ক্ষমা করিস

দু’দিন হলিডে গেলো। বিকেলে বাচ্চাদের নিয়ে পার্কে যাই। ওরা খেলা করে। আমি বসে থাকি বেঞ্চিতে। মানুষ দেখি। হাস্যোজ্বল মানুষ। হাসি আনন্দে খেলা করা ছোট ছোট শিশু। ফ্যালফ্যাল করে ভাবলেশহীন চোখে চেয়ে থাকি। অন্যদিনের মতো ভালোলাগায় ছেয়ে থাকে না মন। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘ দীর্ঘ শ্বাস …

 

সন্ধ্যা ঘনিয়ে এলে খেলা শেষে পাশের শপিংমলের ফুডকোর্টে বসি। ছেলেদের খাবার দিয়ে চারিদিকে চোখ বুলাই। কোলাহল, হৈচৈ। হাসি, ঠাট্টা’র শব্দ ভেসে আসে কানে। আজ শব্দগুলো কামান দাগার মতো বিঁধে কর্ণকুহরে। ছেলেদের তাগাদা দেই। অস্থির, অশান্ত হয়ে বেরিয়ে আসি। এস্কেলেটরে পা দিয়েই দ্রুত পায়ে উপরে উঠে আসি।

 

রাতটুকু মধ্যরাত অবধি কাটিয়ে দেই প্রিয় জায়গায়। লং আইল্যান্ড সিটি। নদীর ধারে অদ্ভুত এক মনোরম দৃশ্য। এপারে রেলিং ধরে দাঁড়িয়ে থাকি। ওপাড়ে আলো ঝলমলে ম্যানহাটন। এম্পায়ার স্টেট বিল্ডিং আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে। এপার থেকে ওপাড়ের দৃশ্য যতো দেখি, ততোই ভালোলাগে। মুগ্ধতা নিয়ে দেখি। বরাবরই সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই এমন জায়গা দেখবার, সময় কাটানোর সুযোগ পেয়েছি বলে।

 

কিন্তু আজ এখানে দাঁড়িয়ে বিষাদে ছেয়ে আছে মন। সারাদিন কেবলই মনে হচ্ছিলো কেউ আমার বাংলাদেশকে নৃশংসভাবে পিটিয়ে আহত করছে। মার খেতে খেতে মুখ থুবড়ে নিস্তেজ পরে আছে সে। আমার বাংলাদেশ যেন অশ্রুজলে আর্তনাদ করে করে বলছে___” আমি মরি যাইরাম… আমারে কেউ বাঁচাও রে বা ” ভিডিওতে শুনা ছেলেটির কান্নার শব্দ, আর্তি, আর্তনাদ__ এসব কোনভাবেই ভুলে থাকতে পারি না। এক মুহূর্তের জন্যেও না। বেঁচে থাকবার তীব্র আকুতি নিয়ে হুহু করে কেঁদে যাওয়া ছেলেটি আর আমার রিয়াসাত যে একই বয়সী !

 

ক্ষমা করিস রাজন। ক্ষমা করিস। আমরা এপারের মানুষেরা মানুষ নই। পশুও নই। জানোয়ারের চেয়েও নিকৃষ্টতম কিছু। ওপাড়ে এর চেয়ে ঢের ভাল থাকবি। সৃষ্টিকর্তা মহান…

মোট পড়েছেনঃ ৬৬৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. যতবার মনে হচ্ছে ততবারই মনে হচ্ছে আমরা মানুষেরা কতটাই নিষ্ঠুর, কতটাই দয়ামায়াহীন যে পিটিয়ে একজন শিশুকে মেরে ফেলা হয়

    1. পিটিয়ে মেরে ফেলা হয়েছিলো আগেও আরও অনেককে। সাভারে আমিন বাজারে কিছু ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। কিন্তু এবার আমরা ভিডিও তে দেখতে পেলাম, তাই নাড়া দিয়ে গেল প্রবল ভাবে।

  2. অনেক বার চেষ্টা করেও ভিডিও টা দেখতে পারিনি ভয়ে
    বার বার আমার ছোট ছেলের কথা মনে পরে যাচ্ছিল।

    ভালো লাগছে না কিছু আর।

    1. আমি কিছুক্ষন দেখেছি। পুরোটা দেখিনি যদিও, তবুও চোখের পাতা এক করতে পারছিনা দুদিন । আমার ছেলেটির কথা মনে পরে কেবলই।

  3. ভয়াবহ
    মানুষ এত বেদরদী হয় কেমনে।প্রবাসে থেকেও আপনার মন দেশের জন্য্ কাদবে কারন আপনি বাঙ্গালীী।।

  4. কেমন করে জানোয়ার-সমতূল্য কিছু মানুষ এসমস্ত কাজ করতে পারে, করে যাচ্ছে, সেটা ভেবে দেখার সময় আমাদের পেরিয়ে যাচ্ছে আসলে।

    বরাবরের মতোই অতি আবেগি লেখার জন্য ধন্যবাদ।

  5. পশুদের সাথে নিজেদের কিভাবে তুলনা করবো আপু? তারা তো জীবন ধারনের জন্য আরেকজন কে আঘাত করে, আর আমরা?
    আমাদের ক্ষমা করিস রাজন।

  6. অনেক কষ্ট বুককে ঝাঝড়া করে দেয় বাক্যগুলো কানে বাজার সাথে সাথে।
    “আমি মরি যাইরাম… আমারে কেউ বাঁচাও রে বা! ”
    “আমারে একটু পানি খাওয়াও রে বা!
    ভাবি, মানুষ কতোটা পৈশাচিক হতে পারে!!!

    1. আমি মরি যাইরাম… আমারে কেউ বাঁচাও রে বা! ”
      “আমারে একটু পানি খাওয়াও রে বা!___ কথা গুলো এত বেশি কানে বাজে যে, দুদিন অনিদ্রার শিকার আমি… 🙁

    1. মানুষ কতটা অমানুষ হতে পারে পুরো দেশ দেখলো । যারা ভিডিওটি দেখেছে, তাঁদের অনেকগুলো নির্ঘুম রাত কেটেছে __ আমি নিশ্চিত। যেমনটি আমার কেটেছে।

মন্তব্য করুন