আজ নয় কোন ভালোবাসার পংক্তি
বিষাদে ছেয়ে আছে আকাশ,
গোলাপ বাগানে পোড়া গন্ধ
খসে পড়ছে ধূসর পাপড়ি।
আজ নয় কোনো ভালোবাসার পংক্তি
শ্রাবণের অঝোর ধারায় মরুভূমির উত্তাপ
চোখের তারায় জ্বলন্ত কণা,
জল হীন চোখে উত্তাল ঢেউ।
আজ নয় কোন ভালোবাসার পংক্তি
সবুজ ঘাসের বুকে ছাই চাপা আগুন
নীরবে বয়ে যায় ছিন্ন বীণার সুর
সাত সুরে হয় না বাঁধা ভোরের গান।
আজ নয় কোন ভালোবাসার পংক্তি
ঘুমন্ত পরীরা জাগবে না আর
কল্পনার রাজ্যে হবে না গল্প লেখা
রাক্ষুসে দৈত্য নিয়েছে কেড়ে
সবুজ প্রজাপতির রঙিন ডানা।
কত রাত, কত প্রহর যাবে কেটে
ওরা আসবে না, ওরা আসবে না আর ফিরে
বিষাদে ছেয়ে আছে আকাশ
আজ নয় কোন ভালোবাসার পংক্তি।
২টি মন্তব্য
শাওন এরিক
অসাধারণ
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।