বাবা একটা সুখাশ্রম

আমার মনে পড়ে না
কখন? আপনি আমায় সযত্নে চুমু খেয়েছিলেন।
কখন? আমায় জড়িয়ে ধরে খুব কেঁদে ছিলেন।
আমার মনে হয়েছে একদিন
আমি সজ্ঞানে জড়িয়ে ধরেছিলাম আপনাকে
ম্যাগনেফাইং কাঁচের মতো চোখ জোড়া রেখে
আপনার কুঁচকানো চামড়ার ভাঁজে দেখেছিলাম
একটা পরম তৃপ্তির ঝলকানি।
.
আমার মনে পড়ে না
কখন? আপনি আমাকে নিরবে শুয়ে রেখেছিলেন
বিছানা কিংবা প্রাচীন কোনো নিরাপদ উষ্ণ জমিনে।
.
মনে পড়ে এক নির্জনতায়; আমার বাবাকে
অগণিত চুমু খেয়েছি চোখে মুখে মা’য়ের ব্যস্ততায়
আমার বুকে বারবার আগলে রেখেছি
মাথার চুলে নিঃশ্বাস ভরে চুমু খেয়েছি
তারপরেও মনে হয় বাবাকে ধরতে পারিনি
মেশাতে পারিনি—
শক্ত করে আমার বুকের সাথে বাবা’র বুক।
.
আমার মনে পড়ে
আপনার দেহটি তখন হাড্ডি ভাসা দেহরূপ
জাপটে ধরে মনে হয় তুলতুলে শিশুর মতো
আমার সব মনে পড়ে; বারবার মনে হয়েছে-
বুকের সাথে মিশিয়ে আমার ভেতর বাঁচিয়ে রাখি।
.
আমার স্পষ্ট মনে পড়ে, একদিন রাতে-
অশ্রুসিক্ত আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করেছিলাম।
বাবা না হয়েও, আমি যেন‌ সেদিন বাবা হয়েছিলাম
তারপর মা বলেছিলো-“আদর করিস তোর ছেলেকে?”
কান্না শুনে আপনিও বলেছিলেন, আমার মনে পড়ে-
কাঁপা কাঁপা ক্লান্ত হাত মাথায় ছুঁয়ে– “কান্দিস না।”
  .
বৃহস্পতিবার
আজ এই মেঘাচ্ছন্ন বিকেল বেলায়
আমার মনে পড়ে দিনের আলোর মতো
আমি কোলে তুলে বিছানায় নিয়ে গেলে
বাবা খুব নিরবে ঘুমিয়ে পড়ে, বাবা শুনে না-
বাবা কি কোনোদিন শুনবে না-
                “আস-সালাতু খাইরুম মিনান নাউম”
 .
এরপর! সেই থেকে আজ
আমার বাবা, শীতের সকালে কুয়াশা দেখে না
আমার বাবা, খুব ভোরে বাবা বলেও ডাকে না।
[#উৎসর্গ : আমার জন্মদিনে জন্মদাতা বাবাকে]
মোট পড়েছেনঃ ৯৩৭জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. পৃথিবীর সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
    বাবা, নিজেই যেন একটি পৃথিবী।পরম সুখের ঠিকানা।চাওয়া– পাওয়ার আস্তানা। কিন্তু যার বাবা নেই, সেই কেবল বুঝে কি নেই তার কাছে? দারুন ভাল লাগা। এক কথায় চমৎকার উপস্থাপন।

  2. প্রথমেই শুভেচ্ছা জন্মদিনের।

    দারুন কিছু কথা বলেছেন যা খুব কষ্ট ও বেদনার। এখন বাবা হয়েছি। অনেকদিন গ্রামে থাকার পর যখন আসি। গাড়ি ঘরের সামনে চলে এসেছে। ঢাকা কোচ। ডাকছে! আর ছেলে দুই পা ধরে কাঁদছে। জোর করেই চলে আসলাম। মনে কষ্ট ও ভাল বাসা নিয়েই।
    পরে ছেলে আম্মু বলেছে, ”তুমি আমাকে জোর করে আনলে কেন? আমি আব্বুকে যেতে দিতাম না। ।” জানিনা কতদিন পর যাব। আল্লাহ সহায় হোক কামনা করি।
    আমিও বাবামা দুইজনকেই হারিয়েছি। রাব্বির হামহুম্মা কামা রাবিই ইয়ানি সাগিরা। এই দোয়ায় আল্লাহ কবরের সকল বাবামাকে সব আজাব থেকে মুক্ত রেখ। কিয়ামতের আগপর্যন্ত। আমীন।

    1. আপু সত্যি একটা আবেগ নাড়া দেয়। আমি বারবার পড়ি এবং যেন চোখের সামনে সব ভাসছে। চোখের জলে কবিতাটি স্বার্থক ❤।

      ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময় 😍

  3. শুভ জন্মদিন এর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। বাবাহীন প্রথম জন্মদিন এটা খুবই কষ্টের। উনি ওপারে ভালো থাকুন আর আপনার জন্য অবশ্যই তার দোয়া , শুভ কামনা থাকবে। বাবা হলো সুখাশ্রম -খুব ভালো বলেছেন। ভালো থাকবেন সবসময়।

    1. আপু, সত্যিই লেখাটি অনেক আবেগপ্রবণ করে তুলে। আমি পড়ি আর যেন দেখি চোখের সামনে সব ভেসে আছে। চোখের জলে কবিতাটি স্বার্থক।

      সুস্থ থাকবেন সবসময় 💖

মন্তব্য করুন