মনের ভেতরের মন

জীবনের একটা সময় আসে যখন কেউ কোথাও থাকেনা । সে সময় কি করা উচিত কষ্ট নেয়া ? একা একা মুখ ভার করে বসে থাকা ? নাহ আমি মনে করি ওই সময়টাতেই নিজেকে জানা আর নিজের আনন্দ খুঁজে নেয়া । কারণ আনন্দই আনন্দকে টানে…আর যতো কষ্টের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা , ততোই কষ্টের পরিধি বিস্তৃত হতে থাকে…কষ্টের মধ্যেও যে মানুষ আনন্দের সন্ধান করে , তার কাছে যন্ত্রণা আসতেও ভয় পায়…

**আমি তাই ভালো থাকি…ভালো আছি সুধা

ভয়ঙ্করের ভেতর থেকে সৌন্দর্যকে কুড়িয়ে এনে
চোখের তৃষ্ণায় পুড়তে দিয়ে
ভোরের ঘুম থেকে জেগে ওঠার হাসিটুকু পাশে রেখে
বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙ্গি ।

সুধা আমি ভালো আছি ।

এটুকু বলার জন্যে আমার ঠোঁট নাড়তে হয়না
এই চোখ (যদি সব চোখ ভুলে আমাকেই দেখো) ,
এই মন (যদি এই মনটার গভীরতা বোঝো)
তাহলেই জেনে যাবে ।
এখানে আর কারো জন্যে কোনো মিথ্যে নেই
কোনো ভণিতা নেই ।

সুধা শোনো ,
আবেগ হচ্ছে একটি কাঁটাতারের যে বেড়া
সেই বেড়ার ভেতর যা রাখার নয় ,
তাকেই স্থান দেই
এরপর ভেবে নেই এই তো আমার সব—
আদতে বিশাল দূরত্ত্বের তৈরী করে আনন্দের সাথে আনন্দের
স্বপ্ন গড়ার যন্ত্রকে অচল করে দেয় ,
সু-ইচ্ছেগুলো হুমড়ি খেয়ে পড়ে ;
দিকভ্রম হয় ।

সুধা আমি সেই আবেগকে খন্ড-বিখন্ডিত করে বলছি ,
চলো , এসো আমরা সবাই ভালো থাকি ।

**ভালো থাকতে কেউ চাইলে কারুর সাধ্যি নেই তাকে ভালো থাকা থেকে দূরে সরিয়ে দেবার….। অনেক কিছু পড়া হয় বইয়ের পাতায় । আগে তো শুধু ল্যাপটপেই । কি যে ভালো লাগে বই হাতে নিয়ে পড়তে । যন্ত্র আমাদের যান্ত্রিক করে দিয়েছে । মানুষের আবেগ-স্বপ্ন-ইচ্ছে-আশাগুলোকে এই যন্ত্রের ভেতর রেখে বিশাল বিশাল স্বপ্ন দেখায় । বাস্তবে যা শূণ্য । বড়ো একাকী করে দেয় । চাকরী পেয়ে ভালো কি করেছি জানিনা , তবে বইয়ের একটা শেলফ কিনেছি , বই দিয়ে ভরার জন্যে নয় । মনের ভেতরের মনটাকে ভরানোর জন্যে ।

হ্যামিল্টন , কানাডা
২৩ আগষ্ট , ২০১৪ ইং ।

মোট পড়েছেনঃ ৭৫৫জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. //ভালো থাকতে কেউ চাইলে কারুর সাধ্যি নেই তাকে ভালো থাকা থেকে দূরে সরিয়ে দেবার….।//

    কথাগুলো পড়েই ভাল থাকার ইচ্ছে জাগে 🙂

  2. আপনি সত্যি করে আমাদের মনের কথাই বলেছেন , ভালকে সরিয়ে রাখে এমন সাধ্য কার আছে ।
    সুসংবাদ আপনি কাজ করছেন । বই পড়ুন ,বইয়ের সাথে থাকুন ।

  3. ভালো থাকতে কেউ চাইলে কারুর সাধ্যি নেই তাকে ভালো থাকা থেকে দূরে সরিয়ে দেবার…. (y) (y)
    আপনার লেখায় সব সময়েই মনের ভিতরের মনের খবর পাই।

  4. আসলেই ভাল থাকতে চাইলে কার আছে সাধ্যি খারাপ থাকার। আর সব চেয়ে ভাল থাকা যায় যদি হাতে থাকে বই।দুই পাশে মলাটে মোড়া ওই আশ্চর্য সুন্দর দুনিয়া খোঁজ দেয় কত স্বপ্নপুরীর!!
    বই এর সাথে আপনার এই ভাল থাকা আরো অটুট হোক।
    অনেক ভাল লাগলো লেখাটা… 🙂

  5. বই পড়া হয়না অনেকদিন, তবে স্বপ্ন দেখি এমন করে একটা সেলফ আমারও হবে, আধা মন ভরবে একদিন। আপাতত কস্ট পেলে বেশি করে কস্টের গান শুনি, কাঁটা দিয়ে কাঁটা তোলা 🙂
    ঠিক, নিজেই নিজেকে ভালো রাখতে পারে সবচেয়ে বেশি।

    1. কষ্টে থাকলে কষ্টের গান না শুনতে শিখিয়েছেন একজনে। তাঁর পরামর্শ অনুযায়ীই আনন্দের গান শুনি। ছোট বেলার মায়ের সাথের মধুর স্মৃতি ভাবি। এই ব্লগেই লেখেন তিনি 🙂
      সেলফ বানিয়ে নিন। ধন্যবাদ ………… শুন্য শুন্যালয়

মন্তব্য করুন