আগুন এবং আমি

একটা লোকের ঘর পুড়ে যায়, একটা মানুষ পোড়ে,

একটা লোকের ঘরের উপর ধূসর ধোঁয়া ওড়ে।

একটা লোকের মন পুড়ে যায়, যায় পুড়ে ঘর-দ্বোর

একটা লোকের পুড়ছে দুপুর-সন্ধ্যা-সকাল-ভোর।

 

কারোর ঘরটা লাভার উপর, মৃত অগ্নিগিরি,

কারো ঘরে বাইরের আগুন চালায় দাদাগিরি।

কারোর ঘরে তুষের আগুন জ্বলছে ধিকি ধিকি,

কারোর ঘরে-বাইরে আগুন, আগুন চারিদিকই।

 

কেউ পুড়ছে সংসারে, আর কেউ পোড়ে ডান-বামে,

কারো পোড়ার আগাম খবর আসছে হলুদ খামে।

ঘরে আগুন, বাইরে আগুন, আগুন মনের ডালে,

সকাল-বিকাল পোড়ায় আগুন, আগুন সন্ধ্যাকালে।

 

পুড়ছে সকল মানুষগুলো, পুড়ছে প্রতিদিনই,

পোড়ায় যে বিষ, আগুনটাকে আমরা কি আর চিনি!

মানুষ পোড়ে, ঘর পুড়ে রয় তপ্ত মরু ধু ধু,

সুখেই আছি এই পৃথিবীর একলা আমি শুধু।

মোট পড়েছেনঃ ১,১৫৩জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. অনেক দিন পর আমাদের প্রিয় লেখককে আমাদের প্রিয় আঙ্গিনায় ফিরে পেয়ে খুউব ভালো লাগলো। এখন থেকে নিয়মিত লিখুন, পাশেই থাকুন। এই আগুন যেন আপনার গায়ে না লাগে।সুখে আছেন, সুখেই থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন

  2. “পুড়ছে সকল মানুষগুলো, পুড়ছে প্রতিদিনই,

    পোড়ায় যে বিষ, আগুনটাকে আমরা কি আর চিনি!

    মানুষ পোড়ে, ঘর পুড়ে রয় তপ্ত মরু ধু ধু,

    সুখেই আছি এই পৃথিবীর একলা আমি শুধু”।

    কয়েকটি লাইন, এক জীবনের অর্থ বহন করে।
    খুব ভালো লাগলো। আরো লিখুন। শুভকামনা।

  3. আগুনে পুড়েই সোনা খাঁটি হয়,
    কেউ পুড়ে নিজেরে পোড়ায়,
    আপন জনম সার্থক করতে মানুষও হয়তো পুড়ে খাঁটি হয়। অন্তরের ধ্বিকিধ্বিকি আগুন মানুষকে বাঁচিয়ে রাখে।
    দীর্ঘদিন পর ব্লগে এলেন। স্বাগতম নজরুল ভাই।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন