সোনেলার ব্লগার স্বর্গের মেঘ পরী আর নেই – তিনি আর লিখবেন না কোনদিন


সোনেলার ব্লগার স্বর্গের মেঘ পরী আর আমাদের মাঝে নেই । গতকাল এক সড়ক দুর্ঘটনায় এই জগতের মায়াজাল ছিন্ন করে চলে গিয়েছেন না ফেরার দেশে । আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি । আল্লাহ তাঁকে শান্তি দিক ।

স্বর্গের মেঘ পরীর সর্ব শেষ কবিতা । তাঁর ফেইসবুক আইডি থেকে নেয়া ।

” অদৃশ্য অনুভূতি “
——স্বর্গের মেঘ পরী

তোমার ছোঁয়ায় ,
রঙিন হয় আমার
প্রত্যেকটা অনুভব,
হয়তো প্রলাপ,
হয়তো সমুদ্রের
পাড়ে আছড়ে পড়া ঢেউ ,
তবু মনের আকাশে
তারা ফুটে ওঠে অনর্গল, তছনছ
হয়ে যায় শেষ ইচ্ছা,
স্মৃতিহারা বইয়ের পাতা খুলে দেয়
নড়বড়ে সবকটা অর্গল,
জানি কাঁটা আছে,তবু গোলাপের
আশায়
স্বর্গীয়স্পর্শী মায়াবী চাহনি ৷
সমস্ত আকাশ
নীলের স্রোতে ঝরে পড়ছে, তার
বুকের উপর জানি ধূলোঝড়
ঢাকবে মিনার,
চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা,
কুয়াশায় ধোঁয়াটে,
মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে।
রাতপরীদের চুপকথা বার্তাবহ,
যাযাবর
জীবনের হাতছানি,রূপোলি জল শুয়ে- শুয়ে স্বপ্ন দেখছে;
সূর্যের চুম্বনে।- সোনার
শেকলে বাঁধে সংসার,যন্ত্রণা দুঃসহ ৷
ইচ্ছেডানা ভেঙ্গে গেছে কবেই ,
বোবা চোখে অমোঘ ,
ছুঁয়ে দিলে তুমি ভুল করে,
কতোটুকু বিষ রেখেছো আড়াল কোরে সোনালী ঐ প্রেমের পাশে ! তোমার চোখে
কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম
যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত
তান দিগন্ত থেকে দিগন্তে ।
( তারিখ:  ১০ জুন ২০১৪ )

মোট পড়েছেনঃ ১,৩০৪জন আজ পড়েছেনঃ ০জন

৪২টি মন্তব্য

  1. ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। খুবই মর্মান্তিক ঘটনা, শুনে খুব খারাপ লাগলো তা না হতবাক হয়েছে সংবাদটিতে। খারাপ লাগলেই কি আর করতে পারবো আমরা কারণ এ যে মৃত্যু যার স্বাদ সবাইকেই নিতে হবে। তার বিদাহী আত্মার মাগফেরাত কামনা করছি।

  2. খারাপ লাগছে আমরা আমাদের সোনেলা পরিবারের একজন সদস্যকে হারালাম। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক -আমিন।

  3. এতোটুকু একটি মেয়ের এভাবে চলে যাওয়া মানতে পারছিনা. বিধাতার কাছে তাকে শান্তিতে রাখুন এটুকুই চাই..ভালো থেকো তুমি পরী.

  4. ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন । আমি তাঁঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।
    বুকের মাঝে এক অজানা কষ্ট এসে ধাক্কা খেলো। আর কত প্রান গেলে সবাই সচেষ্ট হবে এই সড়ক দুর্ঘটনায় অকালে প্রান ঝরা বন্ধ হবে।

মন্তব্য করুন