জলপাই বনের বৃষ্টি

 

গোচরে অগোচরে থাকা অজস্র/সহস্র শব্দেরা
কখন যে ইনিয়ে বিনিয়ে ইচ্ছেয় অনিচ্ছেয়
পেরিয়ে যাবে মায়া-কুড়ানো লক্ষণ রেখা
আত্মঘাতী হতে হতে; যাক-না;

তবুও এক পশলা ছিপছিপে নিবিড় নীরব বৃষ্টি,
এক ফালি কাঁচা-রোদের পিঠে চড়ে,
ফুঁ-দিয়ে ফোলানো সারল্য পার্বণের মত এক অলৌকিক
বিকেলে আয়ু রেখার সংকেত মেপে মেপে,
অভ্যস্ত হয়ে যাওয়া গাঢ় নির্জনতা রঙের কারুকাজে
মন্দ কী!!

বৃষ্টি-কবিতার উচ্ছল শরীর-রেখায়, অক্ষর বৃত্ত/মাত্রা বৃত্ত
মেলেনি বলে কপালের ভাঁজ গুণে গুণে পোষা অসুখ
কখন যে মিশে গেছে বৃষ্টির উচু-নিচু চিহ্ন-রেখায়
কে জানে!!

নীরবতার বিষ-রসটুকু এক মোক্ষম চুমুকে শুষে নেবে
তেমন বৃষ্টির জন্য সোনামুখ করে,
সেই কবে থেকে দাঁড়িয়ে আছি, মেঘের আঁচলে ঢেকে/লুকিয়ে
রাখা আস্ত এলাচ বিচির সুগন্ধ-সুখের ভাগ নেব বলে,
এসো বৃষ্টি, এবারে একবার এখনের জলপাই-সুঘ্রাণ-বনে
লুকনো ভাব নিয়ে, এসেছিলে যেমন নৈমিত্তিকের ফি-বছর!!

গান ও ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৮৭২জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. গত কয়েকদিনে একটানা বৃষ্টিতে হাঁপিয়ে উঠেছি। অফিস যেতে সমস্যা হয়, স্যাতস্যাতে অবস্থা। তবে ঘুমটা হচ্ছে সেই রকম ! এবার একটু জিরিয়ে নিক বৃষ্টি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম।

    1. আপনার কথা শুনতে বৃষ্টির বয়েই গেছে।
      কত শত মানুশ স্পেশাল বৃষ্টির অপেক্ষায় বসে আছে!!
      সাবধানে থাকবেন, এই বর্ষণে!!
      ধন্যবাদ।

      1. যাদের বাইরে যেতে হয় না, বাইরে গেলেও বৃষ্টির কাদাপানি গায়ে লাগে না তারাই বৃষ্টির জন্য অপেক্ষা করবে। অতিবৃষ্টি ভালো না।

  2. আত্মঘাতী শব্দের শবে থমকে ছিলো এখানের কোলাহল,
    দানাদার নৈশব্দ আজ ভঙ্গুর এলাচ-উষ্ণতায়.
    এলো আর্ত-বৃষ্টি বেলা বয়ে অবেলায়..

    1. আত্মঘাতী শব্দদের শবে থমকে ছিলো এক্ষণের কোলাহল,
      দানাদার নৈঃশব্দ আজ ভাংচুর এলাচ-উষ্ণতায়
      এলো আর্ত-বৃষ্টি বেলা বয়ে অবেলায়………..;
      ছুঁয়ে থাকা যতিচিহ্নে লুকিয়ে ছিল
      ছাই-চাঁপা-আগুন, পোড়া পাণ্ডুলিপির বেশে;

      ভাল থাকবেন।

  3. তবুও এক পশলা ছিপছিপে নিবিড় নীরব বৃষ্টি,
    এক ফালি কাঁচা-রোদের পিঠে চড়ে,
    ফুঁ-দিয়ে ফোলানো সারল্য পার্বণের মত এক অলৌকিক
    বিকেলে আয়ু রেখার সংকেত মেপে মেপে,
    অভ্যস্ত হয়ে যাওয়া গাঢ় নির্জনতা রঙের কারুকাজে
    মন্দ কী!!
    ————–কি অসাধারণ চিত্রকল্প!!!!

মন্তব্য করুন