জলজ নিঃশ্বাস

স্বর্গোদ্যানের সোনা-রংয়ের ভোরকে নিয়ে ছিনিমিনি?
বেছে নেবো বেপরোয়াকে,গাছেদের ছায়ায় বসে হবে ব্যাপক চুলোচুলি।
মল্লযুদ্ধ জয়ের শেষে,ভোরের সাথে তবুও অতীতের সকল নজির অক্ষুণ্ণ রেখে দীর্ঘস্থায়ী হবে
চিনিসম্পর্ক চাঁদের বনে।কামাখ্যা মন্ত্রের জাদুটোনা সবার হয় না, সবাই পারেও না।
হেঁসেলের চিমনিটা ঠায় দাড়িয়ে গলগলে সাদা ধোঁয়াবিহীন,ভালোবাসার আগুনেকাঠের অভাবে।
বৃষ্টিগন্ধা সবুজে মোড়ানো ফুলচঞ্চল সোনা ভোর,মূক হয়ে কত-কিইনা শুনবে এবার।
ফিরে পেলে হারানো কিছু,সাময়িক মাথানষ্ট কচকচানিতে বিরক্ত হতে নেই।
দুঃখ-শরে জর্জরিত ছেঁড়া-খোঁড়া হৃদয়ে কত কথা বলেরে!

ছলারকলা দেখে ভুলনা খুব-সুরত মায়াবী ভোর,
বেগানা হয়োনা ঝিরিঝিরি এই সকালের কলোচ্ছলে।
আমার কুজনের সহসা ঝলসে ওঠা কুয়াশার জল মাখা কথার মায়ায়
হাঁ হয়ে, নীল ঘাসে ঢাকা সবুজের গালিচায় পা হড়কে যেও না যেন।
বশীকরণ মন্ত্র আসেনি শিখে।
সুখের দুর্ভিক্ষের অসুখে উছলানো জলজ নিঃশ্বাস,
সতীনের শৃঙ্খলিত ভারিক্কি বিস্বাদে ধম্ম দেখতে নেই।

প্রশান্তিতে প্রশান্ত হয়ে সুখমত্ত হোক বু’য়ের হৃদয়।
বিবর্ণ প্রাণ-মন,কেঁদেভাসা দু’চোখে ফুল ফুটুক হীরেভোরকে কাছে পেয়ে।
উধাও দুঃখে ঝলোমেলো প্রাণের আভা।

সাবধানে খেয়ো পিঠে-পুলি,দুষ্টু কুটুমের কাছে।
ফিরে এলেই খেতে দেব দুধ্মাখাভাত,আস্তে-সুস্তে এসো ভোর,
এসেছো যেমন আগেও।
===========================================
সবুজ ঘন বনের দেশে
খড়-বিচুলির জাবর কেটে,
বেস আছিস সুখের দেশে
চিন্তা বিহীন খুশির বেশে,
থাক কিছুকাল দিনের শেষে
পৌষ-পাবনের ফাগুন মাসে।
================================
বিদেশের বিভূঁইয়ে
আঁচলে জড়িয়ে,
রাখিস তারে
হৃদয় জুড়ে।
=============================
ভোরের আবীর মেখে
শূন্যতায় চোখ মেলে
বনদেবী হেসে ওঠে,
অষ্টাদশীর জ্যোৎস্না হয়ে
ঘুঙুরের মদির আওয়াজে।

মোট পড়েছেনঃ ১,০৮৪জন আজ পড়েছেনঃ ০জন

৫৯টি মন্তব্য

  1. ভুলবে বলে মনে হয় না, চাইলেও পারবে না কায়ার মায়া না থাকলেও বোনা শব্দের মায়ায় ফিরে আসবে, ভাগ্য ভালও যে ভোর আগে থেকেই দূর থেকে দেখে আসতেছি তাই বুঝতে কঠিন লাগে না। ফিরে আবার আসুক ভোর মানে করুক কোল বদল।

    1. আপনি আদ্দিকালের লোক বলেই জানা আছে বেশ কিছু।আমরাও যেমন জানি।
      ভাল লাগল এই ভেবে কেউ একজন অন্তত কঠিনের অপবাদ দেয়নি।
      ভোর অবশ্যই ফিরে আসবে,আসতে তাকে হবেই।
      তাহলে স্বীকার করছেন শব্দনকল সবাই করতে পারে না।

      1. স্বীকারতো করেই ফেলেছি, এইবার খানিকটা বুঝে অপবাদ দেইনি তবে মন শংকিত এই ভেবে যে আগামীতে অপবাদ আবার আপনার কাঁধেই যাবে বলে কারণ কিছুটা যে চিনতে পেরেছি আপনাকে। আপনিতো পছন্দ করেন না প্রিয় কোনো কিছু কেউ বুঝে ফেলুক, আপনারগুলো আপনার রাখতেই আপনি বদ্ধপরিকর। ছিটেফোটা মাঝে মধ্যে পেলেই হপে আমাদের। ভোর গেলো দখলে সাথে রাতও দখল করে নিলো আরেক গুণী মানুষ। আমরা অধম কই যাই? খালি আছে দুপুর আর বিকাল কিন্তু ভয় হয় দুপুরে তাপের আর বিকালের মৌনতায়! থাক সমস্যা নেই আপনাদের দখলের আনন্দে আমিও না হয় ছিটেফোটার আশা বসে থাকবো।

  2. দুধ মাখা ভাতের লোভে ফিরে আসুক ভোর, ছিনিমিনি খেললে চুলোচুলি হোক শুরু, খোড়া হৃদয় খুড়িয়েই বলুক আরো ভালো লিখেছেন

    1. সে ফিরে আসবেই।তবে চুলোচুলি দেখার মজা,তা আপনি পাবেন না। মুখে বললেও এমন আত্মীয়ের
      সাথে কেউ তা করে না।তাও ভাল বলার জন্য শুভেচ্ছা।

  3. আপু দু-বার ঘুরে এসে পড়লাম।
    কি যে লিখবো বুঝতে পারছি না।
    ভোর নিয়ে এমন বিভোর করে দেন বারবার যে নতুন করে আর কী বলবো? ;?

  4. সুখের দুর্ভিক্ষের অসুখে উছলানো জলজ নিঃশ্বাস,
    সতীনের শৃঙ্খলিত ভারিক্কি বিস্বাদে ধম্ম দেখতে নেই।–মন কেড়ে নিল গো পুরো লেখাখানা, তারপরও সাধ হলো এইটুকু কপি করার।। অনেক সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ কবিকে।।

    ভাল গেলেছে শব্দের ব্যঞ্জনা।। ইতিহাসে ভর করে ভোরকে দেখানোর যাদু, ভালবাসার আগুনের সাথে হেসেলের আগুনের তুলনা, আমাকে মুগ্ধ করেছে এইসব সুন্দর উপমা।।

    নিত্য প্রেম যার কবিতায় সেই পারে এই কবিতার মর্ম যাতনা উপলদ্ধি করতে।। কবি মনের বিশালত্বের রসে ভরা সবটুকু।। কবিতার সাথে রয়ে গেল কবির প্রতি আমার আজন্ম প্রেম।। (3 অনেক শুভকামনা কবিকে।। -{@

    1. লেখাটির অনেক গভীরে দিয়ে দেখছেন এবং সঠিক ভাবেই তা দেখে ভাল লাগল। সাধারণত আমরা তা দেখি না।
      দেখতে পাই না বলে। ধার করা শব্দের উথল পাথাল উলটি পালটি মাত্র। তবে আপনাকে বহুদিন পরে মন্তব্য করতে দেখে আশ্চর্য্যানন্দ হচ্ছে। আমি কবি নই আর এটি কবি্তাও নয়।

      আপনার জন্য ও শুভেচ্ছা সহ শুভকামনা।

    1. বেড়াতে গেলে ফিরে আসেই,আস্তেই হয়। এখন তো জানছি চুল প্রায় নেই ।চুলোচুলিটা আর হচ্ছে না।
      কে ভেঙ্গে দিল পা? সুস্থতা চাই দ্রুত। এ সব কে পড়বে শুনি।

      1. চুলোচুলিটা চাই–
        আর হ্যাঁ সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম–ছোট্ট একটা হাড় ভেঙেছিলো–তবে এখন আমি ভালো আছি–লিখে যান মুগ্ধ পাঠক আমি পাশেই আছি 🙂

  5. আহারে বেচারি!!! অ আ ক খ শিখিয়ে দিচ্ছে, পই পই করে বারন করে দিচ্ছে, তবুও আঁটকে রাখতে পারছেনা। কতোযে কুমন্ত্রনা দিতে হচ্ছে ..মাথা নস্ট কচকচানি তে বিরক্ত হয়োনা …গররররররর। চুলোচুলি এবার করেই ছাড়বো। পোড়ামুখি ভেবেছে কি? এসব কুপরামর্শ আর দুধ মাখা ভাতের লোভ দেখিয়ে ভোরকে দমিয়ে রাখা এত্তো সহজ নয়। ভালোবাসার গনগনে আগুন পরীক্ষা অনেক আগেই আমি সেরে ফেলেছি, তাই ধোঁয়ার অভাব আপনার হবেই।
    তবে সখার চাইতে সতীনের উপর বেশি টানটা কিন্তু টুকুস করে প্রকাশ পেয়ে গেছে নজর এড়ায়নি 🙂

        1. এ দুদিন যে আমি নেটেই আসতে পারিনি দি, এবারের মতো মার্জনা করুন। তবে বেঁচেও গেছেন, নইলে ফ্রেশ ফ্রেশ চুলোচুলি বেঁধেই যেত। তা এতো মন্ত্রনায় ভোরের কি দশা হলো? আমি তো এখনো ঘুম পাড়িয়ে রেখেছি 🙂

        2. এ সব নোবেল পাওয়া লেখা সহজ নয়। থাকবেন না বলে দেন নাই কেন।
          এবারের মত ছেড়ে দিলাম মনে থাকেন যেন। চুলোচুলি হলে হত, ও হয়েই থাকে।
          আপনার কান্নাকাটির জন্য পাঠিয়েছি ভোরকে,ঠিক যেন যত্ন-আত্তি হয়। তারপর সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েন।

        3. লেখার মতো কঠিন কম্ম যে নাই এইটা আমি ছাড়া আর কে বোঝে 🙁 আমিতো ভেবেছিলাম আমার সই সব জানে, তর যে সইবেনা তা কি আমি বুঝেছি? তবে ভালোই হয়েছে। নিশ্চিন্তে দুদিন সে ঘুমুতে পেরেছে। যার জিনিস সে বুঝে নিক। আমি তো পারলে পায়ে শেকল দিই, পাঠিয়ে দেয়া তো দুর কি বাত।

  6. আমি কোথায় ছিলামরে — এত সুন্দর লেখা !!

    ’’প্রশান্তিতে প্রশান্ত হয়ে সুখমত্ত হোক বু’য়ের হৃদয়।
    বিবর্ণ প্রাণ-মন,কেঁদেভাসা দু’চোখে ফুল ফুটুক হীরেভোরকে কাছে পেয়ে।
    উধাও দুঃখে ঝলোমেলো প্রাণের আভা।’’———–অসাধারণ

  7. কুয়াশার জল মাখা কথারা
    ঘুমপাড়ানি ছদ্মবেশে
    সুদূর ঠায় বসে থাকা একাকীনির
    পরীক্ষা নেয় মুচকি হেসে।
    ভোর আমার জ্বলজ্বলে নাকছাবি
    চিমনিতে না পোড়ালে হাত
    সাধ্য কি আর তারে পাবি?

  8. মায়াবী ভোর কে নিয়ে চুলোচুলি করা ঠিক না ভোর টা চুপটি মেরে যাবে তখন কি করবেন ?
    চুলোচুলি কি এখনো চলছে নাকি শেষ হয়েছে ?

    দিদি বেগানা টা কি ঠিক মাথায় ধরলো না আমার ।

    1. চুলোচুলির প্রয়োজন পড়েনি, মিটমাট হয়ে গেছে। আমরা তো আমরা ই সিস্টেমে।

      বিবর্তনমূলক বাংলা অভিধানের দ্বিতীয় খণ্ডের ২১৪২ নং পৃষ্ঠাটি একটু কষ্ট করে দেখে নিতে হবে
      ‘বেগানা’ শব্দটির অর্থ জানতে। আর কোন শব্দ ইচ্ছে হলে এই লেখার জানতে চাইতে পারেন।

মন্তব্য করুন