“নির্দিষ্ট দূরত্ব”

 

তোমার কি মনে হয়না, সবকিছু সীমার মধ্যে রাখাই ভালো?
তোমার আর আকাশের দূরত্বটা বোধ হয় ঠিকই আছে।
আকাশ যদি তোমার নাকের ডগায় ভর করত!
তবে মাথা উঠাতে কিভাবে?
চাঁদটার ক্ষেত্রেও তাই
একদম ঠিক জায়গায়।
হাতের মুঠোয় পেলে
বলের মতো ছোড়াছুড়ি শুরু করতে!
কিছু জিনিস কাছে পেলেই গুরুত্ব হারায়,
তবে দূরে গেলে বাড়ে।
কই!এতো সুন্দর ফুল হাতে নিয়ে গন্ধ শুঁকে
একসময় তো ছুঁড়েই ফেলে দাও!
দিনের পর দিন,
রাতের পর রাত,
আগলে রাখো কেবল দু একটা শুকনো গোলাপ!
তবু তাও রাখো ডায়রির ভাঁজে,
কখনো ছুঁয়ে দেখো
কখনো ভুলে যাও।
দূর দিগন্ত দূর থেকেই সুন্দর।
একদম সরলরেখা।
কাছে গেলে রেখার কোনো নাম গন্ধ নেই
কেবলই বক্রতা!
মানুষগুলো দূর থেকেই সুন্দর
কাছে পেলেই জাগে ভুল ধারণা
মিথ্যে মায়ার জটিলতা।
অনুভূতিগুলো সীমার মাঝে রাখাই ভালো।
না বেশি দূরে,
না কাছে।
একদম নির্দিষ্ট দূরত্বে,
নির্দিষ্ট ভালোবাসার চাদরে,
হৃদয়ের ঐ নির্দিষ্ট জায়গাটাতে
ঠিক যেমন রেখেছি তোমায়
নির্দিষ্ট দূরত্বে,
কিন্তু সমস্ত কল্পনাতে।

মোট পড়েছেনঃ ৯৫৮জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. কাছের এবং দূরের, পাওয়া না পাওয়ার দ্বিধা দ্বন্ধের অপূর্ব প্রকাশ। ভালো লেগেছে — ” কিছু জিনিস কাছে পেলেই গুরুত্ব হারায়,

    তবে দূরে গেলে বাড়ে”।
    শুভ কামনা রইল কবি।

  2. একদম ঠিক বলেছেন। সব সম্পর্কই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখাই শ্রেয়, তাতে করে সম্পর্কের গভীরতা, বন্ধন, সম্মান সব ঠিক থাকে। ভালো থাকবেন

  3. আবরণ না থাকলে দেহের কি সৌন্দর্য! দূরে থাকে বলেই চাঁদ এত মায়াময়। সম্পর্ক গুলোর বন্ধন দুরত্বেই শক্তিশালী হয়ে উঠে। কিছু জিনিস দূরে থাকলেই ভালো। অপেক্ষা-আক্ষেপ থাকা ভালো। সব পাওয়া, পাওয়া হয়ে গেলে পাওয়ার আনন্দ থাকে না।
    অনেক ভালো লেখেন আপনি 🙂

    শুভ কামনা 🌹🌹

    1. না পাওয়া, বিষাদ এসব আছে বলেই হয়তো পাওয়ার গুরুত্ব এতো, সু্খ অনিন্দ্য অনুভবের।
      অনেক ধন্যবাদ এতো সুন্দর সাবলীল ভাষায় প্রকৃত সত্যটা তুলে ধরার জন্য।
      ভালো থাকুন, সুস্থ থাকুন।

মন্তব্য করুন