আমি বদলে গেছি অনিকেত

বদলে গেছি আমি,
খুব বদলে গেছি অনিকেত!
তোমার সংস্পর্শে এসে,
তোমার সান্নিধ্য পেয়ে,
আমূল বদল এসেছে-
আমার উড়নচণ্ডী স্বভাবে।

একটা চার দেয়ালের বদ্ধ ঘরে-
বন্দী করে নিয়েছি নিজেকে।
ঘরটা বেশ অন্ধকার করে রাখি সারাদিন,
জানালা বন্ধ থাকলেও আলো আসতে পারে!
তাই পর্দা একটার পিঠে আরেকটা এমন ভাবে আটকে রেখেছি যাতে আলো না আসে।

আমি আর বারান্দায় দাঁড়াই না আকাশ দেখতে,
ছাদে যাই না চাঁদের স্নিগ্ধ রূপোলী আলোয় ভিজতে!
আমি আর কল্প-কথার গল্প সাজাই না আপন মনে!
কবিতা পড়ি না তৃষিত হৃদয়ের তৃষ্ণা মেটাতে,
আবৃত্তি করি না আর প্রিয় কোনো কবির কবিতা!
আমি আর শুনিনা শ্রীকান্ত আচার্যের গাওয়া প্রিয় গান
‘আমি খোলা জানালা, তুমি ঐ দখিনা বাতাস’
শুভমিতার গানের তালে তাল মিলিয়ে গান গাই না
‘স্বরলিপি নেই কোনো কান্নার’
বিশুদ্ধ বাতাসের খোঁজে ছোটাছুটি করি না বন-বাদারে!
আমি আর বাইরে বের হই না প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে,
কফির নেশা উঠলে ছুটে যাই না কফিশপে!
আড্ডা দেই না কারো সাথে,
সাংগঠনিক মিটিং এ অংশগ্ৰহণ করি না।
শোক বাড়ি, বিয়ে বাড়ি কিংবা অন্য যেকোনো অনুষ্ঠান
থেকে নিজেকে গুটিয়ে রাখি।

এখন আমি কাঁদি না, হাসি না
কথা বলি না কারো সাথে।
অল্প সময়ে এতো বেশি কথা হয়েছে তোমার সাথে-
যে আর কোনো কথায় অবশিষ্ট নেই আমার জীবনে!

বদলে গেছি আমি,
খুব বদলে গেছি অনিকেত!
তোমার ক্ষণিক আগমনে,
চিরস্থায়ী বদলে দিয়েছে,
চঞ্চল প্রাণবন্ত দুরন্ত আমি’কে!

মোট পড়েছেনঃ ১,৩২০জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. গভীর কষ্টে , আঘাতে মানুষ অনেক সময় নিজেকে এভাবেই গুটিয়ে নেয়। তবে বেরিয়ে আসুন বাইরে , নিজেকে মেলে দিন। সবার সাথে মিশুন । শুভ সকাল

  2. অনিকেত/অনির্বানেরা বেশ জাঁকিয়ে ওম দিয়ে যাচ্ছে বদ্ধ কুঠিরিতে।
    বর্ণনা কিন্তু ফাইন হচ্ছে।
    কফি-কুফি খাওয়া ভালু না।

  3. বদলে যাওয়ার দারুণ অনুভূতির প্রকাশ — বদলে গেছি আমি,
    খুব বদলে গেছি অনিকেত!
    তোমার ক্ষণিক আগমনে,
    চিরস্থায়ী বদলে দিয়েছে,
    চঞ্চল প্রাণবন্ত দুরন্ত আমি’কে!
    — শুভেচ্ছা।

  4. বদলে যাওয়ার সুন্দর অনুভূতির প্রকাশ দিদি,

    বদলে গেছি আমি,
    খুব বদলে গেছি অনিকেত!
    তোমার সংস্পর্শে এসে,
    তোমার সান্নিধ্য পেয়ে,
    আমূল বদল এসেছে-
    আমার উড়নচণ্ডী স্বভাবে।

    ভালো থাকবেন দিদি শুভকামনা।

মন্তব্য করুন