শহরটার মন ভালো নেই!

আজ শহরটার মন ভালো নেই,
মন ভালো নেই শহরের বাসিন্দাদের।
কেউ কারো পায় নাকো দর্শন,
পায় নাকো খুঁজে স্পর্শের বীজমন্ত্র।
নিশুতি আঁধারে দাঁড়কাকটির আত্নচিৎকারে-
নিদ্রালু চোখে শুধুই আতংক বিলাস।
অন্তঃকরণের অন্তরালে বেজে ওঠা ডামাডোলে অন্তরাত্মা কেঁপে উঠলো;
আনাচে-কানাচে ঘটে চলেছে অশনি সংকেতের গোপন অভিসার।

অদৃশ্য অরিরা হেম-পেয়ালা হাতে অপেক্ষমাণ সম্মুখ দ্বারে;
অশরীরী-আত্নারা ভোজ-উৎসবের বৈতানিক অরীয় চক্রে নৃত্যরত।
আজ শহরটা ভালো নেই;
চারদিকে বিস্তীর্ণ-ধূসরতায় শবের দীর্ঘ-মিছিল;
দূর থেকে প্রিয়জনের ভয়ার্ত দৃষ্টিতে উধাও লোনাজল ।
অহঃ আগমে নেই ছোটাছুটি, দৌড়ঝাঁপ;
নিস্তব্ধতার বলয় চাদরে ঢাকা উলঙ্গিনী শহর।

চৈত্রের খরতাপে পুড়ে কয়লা হয় নাকো সোনার অঙ্গ খানি;
বন্দী কাটরায় প্রহেলিকায় জড়িয়ে ছটফট করে পরান-পাখি।
আজ শহরটার মন ভালো নেই;
মন ভালো নেই বয়োঃসন্ধিতে আগত কিশোর-কিশোরীর;
মনের অব্যক্ত কথা গুলো বদ্ধ দেয়ালের ইট-সুড়কিতেই গেঁথে রয়।
ক্ষুধার্ত নেড়ি কুকুরটা গলির মুখে তন্দ্রাচ্ছন্ন;
নেই কোনো হাঁকডাক, নেই কোনো জলাতঙ্ক।
আলস্য-নিমগ্নতায় ডুবে আছে- উচ্ছল, প্রগলভতা শহরটা।

মোট পড়েছেনঃ ১,২০৯জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. ঠিকই বলেছো, বান্ধবী, আজ শহরটার মন ভালো নেই।
    আলস্য-নিমগ্নতায় ডুবে আছে- উচ্ছল, প্রগলভতা শহরটা।

    চলো কাল থেকে শহরটার মানুষগুলোর মন ভালো করে দেই। আগে নিজেকে হাসাই, তারপরে সেই হাসি ছড়িয়ে দেই সবখানে। তারপরে একদিন সবার হাসিতে শহরটা হেসে উঠবে।

    1. ধন্যবাদ তোমাকে প্রথম মন্তব্য করেছো। খুব সুন্দর বলেছো নিজেকে হাসাই তারপর সেই হাসি ছড়িয়ে দেই। ভালো লাগলো। ভালো থেকো সবসময় শুভ কামনা রইলো

      1. আমিও তো সেই চেষ্টাই করে যাচ্ছি রে।

        তুমিও ভালো থেকো। যার হাসি সুন্দর, তাকে বাঁচতে হবে। সে হাসির কথা না বললেও তার মুখের স্নিগ্ধ হাসিতে হাসবে চারপাশ।

  2. বর্তমানে মনে এক ভূতুড়ে নগরীতে বাস করছি। সন্ধ্যাবেলায় বেরুলে মনে হয় রাতদুপুর হয়ে গেছে।
    কোথাও কোনও মানুষ নেই। পাড়া মহল্লার অলিগলিতে একটা কুকুরও দেখা যায় না। এতেই বোঝা যায় যে, আমরা এক কঠিন সময় পার করছি।
    তাই এই সময়ে সপরিবারে ভালো থাকার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।

  3. এটা যেন পৃথিবীর সব শহরের গল্প, যার আনাচে-কানাচে ঘটে চলেছে অশনি সংকেতের গোপন অভিসার। ………..অশনি সংকেত কেটে আসার সূর্য্য উদিত হবে এই প্রত্যাশায় এখন শহরবাসী।

  4. “আজ শহরটার মন ভালো নেই,
    মন ভালো নেই শহরের বাসিন্দাদের।
    কেউ কারো পায় নাকো দর্শন,“

    প্রতিদিন যখন চোখ বুলিয়ে যাই
    দিদির লেখায় প্রিয় সোনেলায়
    মন ভরে যায়
    শুভ কামনায়।

  5. কবে যে এই অবস্থা থেকে মুক্তি মিলবে জানি না
    সৃষ্টিকর্তা কবে যে মুখ তুলে চাইবেন
    আর ভালো লাগছে না

    চমৎকার লিখেছেন দিদি
    ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  6. শহরের মন ভালো নেই অনেকদিন ধরেই। সাথে শহরবাসীদের। অনিশ্চিত দিন গুলো ফুরিয়ে যাবার অপেক্ষায় দিন গুনতে ভুলে যাচ্ছি। শুধু শূন্যপানে তাকিয়ে অদৃশ্য শক্তির কাছে প্রশ্ন রাখি, ” আর কত? এবার সব ঠিক করে দাও ”

    ভালো থাকুন, নিরাপদে থাকুন,
    শুভ কামনা 🌹🌹

  7. সুনসান নিরবতা শহরের বুকে যেন কিসের অনুপস্থিত।‌ শহরের মন ভালো নেই শব্দের গাঁথুনিতে একটা চমৎকার একাকীত্ব ফুটিয়ে তুলেছেন। শহরটা ঘুমিয়ে আছে আবার তাঁর রূপ ফিরে পাবার জন্য।

    1. বাহ্ খুব ভালো বলেছেন তো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সেই রুপ কবে দেখতো পারবো তারজন্য মন ছটফট করছে! ভালো থাকবেন সবসময় শুভ সন্ধ্যা

  8. এই সময়ে মন ভালো নেই কারোরই, শহর ঘুমিয়ে থাকে নিঃশব্দ শ্মশানের মত,

    কবিতাটি একটু বেশিই ভালো লেগেছে ছোটদি,
    শুভ কামনা।

    1. 😍😍 একরাশ ভালোবাসা ও ধন্যবাদ দাদা ভাই। শহর শ্মশান হয়ে গেছে, আমরা শ্মশানে বসে আছি মৃত্যুর অপেক্ষায়। কখন যে কার ডাক পড়ে কে জানে! ভালো থাকবেন, ঘরেই থাকুন সবাইকে নিয়ে। শুভ কামনা রইলো

মন্তব্য করুন