শেষ পরিণতি

 

ছায়াগুলো শুয়ে দূর্বা ঘাসের  কার্পেটের বিছানায়,
অপলক শুধু দেখছে উলঙ্গ উপুড় হওয়া নীলাম্বরকে।
বুনোপথের সমান্তরালে দূর্বা ঘাসগুলো সম্ভাষণ জানাচ্ছে অনন্তকাল;
ফড়িংয়েরা দুলছে ঘাসের আগায় হাওয়ার লহরীতে।
মিহির-কণায় দূর্বা ঘাসের চাপা ক্রন্দনে বর্ণিল বিচ্ছুরণ,
পথভোলা পথিকের তৃষ্ণার্ত বারিধারা।
ক্লান্ত পথিক- একমুঠো রোদ, দূর্বার আরতি লয়ে;
মুঠি মুঠি ঝলসানো দূর্বা গোগ্রাসে তৃপ্তির ঢেকুর তুলছে।
নীহার বিন্দুর জলজ প্রাচীরে প্রাচীন কুসংস্কার, ধূলিকণা;
ঊর্ণাজালে কপোত-কপোতীর বেওয়ারিশ ভালোবাসা হাঁসফাঁস করছে অনাদিকাল।
হরিৎ বনানী সেজেছে আধ খাওয়া আপেলের মতো।

চোখের কোলে জমানো জলাধারে সঞ্চিত বহুবর্ষীয় হাহাকার ও আর্ত্ননাদ;
থমকে নেই অবাধ্য স্বপ্নের আসা-যাওয়া অলস মস্তিষ্কের নিউরণে।
বর্ষীয়ান কুঁচকানো মরালগ্রীবায় ঝুলছে চাওয়া-পাওয়ার বেহিসেবি ডায়েরীটা;
পচন ধরেছে শরীরের আনাচে কানাচে জমাট বাঁধা মাংস খন্ডে,
হাওয়ায় ভেসে বেড়ায় মাংস পঁচা দুর্গন্ধের বায়বীয় পদার্থ।
মাংসাশী পশুর দল রসনার মহোৎসবে মাতোয়ারা।
হেম-পেয়ালা হাতে সুদূর তেপান্তরে যমদূতের ওষ্ঠে বিজয়ীর হাসি দুলছে;
ঈশ্বর আছেন/না নেই? তার হিসাব মিলবে গভীর ঘুমের  দ্বারপ্রান্তে-আধখোলা আঁখিতে;
জীবন ঘাটে তরী বাঁধা-অনতিবিলম্বে ভবনদী পারাপারের অপেক্ষায়।

মোট পড়েছেনঃ ১,১৪৪জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. জীবন ঘাটে তরী বাঁধা-অনতিবিলম্বে ভবনদী পারাপারের অপেক্ষায়।

    আমি কবিতার শেষের লাইনেই থেকে গেলাম। শুভকামনা থাকলো দিদি।

  2. ঈশ্বর আছে, না নেই! প্রশ্ন নিয়েই চলে যেতে হয় সময়ের এক দুয়ার হতে অন্য দুয়ারে। বিভৎস পৃথিবীর রুপ দেখার পর ক’জনাই দেখা পায় কাঙ্ক্ষিত ঈশ্বরের!
    যদি সবার চোখে পৃথিবী ধরা দিতো সুন্দর হয়ে,
    তবে সকলের চোখ হতো ঈশ্বরের দৃষ্টি।
    যদি ঈশ্বর বসত নিতো নিজ ধরাধামে,
    তবে মানবতা নাম পেতো ঐশ্বরিক!

    চমৎকার লিখেছেন সুপর্ণাদি,
    ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹

    1. আপনার এতো সুন্দর গুছানো মন্তব্যের পর আর কিছুই বলার থাকে না। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিরন্তর। ভালো থাকুন সুস্থ থাকুন। 🌹🌹 শুভ কামনা রইলো

  3. পচন ধরেছে শরীরের আনাচে কানাচে জমাট বাঁধা মাংস খন্ডে,
    হাওয়ায় ভেসে বেড়ায় মাংস পঁচা দুর্গন্ধের বায়বীয় পদার্থ।
    মাংসাশী পশুর দল রসনার মহোৎসবে মাতোয়ারা।

    আহ নিদারুণ লিখলেন আপু, যাস্ট অনবদ্য।

  4. হেম-পেয়ালা হাতে নিয়ে
    বিজয়ীর হাসি হেসে
    একটু একটু করে এগিয়ে
    আসছে যমদূত
    হয়তো এখনই চোখের
    পলকে কাড়বে প্রাণ

    দারুণ বলেছেন দিদি
    ভালো থাকুন সবসময়

  5. ইশ্বর আছে না নেই এটি আসলে আপেক্ষিক এবং বিশ্বাসের বিষয়। আমার কাছে তিনি আছেন এবং ফিরতে হবে তারকাছেই। সেদিন আর বেশি দূরে নয়! জান কবজ করার জন্য মৃত্যুদূত দুয়ারে দাঁড়িয়ে আছে সবারই। কেউ আগে কিংবা পরে যেতে হবেই।

    শুভকামনা রইলো আপু।

মন্তব্য করুন