রাতের পাণ্ডুলিপি

রাত, তুমি নাগালের বাহিরে ঘুমাচ্ছো;
তোমাকে স্পর্শ করলেই আঁতকে উঠি।

তোমার আলোহীন মঞ্চে-
বিশুদ্ধ ফুলের উপর নিষিদ্ধ প্রতীক চিহ্ন,
কি করে সহ্য করো তুমি?
বুকে পিঠে অজ্ঞাত শকুনদের লালাচিত্র।

আবার——
তোমার গভীরতায় একাকীত্বের হাতছানি;
কেউ কেউ গভীরতাকে আলিঙ্গন করে
গরম দীর্ঘশ্বাসে বৈধ কবিতার ঘ্রাণ শুঁকে
অথচ, তুমি কারো না কারো নাগালের বাহিরে।

রাত তোমাকে
অসংখ্য দু’পায়া আজো ঘুম পাড়াচ্ছে;
নিষিদ্ধ চাহিদা দীর্ঘায়ু করে নিতে
যৌবনে হানা দেয় শকুন জোড়ার চেঁচামেচি।

অন্ধকারের বৈধতা গ্রাস করে
হঠাৎ এক প্রভাতের লাল সূর্যে
ঝোপ থেকে ভেসে যায় করুণ মানবিক কন্ঠ
জানান দেয়-
আমি তোদের, মুখোশের মানবতায় শকুনের ফসল
আমি তোদের, সমাজে আজন্ম বেওয়ারিশ সীমানা।

নেত্রকোনা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১,১৬৯জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. সেই মানবিক করুন কণ্ঠের ডাক শুনতে পাই,
    কিন্তু সেই মানবিকতার ভার আমরা কেউ-ই নিতে চাই না।
    শুধু যথেচ্ছা ব্যবহার টুকু ছাড়া।

  2. অন্ধকারের বৈধতা গ্রাস করে
    হঠাৎ এক প্রভাতের লাল সূর্যে
    ঝোপ থেকে ভেসে যায় করুণ মানবিক কন্ঠ
    জানান দেয়-
    আমি তোদের, মুখোশের মানবতায় শকুনের ফসল
    আমি তোদের, সমাজে আজন্ম বেওয়ারিশ সীমানা

    চমৎকার বাক্য চয়ণ।

  3. ভালো হতো যদি রাতের অন্ধকার রাতের সাথেই চলে যেত। রাত শেষ হলেও রাতের অবশিষ্টাংশ রয়ে যায় উচ্ছিষ্ট হয়ে। অন্ধকার আলোতে এলে উন্মুক্ত হয়ে যায় শকুনের অপকর্ম, আর মানবিক আর্তনাদে কেঁপে উঠে মানবতা।

    কবিতায় ভাবনার তিব্রতা ফুটে উঠেছে। ধরে রাখো। শুভ কামনা অবিরত 🌹🌹

মন্তব্য করুন