রঙ : পরিভ্রমণকারী সময়


যে চলে যাবার
সে চলেই যায় ।
নিঃশ্বাস কি টের পায় সে কোথায় যাচ্ছে ?
জানে কেবল বৃক্ষ…
হলুদ হয়ে যাওয়া পাতারা যেমন চেনে ,
ঝরে পড়ার শব্দ
নটরাজের মতো প্রলয় নাচন নাচে অদৃশ্য হাওয়া
কচি সবুজ পাতা হাসে
আর চৈত্রের বুকে ছিন্ন পাতারা ওড়াওড়ি করে ।
যায় , চলে যাবার যা সে তো যাবেই
আমি যাওয়া দেখি ,
পাওয়াকে আপন করিনা ।
যে সময়কে ভোর বলি , তাকেও চলে যেতে হয়
দীর্ঘ ভ্রমণে
দুপুর-বিকেল-সন্ধ্যে গড়িয়ে অন্ধকারের আলোয়ান জড়ায়
আমার নক্ষত্র-জলে স্বপ্ন ভাসে যখন ,
চরম বাস্তবতা আঘাত করে সুনামী হয়ে
মাটি এবং বালু এক হয়ে যায় ।
তুমি-আমি’র মধ্যে আমি-ই কেবল ডুবে মরে : চলেই যাই ।
তুমি বয়সের ভারে ন্যুব্জ
আর আমি বয়সী সুতোয় কৈশোরী কাল গাঁথি ।
কি হতো ? কি হতোনা ! সময়ের মুখ নেই…কেবল ছুটে চলে ।
কুয়াশা ভেঙ্গে পড়েনা ভোর না এলে ;
তাই তো বলি , আজ যে সময় ফিরে গেছে ,
ফিরিয়ে দিয়েছো
ফিরে চলে গেছি আমি।
যদি আমার নীল পৃথিবীর কাছে তোমার অরণ্য আজীবনকাল সবুজই থাকতো ,
কোনো রং আর জন্ম নিতো না ।
রঙ বিবর্ণ হয় , মানুষ আর সময় কেবল স্মৃতির কাছেই আছড়ে পড়ে ।

হ্যামিল্টন , কানাডা
৩ নভেম্বর , ২০১৩ ইং ।

মোট পড়েছেনঃ ৮৮৪জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. অসাধারণ ,
    অনেক দিন পরে নিলাঞ্জনা নীলাকে খুঁজে পেলাম কবিতায়।

    পোস্ট দিয়ে চলে গেলে কেমনে হবে ?
    আমাদের মত দু একজনের পোস্টে একটু মন্তব্য টন্তব্য করলে আমরা একটু উৎসাহিত হই —
    আশাকরি আমার এই কথাটা বিবেচনা করবেন ।

  2. এত্ত নীল , মন পাগল হয়ে গেলো নীল সবুজ ছবিটি দেখে । নীলাঞ্জনা নীলার নীল । কবিতাও এত সুন্দর!! এত ভালো পোস্ট দেখে মন জুড়িয়ে গেলো দিদি।

  3. অসাধারণ বাক্যবাণ।।
    যেন তীক্ষ্ণতার সুরে বেজেছে হৃদয়ে প্রেমের গান।।
    বেদনার কাব্য দেবী ম্রিয়মাণ, হাসি মুখে করছে জ্যোৎস্না স্নান।।
    কবিতায় যেন খুজে পেলাম নতুন প্রাণ।।
    ভাললাগায় আর ভালবাসায় কবিকে জানাই বিনম্র সম্মান।। -{@

মন্তব্য করুন