সম্পর্কের দরোজা-জানালা

এক :-
তাকে আমার দেখা হয়নি আজও,
সেও কখনো চায়নি আমায় দেখতে। 
তবুও কী জানি একটা সম্পর্ক অরবে এতোটা পথ—
নীরব বিস্ময় চিহ্নের মতো স্থির-শান্ত;
কখনো নদী হয়ে ওঠেনি, কিংবা ঝড়!

আভাস…

দুই :-
এখন তোমাকে দেবার কিছুই নেই আমার কাছে।
না সত্যি, না মিথ্যে
দেয়া কিংবা নেয়া, চাওয়া কিংবা পাওয়া
নিজস্ব প্রয়োজনে সময় যেভাবে দিন-রাত পরিভ্রমণ করে,
অস্পষ্টতায় আমিও তোমাকে।

অস্পষ্টতা…

তিন :-
একদিন সম্পর্কের মৃত্যু হবে নক্ষত্রের মতো
একদিন এই আবেগটাও গ্রাস করে নেবে ক্ষুধার্ত ব্ল্যাকহোল
জানি আমি।
কারণ হৃদয় কখনো নিঃস্বার্থ প্রেম বুনতে পারেনা।

আলোর আবেগ…

 

চার :-
সেই কবেকার কথা! আমরা এখন পুরোনো হয়ে গেছি।
নাগরিক দৃশ্য দেখি,
আবেগের চাষ আর করিনা।
চলে এসেছি বহুদূরে—
কেউ কাউকে আর ডাকিনা স্বপ্নচোখে।

স্বপ্নালু…

পাঁচ :-

আমাকে আর পাবেনা কখনো তুমি।
যে আমি নদীর মতো সহজ ছিলা্ম,
মোমের আলোর মতো স্নিগ্ধ;
বিপন্ন আজ নদীর অস্তিত্ব, কংক্রিটের নিচে চাপা পড়ে যাচ্ছে।
জানোনা,
বিলীন হয়ে যাওয়া মৃত নক্ষত্র কখনো আর জ্বলে উঠতে পারেনা?

স্নিগ্ধতা…

 

হ্যামিল্টন, কানাডা
১৩ সেপ্টেম্বর, ২০১৭ ইং।

মোট পড়েছেনঃ ৭৮৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. কী অদ্ভুত সুন্দর এক একটি খণ্ড কবিতা! সময়ের সাথে সাথে আমরা পাল্টাই নদীর মতোই, তাকে কি আর পাওয়া যায়!
    আবেগের চাষ আমরা করি নীলাপু, নাগরিক স্টাইলে, সময়ের চাহিদার সাথে সাথে কিছু তো মানিয়ে নিতেই হয়।
    ক্ষুধার্ত ব্ল্যাকহোল শব্দটা মনে ধরেছে 🙂
    সম্পর্কের দরোজা-জানালা এখন স্লাইডিং এর মতো। খিলান লাগেনা, সব দেখা যায় এপাশ ওপাশ।
    কী সুন্দর লেখো তুমি নীলাপু। বেশী সুন্দর।
    -{@ -{@

    1. আমার লেখাটিকে আকর্ষণীয় করে তোলে তোমার অতুলনীয় মন্তব্যে।
      শুন্য আপু কিভাবে পারো এতো অলঙ্কৃত করতে?
      Give me a hug তিলোত্তমা। -{@ (3

  2. অদেখা হলেও একটি সম্পর্ক হয়েও যায় দু একজনের সাথে।
    কেমন একটা হাহাকার, মরুভিতে পানির হাহাকার যেন সবকিছুতে।
    আমারই কথা গুলো কত সুন্দর ভাবে তোর লেখায় পেলাম।

    1. নানা “সম্পর্ক” এই শব্দটা এতোটাই স্পর্শকাতর যে কাঁচের মতো ভেঙ্গে যেতে পারে আবার হাজার ধাক্কাতেও কিছুই হয়না।
      কেমন আছো তুমি?
      অনেক ভালো থেকো।

  3. আবেগের চাষ আর করিনা।
    চলে এসেছি বহুদূরে—
    কেউ কাউকে আর ডাকিনা স্বপ্নচোখে।

    বাহ ! দারুন আসলেই আমিও স্বপ্ন দেখা ভুলে গেছি নীলাদি।

    1. মজিবর ভাই আমি স্বপ্ন দেখা ভুলিনি।
      নচিকেতার গানের মতোন, “স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন।”

      অনেক ভালো থাকবেন।

    1. আমার লেখার সৌভাগ্য যে আপনার ভালো লেগেছে। তিন নম্বরটা তাহলে তো বেশী-ই ভাগ্যবান।
      অনেক ভালো থাকবেন অপার্থিব।

মন্তব্য করুন