নতুন আলোর বিভাস

অজস্র লাশের নিনাদে মানুষের চোখে বিষাদের ছায়া

ললাটে স্পষ্টতই ফুটে উঠেছে দুশ্চিন্তার বলিরেখা‌ ,

হেঁটে চলেছি মাইলের পর মাইল জনমানবহীন একা,

খুঁজে চলেছি গন্ধরাজের ঘ্রাণ পাবো কি তার দেখা ?

 

উৎকণ্ঠা আর আহাজারিতে ভারি হয়ে আছে চারপাশ

ক্রমাগত বেড়েই চলেছে গুমোটহাওয়ার নাভিশ্বাস,

শিল্পবর্জ্যর ধুম্রধুয়ায় স্পষ্টত ওজনস্তরের বিভৎসতা

বেড়েই চলছে অবিরত ,

ঘৃণা আর দহন যন্ত্রণার অগ্নি-আঁচে ফসিল পুড়ে ছাই বিষাক্ত গুহাকোটর হতে সর্পফণার বিষ উদ্গত ,

সূর্যতাপে গলে যাচ্ছে বরফের শিলাখণ্ড ও তার মগজ

তুষারাবৃত পর্বতের পাদদেশে সমুদ্রঢেউয়েরাও উদ্ধত ।

 

কোথায় চলেছি আমরা, কি আমাদের গতিবিধি ?

বদলে দিতে পারবো কি চিরাচরিত রীতিনীতি !

মানুষের হাতেই প্রকৃতি বিবর্তনের সামূহ উদ্যোগ ,

প্রসঙ্গতই প্রয়োজন সূক্ষ্মতর গাণিতিক যোগ-বিয়োগ।

 

চারদিকে প্রিয়জন হারানোর হাজারো নিঃশ্বাস

তবুও নেই মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধুত্বের বিশ্বাস,

মায়ের খালি বুকের নিঝুমদ্বীপে আঁধার-নিবাস

জীবনের এমন উপেক্ষা মানবতার চরম পরিহাস !

 

পাখিরা কাঁদে গাছেরা কাঁদে পশুরা কাঁদে,কাঠের দেয়াল ছিদ্র করে ঘূনপোকারা কাঁদে কি শুধুই শুধু !

স্বামীর মৃত্যু লাশ সম্মুখে নিয়ে কপালের লালটিপে সিঁদুর মুছে তবে কেন কাঁদে নব পরিণীতা বধূ ?

 

ফিরিয়ে দাও সুকান্তের শিশুকে তার মায়ের কোলে,

দাও তাকে বাসযোগ্য পৃথিবীর সুনিবিড় আবাস,

দেবে কি আমাকে তারা-ভরা রাতে আকাশের ছাদে দুর্বাঘাস বিছিয়ে পূর্ণিমা চাঁদ দেখার আভাস !

আমি নিত্য খুঁজি নতুন আলোর অবারিত বিভাস।

-মোনাব্বার হোসেন

মোট পড়েছেনঃ ৭৫২জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. উৎকণ্ঠা আর আহাজারিতে ভারি হয়ে আছে চারপাশ
    ক্রমাগত বেড়েই চলেছে গুমোটহাওয়ার নাভিশ্বাস,
    শিল্পবর্জ্যর ধুম্রধুয়ায় স্পষ্টত ওজনস্তরের বিভৎসতা
    বেড়েই চলছে অবিরত ,
    ঘৃণা আর দহন যন্ত্রণার অগ্নি-আঁচে ফসিল পুড়ে ছাই বিষাক্ত গুহাকোটর হতে সর্পফণার বিষ উদ্গত ,
    সূর্যতাপে গলে যাচ্ছে বরফের শিলাখণ্ড ও তার মগজ
    তুষারাবৃত পর্বতের পাদদেশে সমুদ্রঢেউয়েরাও উদ্ধত ।

    অনবদ্য চয়ন।

      1. শুভেচ্ছা অফুরান।
        সুপ্রিয় ব্লগার অনুরোধ রইলো অন্যদের লেখা পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য, এতে ব্লগারদের সাথে আপনার পরিচয়ও হবে, সাথে সাথে পাঠকও বাড়বে। 😉

  2. অসাধারণ। সমসাময়িক বিষয়কে দারুন কাব্যিকতায়, সুন্দর শব্দবুননে উপস্থাপন করেছেন। মুগ্ধ হয়ে গেলাম। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  3. পাখিরা কাঁদে গাছেরা কাঁদে পশুরা কাঁদে,কাঠের দেয়াল ছিদ্র করে ঘূনপোকারা কাঁদে কি শুধুই শুধু !
    স্বামীর মৃত্যু লাশ সম্মুখে নিয়ে কপালের লালটিপে সিঁদুর মুছে তবে কেন কাঁদে নব পরিণীতা বধূ ?

    এ এক কঠিন বাস্তবতা, শ্রদ্ধেয় কবি। তাই আপনার কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।

    1. ধন্যবাদ সুপ্রিয় কবি আপনার এমন মূল্যবান মন্তব্যের জন্য, শুভ কামনা ও ভালোবাসা রইলো অফুরান সব সময়ের জন্য। এমন মন্তব্যে আমি ভীষণভাবে আপ্লুত। ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি।

  4. সমসাময়িক বিষয়কে চমৎকারভাবে লেখায় ফুটিয়ে তুলেছেন ভাই। আবারো সুন্দর একটি লেকগা পড়লাম। লাশের মিছিল দেখতে আর ভালো লাগছেনা। এ দুর্দিন অচিরেই কেটে যাক এটাই প্রত্যাশা।

    শুভকামনা রইল।

  5. কোথায় চলেছি আমরা, কি আমাদের গতিবিধি ?
    বদলে দিতে পারবো কি চিরাচরিত রীতিনীতি !
    মানুষের হাতেই প্রকৃতি বিবর্তনের সমূহ উদ্যোগ ,
    প্রসঙ্গতই প্রয়োজন সূক্ষ্মতর গাণিতিক যোগ-বিয়োগ।**

    যার হাতে সব কিছু, তিনি সর্ব শক্তিমান মহান সৃষ্টিকর্তা। বিবর্তনের সকল গাণিতিক সমাধান তারই হাতে। আমরা চাই তিনি যেন আমাদের পৃথিবীটাকে সুন্দর সাভাবিক রুপে ফিরিয়ে দেন।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

    * শিরোনামের নীচে লেখকের নাম সংযুক্ত থাকে। তাই আলাদা করে লেখার প্রয়োজন নেই।

    1. মহান দয়ালু আল্লাহ আমাদের সকলের জন্য মঙ্গল করুন। আপনার মন্তব্য পড়ে ভীষণরকম আপ্লুত হই। ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি, শুভ কামনা রইল নিরন্তর।

মন্তব্য করুন