আউট সাইডার

খাদিজাতুল কুবরা ২৬ জুলাই ২০২৫, শনিবার, ০১:১৮:২৮পূর্বাহ্ন কবিতা ২ মন্তব্য

আমার কথারা জমে থেকে থেকে পাথর এখন।
শুকিয়ে গেছে স্নেহ তরল।
দুঃখ পোষা নদীতে বালুর চর জেগেছে সহস্র একর।
সেখানে অনাবাদে রুষ্ট কৃষাণ, হচ্ছে কেবল পশুপালন।
সুখের চিত্রা হরিণ শাবক বড় হয়ে দাপিয়ে বেড়াচ্ছে বন বনান্তর।
আমি আর পিছু নিই না।
জন্মেছি আগাছা হয়ে, লতিয়ে উঠা অত সোজা নয়।
জেনে গেছি কুয়াশা মাখা ভেজা চোখ সূর্যের প্রখরতার কাছে হেরে যায়।
যেতে হয়।
এখন শুধু শুধু খরচ করতে ভয় পাই যাবতীয় আবেগ!

স্পর্শের অভ্যেস বড় স্পর্শকাতর!

সামরিক শাসক হয়ে উঠে নিজস্ব কোষ! কেন আসে মৌ মৌ গন্ধ সমেত? যদি ফেরার তাড়া, তাড়া করে!

ভীষণ মাথা ধরায় পুরস্কৃত হতে রোজ ভালো লাগে না।আমাদের ভাঙা চালা ভেদ করে জোছনার কোনো মানে ঢোকে না।

হাভাতের অন্নই সব। বাদবাকি তোমাদের সুখেই আমার সুখ!

গোল বাঁধায় মরার মাথা ধরা।

ভালো রাখার, বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি পেয়েছি, এই তো ঢের!
ইশতেহারের পেছনে পড়ে থাকলে আম ছালা দুটোই যাবে।
মোটিভেশান খুঁজি বইয়ের পাতায় পাতায়, দ্যা আউট সাইডার পড়ি, দ্যা আ্যলকেমিস্ট পড়ি, ভালোই হিপনোটাইজড হই।
সম্বিত ফিরলে যেই কে সেই।
হ্যামেলিনের বাঁশিওয়ালার পিছু নিই।

 

৯৬০জন ৪৪৮জন

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য