আবেগের ফল

শৈশব কালে পাখির পালক
রেখে বইয়ের ভাঁজে,
বিশ্বাসী মনে বুক বাঁধিতাম
আশা নিয়ে ভোর সাঁঝে।

দাদু বলিতেন বারে বারে দিয়ে
ফোকলা দাঁতের হাসি,
ভাবিস নে ভাই ঠিক একদিন
বেড়ে হবে রাশি রাশি।

কৈশোর গেলো যৌবন গেলো
রাখিনি তো কভু খোঁজ,
এরই মাঝে কতো বিশ্বাস গেলো
করে অকাতরে ভোজ।

আজ বসে দেখি জীবনের শেষে
খুলে বইয়ের পাতা,
আবেগে গড়া সে বিশ্বাস ছিল
ভিত নড়বড়ে যা-তা।

ভেবে বলি তাই যদি বা আবেগে
ঝরে অক্ষির জল,
মন থেকে গুণ বাদ দিয়ে দ্যাখো
শুণ্যই আসে ফল।।

মোট পড়েছেনঃ ১,৮৬৯জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

    1. একদম যথার্থ বলেছেন প্রিয় কবি।
      মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অফুরাণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন।

মন্তব্য করুন