল মনোমুগ্ধকর কবিতা পাঠে পাঠক হৃদয় তৃপ্ত।

  3. নানান উপমায় প্রকৃতির ভিতরে দিয়ে ঘুরিয়ে এনে অবশেষে কবির অপেক্ষা শেষ হয় না। যেন কার জন্য অপেক্ষায় আজো প্রহর গুনছেন।

    ভাবনার জয় হোক। বরাবরের মতো অ- কবিতার বিরোধী আমি।

    1. অপেক্ষা গুলো জিইয়ে রাখি, নয়তো লেখার খোড়াক জুটবে না।
      কবিতা লিখতে পারি না নাজমুল,আমি অ-কবি।

      ভালো থেকো,
      স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো 🌹🌹

    1. আপনার ভোর সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো। অনাগত সব ভোর আলোকিত হোক।

      ভালো থাকুন,
      স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকে 🌹🌹

  4. জেগে থাকা স্বপ্নের ঘোরে ভুলেছি ঘুমের নিমন্ত্রণ,
    আমাদের জাগরণে সমৃদ্ধ করেছি বেঁচে থাকার রসদ,
    বেঁচে উঠেছি মৃত্যু সম-আলিঙ্গনের আকাঙ্ক্ষায়- খুব ভালো লাগলো । আলোকিত সকাল হয়ে আপনার অপেক্ষার প্রহর ভেঙ্গে দিক এই শুভ কামনা রইলো আজকের এই দূর্যোগময় সময়ে। ভালো থাকুন

  5. বৃষ্টি-কণার বিনিময়ে আমরা গ্রহণ করেছি নিষিদ্ধ হেমলক,
    হৃদয় মন্থনে স্রোতস্বিনী রুপ নিলো আনন্দাশ্রু;
    প্রতি অশ্রু-কণা সাক্ষী হলো স্বরণীয় বর্ণ-অক্ষরে..

    সুনিপুণ শব্দশৈলীর অনুপম সৃষ্টি, মুগ্ধতা অশেষ।

  6. “কত আশা-অপেক্ষারা দিন হারায় সন্ধ্যার বাঁকে,
    বুকের অসীম আকাশে নির্বাক পাখিটা ওড়ে,
    এক ভোর হতে অন্য ভোরে
    নির্মল এক পাখি ডাকা ভোরের অপেক্ষায়…“

    কত সুন্দর করে লিখে যায়
    “অ-কবিতার “কবিতায়
    মনটাই শুধু ভড়ে যায়
    তোমার শুভ কামনায়।

  7. ভান করে জাগি/জেগে থাকি
    নিস্তব্ধতা নিয়ে, মৃতদেহের পাহারায়,
    অপেক্ষার ফোঁটা-ফোঁটা শিশির
    গলে-গলে পড়ে নিস্তরঙ্গ নদীতে;

    তবুও দূর-সন্তুরের সুর ভেসে আসে
    অমাবস্যার বাঁধন ছিঁড়ে!!

  8. ” দুইয়ের পৃষ্ঠে ছয় ডানার এক পাখি উড়ে যায় অবিরাম”
    দুইয়ের পৃষ্ঠে কি? আর ছয় ডানার পাখি! এমন পাখি আছে নাকি!?

    কেমন স্মৃতি রোমান্থনের মত লাগল লেখাটি,
    যে ছিল চলে গিয়েছে সে, অপেক্ষায় জেগে থাকা যেন সে এলে ফিরে না যায়।
    নির্বাক পাখিটা ফিরে পাক নির্মল আলোকিত এক ভোর।

    কবিতা বুঝতে পারিনা, ভাবতেছি করোনায় অবরুদ্ধ সময়গুলো কবিতা বোঝার চেস্টায় ব্যায় করব।
    শুভ কামনা রাশি রাশি।

    1. আমার একটা পাখি আছে
      বড্ড ছটফটে,
      উড়ে উড়ে ঘুরে ঘুরে মাতিয়ে রাখে আমায়..
      স্বাধীনতার আচ্ছাদনে
      যতনে পুষি তারে পাঁজরের ছোট্ট খাঁচায়,
      খাঁচাটা বেশ নাজুক আর তার আছে এক সীমাহীন আকাশ,
      মুক্ত ভালবাসায় ডানা মেলে সে যখন তখন
      একজোড়া পাখার ভাঁজে লুকিয়েছে ছয়ের কথন….
      সে যে আমার এমনই এক প্রান পাখি,
      ভালবাসি তারে অহর্নিশি 🙂

      অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে 🌹🌹

  9. ছয় ডানার পাখি!!এই প্রথম কেউ দেখালো যে পাখি ভালোবাসার টানে সবুজে ডানা মেলে আশার বার্তা নিয়ে আসে। দু’ফোটা বৃষ্টির বিনিময়ে যে প্রগাঢ় ভালোবাসাবাসির খেলা তাতে সুখ থাকলে দু’ফোটা কেন পুরো হেমলকের বোতল সাবার করা যায়!! হায় এই ভালোবাসা কোথায় পাব?

    সকল অপেক্ষার প্রহর শেষ হোক, অবসান হোক এই বিষণ্ণ প্রহরের। পাখি ডাকা ভোরে নির্মল সতেজতায় শুরু হোক প্রতিটি সকাল।

    দারুণ লেখা আপু। শুভকামনা রইলো।

মন্তব্য করুন