স্বপ্নের শরৎ

 

শরৎ তুই এলি!
আয় সখি গলা মিলিয়ে খুব করে কাঁদি,
কেমন করে কাঁদবো সই চোখ দুটো মোর শুকনো মরা নদী!
জলাধারশূন্য এখন আমি, সব জল ডাকে পাঠিয়েছি মেঘ বন্ধি খামে বর্ষার নামে।
তবে আমরা ভেসে বেড়াতে পারি  শুভ্র গগনে ধবল  বাড়ির উঠোনে,
কিংবা হারিয়ে যেতে পারি পেঁজো তুলার পাহাড়ি ভুবনে,
কেবল একটি শর্তে আমি রাজি,খুঁজে ফিরে হাত ধরে ফিরবো আবার মাটির ঘরে।
শরৎ তুই এলি!
আয় তবে সখি লুকোচুরি খেলি কাশবেন!
কাশফুলের রেশম কোমল পেলবতা মাখি সারা বদনে।
ফিরে এসে উঠোন মাচার ঝিঙে ফুল নিয়ে পরবো কানে দুল!
গোধূলি গায়ে মেখে নেচে উঠবে মন, যেন হরিণী চঞ্চল!
ঝিঁঝি পোকা সেতার বাজাবে শুনশান প্রকৃতি গাইবে বাউল গান
ঝিরিঝিরি হাওয়ায় পতপতে উড়নি উড়া বাঁশপাতার বাঁশিতে ধরবে সুরের টান!
তোর আকাশের চেয়ে আমার মাটির ঘরে আছে ঢের আয়োজন।
ও শরৎ সই থেকে যা একটি রাত,একসাথে দেখবো রাঙা প্রভাত!

২১/০৮/২০২০ইং

মোট পড়েছেনঃ ১,৩৮০জন আজ পড়েছেনঃ ০জন

৩৫টি মন্তব্য

  1. শরতের আকাশ ভাদ্রমেঘে ঢাকা তবুও উড়ে যায় কাশফুলে কিংবা রংধনু বিকালে কিছুধূলিমাখা পথে
    তবুও শরত শরত শরত——অনেক শুভেচ্ছা কবি দিদি

  2. অসাধারণ কবিতা!
    মুগ্ধ হলাম এমন শারদীয় বন্ধুত্বে।

    ★জলাধারশূন্য এখন আমি, সব জল ডাকে পাঠিয়েছি মেঘ বন্ধি খামে বর্ষার নামে।
    তবে আমরা ভেসে বেড়াতে পারি শুভ্র গগনে ধবল বাড়ির উঠোনে,
    কিংবা হারিয়ে যেতে পারি পেঁজো তুলার পাহাড়ি ভুবনে,**

    অনেক অনেক সুন্দর করে বলেছেন!
    একরাশ ভালোবাসা মিষ্টি কবিতায় ❤❤

    1. আপু আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা।
      এতো সুন্দর প্রশংসা পেয়ে সত্যিই আমি আপ্লূত।
      প্রথম থেকেই আপনি আমায় উৎসাহ যুগিয়েছেন।
      অনেক ধন্যবাদ এবং অফুরান ভালবাসা রইলো প্রিয় আপু।

  3. শরতের মেঘের ভেলা ভরা আকাশ, আর বাংলার আনাচে কানাচে কাশফুলদের অবাধ বিচরণ সত্যিই মনটাকে কবি করে তোলে, যদিও আমি আপনাদের মতো লিখতে পারি না……….শারদীয় ভালোলাগা জানিয়ে গেলাম কবি।

    1. ভাইয়া আপনার মন্তব্য আমার কলমের অনুপ্রেরণা হয়ে থাকবে।
      খুব ভালো থাকুন শুভকামনা সর্বক্ষণ।
      আপনার লেখা পড়ে তারপর বলবো বাকিটা।

  4. এমন সুন্দর করে শরৎ আঁকলে মন্তব্যে আর কী ই বা বাকি থাকে !!
    আপনার শরৎ বন্দনায় শরতের আসল রূপ তুলে নিয়েছেন।
    অনেক অনেক সুন্দর।

  5. বাপরে ! কি সুন্দর করে বললেন সব জল ডাকে পাঠিয়েছেন মেঘবন্দি খামে বর্ষার নামে। সত্যিই তো ঐ আকাশের থেকে মাটির ঘরে আয়োজন টা ঢের বেশি। শরৎ সখি হয়ে আসুক সবার ঘরে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  6. সকল কবি গল্পকারদের শরৎ নিয়ে কবিতা ও লেখা আমাকে ভীষন ভাবে টানে। হারিয়ে যাই আমি শরতের মাঝে।
    আমারও বলতে ইচ্ছে করে-
    আয় গলাগলি করি
    কাঁশফুলের সনে
    তোকে নিয়ে হারিয়ে যাই
    শ্বেতশুভ্র কাঁশবনে
    দুজনে মিলে খেলবো আজ
    ঝোলাপাতি
    চঁড়ুইভাতি
    আয় গলাগলি করি।

    দারুন কবিতা। শুভ কামনা রইলো।

    1. শরতের আগমন সত্যি প্রকৃতিকে সবুজ শ্যামল করে সাজিয়ে তোলে।
      আমাদের মনকেও কম,/বেশি রাঙায়।
      আমার লেখা আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
      শুভেচ্ছা অবিরাম।

  7. চমৎকার লিখছেন আপু সত্যি মুগ্ধ হলাম, শরৎকাল আমারও প্রিয় ঋতু কবিতায় মুগ্ধতা ছড়িয়ে গেল।
    ভালো থ্কুন, শুভ কামনা রইল আপু

    1. দাদা আপনার ভালো লেগেছে এটাই আমার কলমের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
      ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
      ভালো থাকুন শুভকামনা রইল

  8. তোর আকাশের চেয়ে আমার মাটির ঘরে আছে ঢের আয়োজন।
    ও শরৎ সই থেকে যা একটি রাত,একসাথে দেখবো রাঙা প্রভাত।”
    অসাধারণ।এমন আহ্বান উপেক্ষা করার সামর্থ্য বোধহয় নেই।
    শুভ কামনা।

  9. আপনার মতো করে লেখকের শৈল্পিক শব্দের কারুকাজে শরতের স্বপ্ন দেখতে আমি অপারগ আপু। সাধুবাদ জানাচ্ছি।

    দারুণ লিখেছেন। শুভকামনা রইলো।

    1. কি যে বলেন ভাইয়া আপনি কতো ভালো লিখেন বিষয় ভিত্তিক লেখা। আমার ও লিখতে ইচ্ছে করে কিন্তু সাহস হয়না। আপনার লেখা আমার ভীষণ ভালো লাগে অনেক কিছু জানতে পারি।
      আমায় অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

      1. আমি লেখক নই ঠিক কিন্তু পাঠক ততোটা মন্দ নই।দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি ভালো লিখেন।
        শুভকামনা আপনার কলমের জন্য।

  10. আরে বাহ্! সুনিপুণ হাতে কারুকাজ।
    শব্দের পিঠে শব্দ বসিয়ে চমৎকার এঁকেছেন
    শরৎ সইকে।
    শরৎ সই থেকে জানা বাপু এর একটা দিন বেশি😃😃

    1. দেখতে দেখতে চলে গেলো শরৎ।
      আমার প্রিয় ঋতু শরৎ।
      এতো সুন্দর মন্তব্যের জবাবে শুধু ধন্যবাদ নয় প্রাণভরা ভালোবাসা রইলো আপু।

মন্তব্য করুন