ব্যর্থতার সাথে মানুষের পার্থক্য

11188151_10206298885647421_3037421217554607096_n

প্রতিদিন এক এক টুকরো ব্যর্থতা আমার মুখোমুখি হয়।
একেকটির একেক নাম,
কিন্তু ওদের মুখাবয়ব একই রকম।
কতোবার যে ভুল নামে ডেকে উঠেছি,
ওরা কিছুই মনে করেনা।
এক অদ্ভূত পরিতৃপ্তি নিয়ে
সমস্ত জীবন পরিক্রমা করে—
গতির চেয়েও দ্রূতবেগে ছোটে;
শেষ কিংবা শুরু বলে কোনো শব্দ
ব্যর্থতার অভিধানের কোথাও নেই।
ইশারায় ফিসফিস করে কথা বলে;
এভাবেই রোজ।

প্রতিদিন এক একটুকরো ব্যর্থতার সাথে দেখা হয়ে যায় আমার।
যেমন চোখ মেললেই ভোরের আকাশ,
পা ফেললেই মাটি কিংবা পাথুরে পথ,
হাত বাড়ালেই নিঃসঙ্গতা,
ঠিক তেমন ভাবেই দেখা হয় ব্যর্থতার সাথে আমার,
(নাকি নিজের সত্ত্বার পরাজিত মুখোশের সাথে?)!
কতোবার ভুল নামে ডেকে উঠেছি,
কিন্তু কখনোই কিছু মনে করেনি।
ব্যর্থতা তো মানুষ নয়, যে ভুল বুঝে দূরে সরে যাবে।
মস্ত বড়ো ভুল দিয়েও,
পরাজিত করেও
মানুষের মতো সরিয়ে নেয় না নিজেকে কখনো।
কারণ ব্যর্থতা তো আর মানুষ নয়।

হ্যামিল্টন, কানাডা
২৩ জুন, ২০১৫ ইং। 

**ছবিটি আমার তোলা ব্রাশেলস, বেলজিয়ামে থাকাকালীন সময়ে ২০১০ সালের ১৬ জুন তারিখে।

মোট পড়েছেনঃ ১,৭২০জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. প্রথমে ছবির কথা বলবো। এটি আপনার তোলা? :O কি সাংঘাতিক ছবি হয়েছে এটা জানেন আপনি? আমাকে শেখাবেন এমন এডিটিং?
    এক টুকরো ব্যার্থতা থাক পরে কোথাও। বৃত্তের পরিধি এতোটা সফলতায় ঘিরে আছে, টুকরো এক ব্যার্থতা খুবই তুচ্ছ। প্রতিদিন তাদের মুখোমুখি হতে হয় বলেই আপনি মানুষ।
    আপুটার কি মন খারাপ? স্বার্থপরের মতো বলবো, মন খারাপের কবিতাই ভালো লাগে বেশি।

    1. ছবিটি যখন তুলি, তখন ভাবিনি এটা লেখার সাথে মিলে যাবে। আর এডিট করেছি সেলফোনে। আমার সেলফোন পুরোনো মটোরোলা-জি।
      আর আমার মন খারাপ কিনা? মোটামুটি সকলেই জানে একটু না, বেশ ভালোই পাগলামী মাথায় ভরা। আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ। গতকাল ফেসবুকে তাঁর কয়েকটি পংক্তি চোখের সামনে চলে এলো, আর একটা ভাইয়ের কথাও মনে হয়ে গেলো, লিখে ফেললাম। আমার মন খারাপ হয় কম, আর হলেও এর তীব্রতা কম। শক্তিহীন মন খারাপ। ;(

  2. আপুর কি কিছু নিয়ে খুব মন খারাপ???
    মন খারাপের কবিতা গুলো মারাত্মক ভালো হয়।
    এটাই খুব ভালো হয়েছে।
    আপনি এতো ভালো লিখে আবার এতো সুন্দর ছবিও তোলেন।

    1. মারাত্মক মন খারাপ। কি যে করি! ;(
      আরে লেখা কি যে অগা-মগা লিখি, তাও ভালো লেগে যায়,
      আর ছবি তুলি যা মন চায়, তাও চোখে লেগে যায়!
      তার মানে অনেক সুন্দর মনের মানুষ আপনি। -{@

      1. নীলা আপু অনেক হয়েছে! একবছর প্রায় হয়ে গেলো আমি এই ব্লগে লিখি। আর আপনি আমার পোষ্টে মন্তব্যও করেন সেই প্রথম থেকেই। আর আপনি আর দয়া করে আমায় ” আপনি” ডাকবন না?

        আর মন ভালো করার জন্য আরো অনেক অনেক লেখেন, বাইরে ঘুরে আসেন,প্রিয় কোন মানুষের সাথে কথা বলেন, হাসির কোন বই পড়েন, মুভি দেখেন,বা গান শোনেন ভালো লাগতে পারে।
        তারাতারি আপনার মন ভালো হয়ে যাক।

        1. আমার মন সত্যি ভালো। মন খারাপ আমাকে বেশীক্ষণ গ্রাস করতে পারেনা।
          তুমি যখন বললে আরোও লিখতে, ঘুরতে, কমেডি বই-সিনেমা পড়তে এবং দেখতে অবশ্যই সেসব করবো। আর গান? ওটা ছাড়া আমি তো শ্বাসও নিতে পারবো না।

    1. “নাই নাই ভয়
      হবেই হবে জয়।
      খুলেই যাবে এই দ্বার।”

      “বিপদে মোরে রক্ষা করো,
      এ নহে মোর প্রার্থনা
      বিপদে আমি না যেনো করি ভয়।”

      বুড়োর এ দুটো গান আমার জীবনের মূলমন্ত্র। ব্যর্থতা আমায় পেছাবে, সে তো সম্ভব নয়।
      আর অসংখ্য ধন্যবাদ ভালো লেগেছে বলে। -{@

    1. সহজে পিছিয়ে যাইনা, হার মেনে নেইনা। বন্ধুরা বলে, “আচ্ছা তোর কোনো কিছু নিয়ে টেনশন হয়না?” সত্যি বলতে কি হয়, কিন্তু আমি সেটাকে পজিটিভলি নিই। আমার মামনিকে দেখতাম সবসময় পজিটিভ কথা, এমন অভ্যাস হলো যে কি বলবো। পাহাড়ের চূড়ায় দাঁড়ানো, পড়ে যাচ্ছি। কিন্তু অদ্ভূতভাবে নিজেকে বলছি সামনে এগুনোর চেষ্টা কর রে নীলা, পেরে যাবি। হয়ও তাই।
      বি পজিটিভ আমার রক্তের গ্রুপও কিন্তু 😀
      অনেক ধন্যবাদ এই যে বকবকানি মন্তব্য পড়লেন কষ্ট করে।

  3. আপনি ছবি তোলেন তা, এখানে বিভিন্ন সময় আমাদের দেখিয়েছেন।
    তবে এমন ছবি ও আপনি তোলেন বা তুলতে পারেন এটি না দেখালে আমাদের জানা হত না।
    আপনি বরং মাঝে মাঝে অল্প অল্প করে ছবি পোষ্ট করতে পারেন, অবশ্যই আমাদের জন্য।

    একটু ভিন্নধারার বা ভিন্নধরনের লেখা পড়লাম,আপনার উপলব্ধি প্রকাশের প্রবল সক্ষমতা আমরাও বুঝতে পারছি।

    1. প্রেরণা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, নিজের জীবনে দেখেছি। এতো প্রেরণাদায়ক মন্তব্য লিখিয়ে নেয়।
      আর ছবি, ঠিক আছে কিছু ছবি আছে সে নিয়ে পোষ্ট দেবো। আসলে আমি পোষ্ট যে দেই, ব্লগের জন্য বেশ আনাড়ি আমি। একটা ছবি আপলোড করতেই খবর হয়ে যায় কিনা।
      তাও চেষ্টার ত্রুটি থাকবে না।
      ধন্যবাদ আপনাকে।

  4. ‘ ব্যর্থতা তো মানুষ নয়, যে ভুল বুঝে দূরে সরে যাবে।
    মস্ত বড়ো ভুল দিয়েও,
    পরাজিত করেও
    মানুষের মতো সরিয়ে নেয় না নিজেকে কখনো।’ …… অসাধারন।নতুন করে ভাবনা মনে স্থান করে নিলো।

  5. ছবি এবং লিখা যেমন মিলেমিশে একাকার, তেমনি কবিতার ভাষাগুলো আমার হৃদয় প্রবাহে মিশে একাকার হয়ে গেছে তাই কবিতায় অনেক অনেক ভালো লাগা এবং শুভকামনা নিরন্তর।

  6. দারুন লিখেছেন, ঠিক বলেছেন
    ব্যর্থতা তো মানুষ নয়, যে ভুল বুঝে দূরে সরে যাবে।
    মস্ত বড়ো ভুল দিয়েও,
    পরাজিত করেও
    মানুষের মতো সরিয়ে নেয় না নিজেকে কখনো।
    কারণ ব্যর্থতা তো আর মানুষ নয়।
    অনেকদিন পর খুব সুন্দর সাবলীল একটা কবিতা পড়লাম।

    1. ছবির পোষ্ট, ঠিক আছে দেবো। অনেক ছবি মুঁছে গেছে। আমার আগের হার্ড ডিস্কটা পুড়ে গিয়ে প্রচুর লেখা এবং ছবি সব শেষ। কিছু ফেসবুকে ছিলো, সেসবই এখন সম্বল। আর আমি কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলিনা। সেলফোনে ছবি তুলি। মটোরোলা-জি আমার ফোন।

  7. ছবিটা দারুন হয়েছে—
    ব্যর্থতাকে কখনো এই ভাবে ভাবিনি—সত্যিতো এই ব্যর্থতার সাথেতো আমারও প্রতিদিন দেখা হয়, শুধু অনেককিছু সহজে নিজ থেকে বুঝতে পারি না এই যা—কবিতাটা পড়ে ব্যর্থতার কিছু রূপও চিনে নিলাম…

মন্তব্য করুন