কেউ ডাক দিবে বলে

গভীরভাবে শ্বাস টেনে নেয়া ফুসফুসে

অভিমান জমে রইল শতাব্দীর পর শতাব্দী

হুলুস্থুল ডাকেনি কেউ বহুকাল স্বদেশে ফিরে যাবার

আমি সহস্র বছর অপেক্ষা করে আছি ডাক শুনবার

অপেক্ষা করে আছি,

কোনো এক বসন্তের স্নিগ্ধ বিকেলে, কিংবা

হেমন্ত সকালে কেউ তো বলুক

এসো, এ তো তোমারই শেকড়

এখানে আমি আছি, ভিটে আছে, পূর্বপুরুষের মাটি আছে

সহস্র বছর অপেক্ষা করে আছি,

দূরাগত হুইসেলের শব্দের মতো করে কেউ তো ডাকুক,

আমার অপেক্ষায় বিরহী বিষণ্ণ একলা রাত জাগুক

পৃথিবীর গায়ে বিকেলের হলদে আলো লেগে থাকে যেমন

ঠিক তেমন করে যত্নে আগলে রাখবার আশ্বাস দিক

বেলাভূমিতে ছোট বড় ছন্দে আছড়ে পড়া ঢেউয়ের মতো

কাছে এসে মুখ লুকিয়ে তুমুল কান্না কাঁদুক

রোদ-বৃষ্টি-ঝড়ে অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থাকুক নজিরবিহীন

আমি আর কতকাল শিকারীর তাড়া খাওয়া

দিগ্বিদিকশূন্য হরিণীর ন্যায় ছুটে বেড়াবো এই উত্তরের দেশে?

কত গ্রীষ্ম দুঃখ ভুলতে ছুটে যাবো দুর্গম বন, পাহাড় কিংবা সমুদ্রে?

কেউ ডাক দিবে বলে অপেক্ষা করে আছি

শতাব্দীর পর শতাব্দী

সহস্র বছর

কিংবা তারও অধিক।

 

রিমি রুম্মান

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

মোট পড়েছেনঃ ৮৬৩জন আজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

  1. জীবন জীবিকার তাগিদে প্রবাসে থাকলেও মন পড়ে থাকে দেশে। দেশের মাটি, বাতাসের ঘ্রাণ সে কি ভোলা যায়! এ যে জন্মভূমি আমাদের।

    দেশে আসুন এবার, আর রংপুরেও আসার দাওয়াত দিয়ে রাখলাম আপনাদের সবাইকে আপু।

    শুভকামনা জানবেন।

  2. দেশের প্রতি, দেশের মাটির প্রতি, দেশের মেঠো পথের প্রতি এ যেন গভীর ভালোবাসা!
    শেকড় সবসময় মানুষ কে টানে প্রচন্ড বেগে………..
    চলে আসুন অভিমানী ভালোবাসার দ্বারে.. কবিতার মতো গভীর ভালোবাসা নিয়ে ডাকছি চলে আসুন।

  3. শিকড়ের ডাক সবাই শুনতে পায় না, শিকড় থাকলেও তা ভুলে যায়।
    তবুও এ এক অমোঘ ডাক/টান, উপেক্ষা করা যায় না।
    তাই ডাকের অপেক্ষা থাকে আমাদের, ডাকুক বা না ডাকুক।
    অনেক দিন পর আপনার কবিতা পড়ে আনন্দিত হলাম।

  4. যতই আরাম-আয়েশে, চাকচিক্যের মধ্যে বসবাস করুক মানুষ তার শিকড়ের টান কখনো অস্বীকার করতে পারেনা/ ভুলতে পারে না। কেউ কেউ ভুলতে চাইলেও সময় ঠিক স্মরণ করিয়ে দেয়। আপনার জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  5. শেকড়ের টান অদ্ভূত টান,আমরা কাজের ক্ষেত্রে যেখানেই থাকি না কেন? আমাদের নাড়ির টানে শেকড়ের টানে আসতেই হয়। রংপুর আর কুড়িগ্রামে আসার দাওয়াত রইল। শুভকামনা আপু।

মন্তব্য করুন