হাসপাতালীয় উষ্ণতা

খুচরো খুচরো শব্দ খরচ করে কিছু বলতে চাই আমি
যথেষ্ট ধার-দেনায় ডুবে আছি
নি:শ্বাসের সাথে ঝুলে থাকা ক্রেডিট কার্ডটার ব্যালেন্সে
আর প্রেম-ভালোবাসা নেই, ফুরিয়ে গেছে;
হাই ইন্টারেস্ট দিয়ে শোধ করার চেষ্টা চলছে রোজ
এতো এতো “আমি-তুমি”র বাজারে পাঁচ পার্সেন্ট ডাটার উপর নির্ভর করে এই যে বলছি, এবং লিখছি;
কেউ কি বুঝবে কতো কষ্ট পঞ্চান্ন ডিগ্রী এঙ্গেলে নতুন করে বসতে শেখার গল্পে কি ভয়ঙ্করভাবে শিশুকাল মধ্যবয়সকে ধাক্কা দিচ্ছে?
সবাই কবিতার কথা বলে,
ভাবনা-বিলাসের এখনই প্রকৃত নাকি সময়!
হেলাল হাফিজই তো বলেছিলেন, এখন যৌবন যার, তারই নাকি যুদ্ধে যাবার প্রকৃত সময়! আচ্ছা ভাবনা-বিলাসের সময় কি তবে হাসপাতাল?
আমার না অনেক হাসি পায়।
কেউ তো জানেনা এই হাসিও কতো ঢঙের মাধ্যমে পাঁচ মিনিটের কলিং কার্ডের উপর ভর দিয়ে দিন থেকে রাতের কাছে পৌঁছায়! তর্জনী আর মধ্যমা এক করে ওখানে মিথ্যেগুলোকে প্যাঁচাই।

নাহ অনেক হলো!
খুচরো খুচরো শব্দ পাইকারি হারে খরচ করতে গিয়ে ক্রেডিট আবার পাবলিক মোবাইলের হাই ইন্টারেস্টের গ্যাঁড়াকলে পড়ুক, চাইনা।
প্রেম থাকুক ক্রেডিটের বাইরে, হাসপাতালের ব্যথাকাতর শয্যায়।

**এই শুনছো তোমাকেই বলছি, আছি আমি, থাকবোও।

হ্যামিল্টন জেনারেল হাসপাতাল, কানাডা
১৮ জানুয়ারি, ২০১৬ ইং।

দুর্ঘটনার পরে কানাডার হ্যামিল্টন জেনারেল হাসপাতাল হচ্ছে আমার ঠিকানা।কবে সুস্থ্য হবো, কবে প্রিয় সোনেলায় ফিরতে পারবো পূর্বের মত জানিনা। আমার জন্য সমবেদনা প্রকাশকারী প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা।

মোট পড়েছেনঃ ৬৮০জন আজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য

  1. হ্যাঁ নীলাদি শুনছি, আপনি যে থাকবেনই তা তো জানিই 🙂 আমাদের ভালোবাসা রেখে পালাবেন কোথায়? দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসুন এই সোনেলায়। মিস করছি আপনাকে। আপনার ভালোবাসার উষ্ণতা পাচ্ছি আমরা সবাই।
    লেখা ভালো লেগেছে।

  2. দ্রুত সুস্থ হয়ে যান আপু।
    কদিন আগেই শুনেছি আপনার এক্সিডেন্ট এর কথা! কোথায় নক করলে আপনাকে পাবো বুঝতে পারছিলাম না! যাক সোনালায় দেখে ভালো লাগছে! 🙂

  3. এই শুনছো তোমাকেই বলছি, মিথ্যে কে সত্যি ভেবে প্যাচাস না, নরম আঙ্গুল কেটে যাবে।
    সোনেলায় আবার ফিরবে কি বলছো? কোথাও গিয়েছ নাকি?
    ৫৫ ডিগ্রী বসতে পেরেই ছুটে এসেছ? লেখাতো দেখি একদম টনটনে।
    সুস্থ হও জলদি, অনেকদিন চুলোচুলি হচ্ছেনা। অনেক আনন্দ হলো তোমার লেখা পড়ে, যদিও খুচরো খুচরো মন খারাপ হলো, ও কিছুনা।

  4. একটা কথা আছে না, মনের অসুখ সবচেয়ে বড় অসুখ। দিদি, সত্যি বলছি তুমি মোটেও অসুস্থ না, সামান্য শারীরিক আঘাত মাত্র। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে এই কামনা করি।

    1. আনিছ ভাইয়া আমায় যারা চেনে, তারা জানে এই একটা জিনিসের অভাব আমার নেই। আর সেটা হলো মনোবল।
      ভেঙ্গে যাবো, কিন্তু মচকাবো না।
      আপনাদের প্রার্থনায় ফিরে এলাম আবার।

মন্তব্য করুন