AI – আমাদের দেশে
আমার ধারণা, এআই আমাদের মতো দেশের মানুষের ক্ষতি করছে বেশি।
খুব কম কোম্পানি দেখি যারা এআই দিয়ে রেভিনিউ বাড়াতে পেরেছে। বেশিরভাগের আয়-রোজগার আগের মতোই আছে। কারও কারও অবস্থা তো বরং আগের চেয়ে বেশি খারাপ। আমার পরিচিত বেশ কয়েকটা কোম্পানি বন্ধ হয়ে গেছে।
আগে যে কাজ করতে কয়েক দিন লাগত, এখন সেটা অল্প সময়ে করা যাচ্ছে। কিন্তু কাজ তাড়াতাড়ি শেষ হলেই তো নতুন কাস্টমার আসে না। যে কোম্পানি আগে কাজ পেতে সমস্যায় পড়ত, এআই ব্যবহার করেও তার সেই সমস্যা থেকে যেতে পারে।
কাস্টমারও এখন জানে এআই দিয়ে অনেক কাজ করা যায়। ফলে একই কাজের জন্য আগের টাকা দিতে চায় না। কাজের সময় বাঁচল বটে, কিন্তু কাজের দামও তো কমে গেল। মাস শেষে আয় কতটা বাড়ল, সেই হিসাবটা আর করা হয় না।
মাঝখান থেকে পোলাপানের চাকরি গেছে। বিশেষ করে যারা নতুন, এক-দুই বছর হল কাজ শিখছে। ছোট যে কাজগুলো দিয়ে তারা শুরু করত, সেগুলো এখন এআই দিয়েই হয়ে যাচ্ছে।
একজন নতুন মানুষকে কাজে নিলে তাকে সময় দিতে হয়। ভুল করলে ধরিয়ে দিতে হয়। এভাবে কাজ করতে করতেই সে শেখে। এখন সেই ছোট কাজগুলো তাকে দেওয়ার দরকারই যদি না পড়ে, তার শেখার সুযোগটাও কমে যায়। অভিজ্ঞ লোক সবাই চায়। নতুনরা অভিজ্ঞ হবে কোথায়, সেটা নিয়ে তেমন কথা শুনি না।
খরচ যে খুব কমেছে, তাও না। এআই সাবস্ক্রিপশনের বিল আছে। একটা দিয়ে সব কাজ হয় না, কখনো একাধিকটা লাগে। এআই যা করে দিচ্ছে, সেটা দেখার জন্যও মানুষ লাগে। ভুল থাকলে ঠিক করতে হয়। এই সময়টাও কাজের হিসাবের মধ্যে পড়ে।
আগে টাকাটা বেতন হিসেবে একজন মানুষের কাছে যেত। এখন তার একটা অংশ যায় এআই সাবস্ক্রিপশনের বিলে। কোম্পানির কিছু টাকা হয়তো বাঁচছে। যে মানুষটার চাকরি গেল, তার তো মাসের খরচ আগের মতোই আছে।
আগে বেতনের টাকা দেশেই খরচ হত। বাসা ভাড়া, বাজার, পরিবারের পিছনে খরচ। সেই টাকা দিয়ে আরও কিছু মানুষের আয় হত। এখন এআইয়ের বিলের অংশ চলে যাচ্ছে বিদেশে। আমাদের এখানকার কাজ কমছে, ওদের কোম্পানি ফুলে ফেঁপে উঠছে।
আমাদের দেশের মানুষের বড় একটা অংশ এখনো এই এফেক্টটা নিয়ে সচেতন না। সবাই ভাবছে সব ঠিক আছে। কিন্তু বাস্তবতা হল, এই ধাক্কাটা একদিন সবাইকেই সামাল দিতে হবে।

৩টি মন্তব্য
লেখাটা পড়লাম। আসলে আমাদের দেশে এ ভাবে কেউ ভাবে না। এআই শুধু সময় বাঁচায় কিন্তু আয় কমায় এটাই বর্তমান বিশ্বে জীবন যাপনের বড় ধাক্কা।তবে যারা পপুলার ফ্রিলেনৃসার তাদের কাজের সময় বেচে যায় এবং আর্নিংও মোটামোটি ভালই হয় যেটা ফরেনদের সাথে লেন দেন ডলারে হয়।লোকাল এআই কাজের মুল্য নাই বলেই চলে। চমৎকার লেখা।
ধন্যবাদ মনির ভাই। যাঁদের হাতে কাজ আছে, তাঁরা এআই দিয়ে সময় বাঁচাতে পারছেন। নতুনদের কাজ পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। আমার চিন্তাটা মূলত তাঁদের নিয়ে।
হ্যাঁ, আমি এ আই কে জিজ্ঞেস করেছিলাম, তোমরা যে মানুষের ক্ষতি করছ তার কি হবে? সে বলে কিভাবে? আমি বললাম যে ক্রিএয়েটিভটা অবৈধ্য কাজে ব্যাবহার হচ্ছে, একজনের মান সন্মান নিয়ে ছিনিমিনি খেলা হছে, কোন সত্য হচ্ছেনা। আমি চাইলাম আর তোমরা দিয়ে দিচ্ছ।
আর আপনার লিখাটা পারফেক্ট হয়েছে। এ আই ইয়ের লিখা আবার চেক করাও লাগে, তারজন্য এই মানুষকেই লাগে।
ধন্যবাদ।