জীবন যাত্রা কেমন যেন যান্ত্রিক হয়ে পড়ছে। ঘড়ির কাঁটার সাথে সময় ধরে চলা। ওষুধ খাওয়ার মত হিসেব মেপে মেপে চলা। ব্যস্ততার আড়ালে নিজেকে লুকিয়ে রাখা। ইট সিমেন্টের শহর যেন আমাদের চারপাশে এক অদৃশ্য দেয়াল। সেই দেয়াল ভেঙে মন খুলে কথা বলা হয় না। আমরা সবাই চলছি তো চলছি। এ যেন গন্তব্য হীন পথ চলা। একই গন্তব্য হলেও কথা হয় না। চলার পথে অজানা কাউকে বিশ্বাস করা যায় না। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, না জটিল থেকে জটিলতর হচ্ছে। এটাও সময়ের ভাবনা। বিশেষ করে আমরা যারা চাকরিজীবী তাদের কাছে সময় যেন সোনার হরিণ। একটা ফোন কল তবুও যেন সময় ও সুযোগ করে করা হয়ে ওঠেনা। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলা হয়ে উঠে না। আষ্টেপৃষ্ঠে বাঁধা ব্যস্ততা না ইচ্ছা। যন্ত্রের মতই চলছি, প্রকৃতির হাওয়া কোথায়। তবু চেষ্টা করি পারিবারিক ও সামাজিক দায়িত্ব গুলো পালন করার জন্য। কিন্তু কতটা পারছি। কতদিন ভাবি একে কল দিবো, ওকে কল দিবো। ভাবনা টুকুতে শেষ। স্যোশাল মিডিয়া আমাদের দুরত্ব কমিয়ে দিয়েছে। ফেসবুক, মেসেঞ্জার এর বদৌলতে মোটামুটি সবার খবর পাওয়া যায়। সে তো আরেক যান্ত্রিকতা। মনের আবেগ আর উচ্ছাস প্রকাশ করা যায় না। প্রযুক্তি আমাদের সময়ের দুরত্ব ঘুচিয়ে দিয়েছে। আত্মার বন্ধন ধীরে ধীরে লোপ পাচ্ছে। মনের উৎফুল্লতা হ্রাস পাচ্ছে। আসলেই কি দিন দিন আমরা যান্ত্রিক হয়ে পড়ছি।