হতাম যদি—-মীরা দাস (আমার মামনির লেখা কবিতা)

আমার মামনি…

ফুল হয়ে আমি, জন্ম নিতাম যদি
সবার তরে বিলিয়ে দিতাম গন্ধ নিরবধি।।

জন্ম যদি হতো আমার প্রজাপতির মতো
রঙ বেরঙের ডানা মেলে ঘুরতাম অবিরত।।

আবার পানকৌড়ি হতাম আমি যদি
ডুব সাঁতারে পাড়ি দিতাম যত নদনদী।।.

এ জগতে আসতাম যদি আমি ভ্রমর হয়ে
মনটা সবার ভরিয়ে দিতাম গুনগুনাগুন গান গেয়ে।।

পাখী হয়ে জন্ম যদি নিতাম এই আমি
কলকাকলীতে মাতিয়ে দিতাম সারা বনভূমি।।

আবার যদি জন্ম নিতাম রাজহংস হয়ে
ধবল ডানায় পূবালী বাতাস আনতাম আমি বয়ে।।

বটবৃক্ষ হয়ে যদি জন্ম আমার হতো
ছায়া সুশীতল হাওয়া আমি দিতাম অবিরত।।

মানব জনম শ্রেষ্ঠ জনম শুনেছি অহরহ
মানবও যে দানব হয়, দেখেনা তো কেহ।।
========================
মামনির অজস্র লেখা হারিয়ে গেছে, কিছু লেখা একেবারে ঝাপসা হয়ে আছে। গেলোবার দেশে গিয়ে একটা ডায়েরি পেয়েছি, ওটা নিয়ে এসেছি। তখনকার দিনে কালি কলমে লেখা। কয়েকটি লেখা স্পষ্ট। তার মধ্যে থেকে এই একটি লেখা ব্লগে তুলে ধরলাম। 

মোট পড়েছেনঃ ৭৭৬জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

    1. মামনির লেখার খাতাটা হারিয়ে গেছে। এখন একটা ডায়েরিতে কিছু লেখা পেয়েছি। কিন্তু সবগুলো স্পষ্ট না।
      যে কয়েকটা স্পষ্ট আছে, দেবো এক এক করে।

      ধন্যবাদ আপনাকে।

    1. মামনির একটা খাতা খুঁজে পেয়েছিলাম। রেখেও দিয়েছিলাম আমার বইয়ের লাইব্রেরিতে। কিন্তু আমার বিয়ের সময় সব এলোমেলো হয়ে যায়। খুঁজে পাইনি আর। 🙁

    1. নানা আছে আরোও কিছু লেখা। আসলে কালি-কলমে লেখা তো! লেখা অস্পষ্ট হয়ে গেছে। কয়েকটা স্পষ্ট আছে। সেসবই দিচ্ছি।

      মামনির ভালো থাকার জন্য প্রার্থনা করো নানা।

  1. কি সুন্দর ছন্দ মিলিয়ে লেখা! বেশ দারুন লেখার হাত মাসীর।
    খারাপ লাগলো লেখাগুলো হারানোর কথা শুনে।
    দেখো চেষ্টা করে বাকিগুলো কতোটা ঠিক করা যায়।
    দিতে থাক ব্লগে আমরা পড়ি।
    ভালবাসা নিও আপু। ভালো থেকো সব সময়।

    1. বেশ কয়েকটা গল্প পেয়েছি। কিন্তু অস্পষ্ট অক্ষর। আর আমি চাই না নিজে থেকে কোনো শব্দ যুক্ত করতে। সামনের বছর দেশে আসবো, তখন লেখাগুলো মামনিকে দিয়েই ঠিক করিয়ে নেবো। কেমন হবে ব্যাপারটা আপু, বলো তো!
      যে কয়েকটা কবিতা স্পষ্ট আছে, সেসব দেবো।

      ভালো থেকো তুমিও।

  2. তাইতো ভাবি কাকের সংখ্যাধিক্য হলো কী ভাবে!

    ডায়েরিটা তুলে এনে ভালই করেছে, যা জানতে পারিনি সেটি জানছি!

    তাঁকে আমার ভালবাসাময় শুভেচ্ছা জানাবেন!!
    আহা ছায়ার সু-শীতলতা টের পাচ্ছিতো।

    1. ডায়েরিটা পেয়েছি আচমকাই। গতবছর দেশে গেছি। মামনির আলমারিতে কি খুঁজতে গিয়েছি, দেখি একটা ডায়েরি। মামনিকে বললাম, তুমি কি আবার ডায়েরি লেখা শুরু করেছো? মামনি বললো, অনেক কাল আগের ডায়েরি। খুলেই দেখি কবিতা। তারপর তো এই দিলাম। তবে কালির কলমে লেখা, বেশ কিছু লেখা অস্পষ্ট হয়ে গেছে।

      ধন্যবাদ দিলুম আপনাকে।

মন্তব্য করুন