উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……ষষ্ঠ ভাগ

বন্ধু মানেই এলিয়ে দেয়া নিরাপত্তার নিঃশ্বাস

একুশ – অহমের প্রতি

শয়তান , বাঁদর , ছাগল , কুকুর , অসভ্য ! তোকে মুক্তি দেবো , তাও আমি ? অতো সহজে ? তোর এ জীবনে মুক্তি নেই , বুঝলি ? আমায় কি পেয়েছিস তুই ? জানিস তোর মতো হাজার হাজার অহম আছে , যাদের সাথে বন্ধুত্ত্ব করতে পারি ? কেন করিনা জানিস ? তুই একা হয়ে যাবি । তিরি ছাড়া কেউ খবর নেয় তোর ? আর বলে কিনা ওঁম শান্তি ! ইচ্ছে করছে লাত্থি দিয়ে তোর কোমড় ভাঙ্গি ।
অতো ব্যস্ততার মধ্যে রাতে বসে ঝিমিয়ে ঝিমিয়ে চিঠি লিখি , আর শয়তান বলে আমি নাকি পারমাণবিক বোমা ! উচিত শিক্ষা পাবি একদিন , দেখিস ।

তোর তিরি

 

বাইশ – তিরির প্রতি

এতোটা বোমা , সাথে গুলিও ; কেন রে মা ? আমার থেকে তোকে কেউ কি বেশী চেনে ? চিঠি পেয়ে এবার কি গুলি মারবি ? নতূন কিছু তৈরী করে নে । শোন মানুষ প্রচন্ড দাবদাহে বৃষ্টি চায় । কনকনে শীতে একটু ঊষ্ণতা চায় । আর নিঃসঙ্গতার নিঃশ্বাসে একজন বন্ধু চায় । মুক্তি কে চায় রে ? এ জীবনে অন্তত আমি চাইনা । মাথায় উঠেই আছিস , বেশী লাফাস না । ঠিক আছে ?

তোর অহম

 

তেইশ – অহমের প্রতি

বাব্বাহ ! তুই আবার কাব্য !!! ঘটনা কি ? এটা তো আমার মাথায় ঢুকলো না ! অহম , তোর নামটা কি সাহিত্যিক একটা নাম , মিষ্টিমনির দেয়া । কিন্তু তুই যে একটা বে-সাহিত্যিক , সেটা কে না জানে ! মানুষ অন্তত গল্পের বই পড়ে , তুই খুঁজিস ছোট ছোট বই । যার পৃষ্ঠা যতো কম , সেটাই তুই পছন্দ করিস । উপমা কি সাধে তোকে ছ্যাঁকা দিয়েছে ? প্রেমিক হিসেবে তুই গোল্লা ।

তোর তিরি

 

চব্বিশ – তিরির প্রতি

অবাক আমিও হলাম । এ কোন তিরি ! যে কিনা কোনো গালমন্দ ছাড়াই চিঠি পাঠালো ? তুই সুস্থ আছিস তো রে ? মাথার সমস্যা কি আবার দেখা দিয়েছে ? সেই যে উচ্ছ্বাসের থেকে ছ্যাঁকা খাওয়ার পর হয়েছিলো ? গতকাল ফোনে তো মনে হয়নি অস্বাভাবিকতা ?
কেমন লাগে এমন শুনতে ? শোন আমাদের মধ্যে একটা দারুণ মিল , দুজনেই ছ্যাঁকা খেয়েছি । তবে তুই তো প্রিয়’র মতো একজন ভালো মানুষকে পেয়ে গেছিস । কপাল আমার একটা প্রিয়া জুটলো না । কি যে এক বন্ধুত্ত্ব করেছিলাম , কিছুই করলোনা আমার জন্যে । একেকজন নিয়ে আসে , আর ওগুলো দেখা যায়…নাহ থাক বললাম না । ভয়ে আছি এতো গুলি-বোমা আমিও ছুঁড়লাম , কি যে হবে পরের চিঠিতে ।

তোর অহম

 

ক্রমশ প্রকাশ্য

হ্যামিল্টন , কানাডা

৯ আগষ্ট , ২০১৩ ইং ।

মোট পড়েছেনঃ ৬৯৮জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

    1. আমার একটা বন্ধু রাত দুটার সময় সেদিন ফোন দিলো । মেজাজ এমন চরমে উঠলো , দিলাম ব্লক করে । কিন্তু আমার এই রাগটুকু ছাগলটা নিতে পারে । বন্ধু যে । কতো কথা হতো আমাদের নিয়ে , কিন্তু আমরা দুটো সেই এখনও দেখা হলে মারামারি করি , গালি-গালাজ তো জলভাত…যখন লেখাটি শুরু করি , কাউকে ভেবে না । লিখতে গিয়ে দেখি অহমের চরিত্রটা বেলালের সাথে মিলে গেছে । তবে তিরির মতো আমি না । 😀

      নানা গো কেমন আছো ?

মন্তব্য করুন