ফ্রেন্ড রিকুয়েস্ট

কয়েক মাস আগের কথা। দাপ্তরিক কাজের ঝামেলা আর অন্যান্য কারণে প্রায় মাস খানেক ফেইসবুক থেকে দূরে ছিলাম। মাস খানেক পর যখন ফেইসবুকে আবার নিয়মিত হলাম, দেখলাম বেশ কিছু ফ্রেন্ড  রিকুয়েস্ট এসেছে। ইনবক্সে কিছু মেসেজ এসেছে। নোটিফিকেশনও এসেছে অনেক। প্রথমেই ইনবক্স চেক করলাম। পরিচিত ২/৪ জনের মেসেজ দেখলাম। এর মধ্যে অতি প্রিয় এক পরিচিত বড় ভাই এর মেসেজও দেখলাম। লেখা ছিল “তোকে ফ্রেন্ড  রিকুয়েস্ট পাঠিয়েছিলাম। একসেপ্ট করিস নাই। তোর সেল নাম্বারটা দিস। দরকার আছে। ভাল থাকিস”। ফ্রেন্ড  রিকুয়েস্ট পাঠানো সবাইকে একসেপ্ট করাও হয়নি তখন। কিছু মানুষ ছিল অচেনা অজানা। আর এই অচেনা অজানা মানুষদের মধ্যে চেনাজানা  একজন মানুষ ছিলেন। আর সেই মানুষটি ছিলেন সেই প্রিয় বড় ভাই। যার ফ্রেন্ড রিকোয়েস্ট আজও একসেপ্ট করা হয়নি।

 

আমি যেদিন তাঁর মেসেজটি দেখলাম তার বেশ কিছুদিন আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ভাইয়ের সেই মেসেজটি পড়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে শুধু বলেছিলাম, “ক্ষমা করবেন বড় ভাই। আমাকে দেয়া আপনার মেসেজটি পেয়েছি আপনি গত হবার অনেক পরে”।

 

এখনও মাঝেমাঝেই তাঁর প্রোফাইলে ঢুকি। জানি কোনও লাভ নেই। তবুও ঢুকি। প্রোফাইলে তাঁর হাসি মাখা মুখটি দেখি। বড্ড কষ্ট হয় তখন। তবুও দেখি। আমাকে তাঁর কেন প্রয়োজন ছিল তা আজও অজানাই রয়ে গেলো। এমনকি প্রয়োজনের কারণটি তাঁর পরিবার থেকেও জানতে পারিনি। কেউ জানে না। মাঝেমাঝেই ভাবি, তাঁর দেয়া  ফ্রেন্ড  রিকুয়েস্টটি একসেপ্ট করবো। কিন্তু করা আর হয় না।

 

চির শান্তিতে থাকুন প্রিয় বড় ভাই। কায়মনোবাক্যে এই প্রার্থনা করি।

মোট পড়েছেনঃ ৯৬২জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. মনে পড়ে গেল সেই প্রিয় সম্মানিত লোকটির কথা। যিনি গত হয়েছেন বছরখানেক আগে। গত হওয়ার আগে জীবদ্দশায় হঠাৎ একটি একদিন পথিমধ্যে দেখা। আমি ব্যাটারিচালিত রিকশায় ছিলাম। যাচ্ছিলাম নিজের কাজে কোনোএক জায়গায়। চলন্ত রিকশার সামনে এসে বললো, ‘তোর সাথে আমার ব্যক্তিগত কথা আছে। সময় করে একসময় একা আসিস।’
    এই ছিল আমার সাথে সম্মানিত প্রিয় লোকটির শেষ কথা। শেষ দেখা। এর দুইদিন পরই আমার কানে আসলো উনার মৃত্যুর খবর! আর হয়নি শোনা লোকটির ব্যক্তিগত কথা। কি যেন বলার ছিল। তা আজও জানা হলো না। মহান সৃষ্টিকর্তা যেন উনাকে স্বর্গবাসী করে।

  2. এই কষ্টটা আপনাকে আজীবন কষ্ট দিবে। যখনই কাউকে এড করবেন বা কারো মেসেজ পড়বেন তখনই তার কথা মনে পরবে। উনার বিদেহী আত্মা শান্তিতে থাকুক, দোয়া করি তার জন্যে।

    ভালো থাকুন
    শুভ কামনা 🌹🌹

  3. মন খারাপ হয়ে গেলো লেখাটি পড়ে,
    প্রিয় একজন মানুষ যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আর সে ম্যাসেজ যদি পড়া হয়ে তিনি ইন্তেকাল করার পরে,
    তাহলে কষ্ট হবেই।
    ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করুন, আপনার কাছে এটি তার শেষ ইচ্ছে ছিলো।
    বাস্তবায়ন করুন তা।

    আল্লাহ্‌ আপনার বড় ভাইয়ের আত্মাকে শান্তি দিক।

মন্তব্য করুন