উন্মনা

তোমার জন্য হাত বাড়াতেই শহর হলো উন্মনা,
ঝড়ের ধুলায় উড়লো গোলাপ,
তোমাকে দেয়া আর হলোনা! ভাসল চন্দ্রমল্লিকা!
সিক্ত ফুলের কবর থেকে জন্ম নিল প্রজাপতি,
ভুলোমনে সরিয়ে দিওনা খোঁপায় এসে বসে যদি!

লম্বা মেঘের ট্রেনে চেপেছি, যাত্রী একাকী আমি,
প্রতিটি স্টেশনে লক্ষবার তোমার খোঁজে নামি!
শহর জুড়ে আলোর মিছিল হারিয়ে যাচ্ছে ধীরে,
শেষ মশালের আলোয় পাখি বসল এসে নীড়ে!
চাঁদ উঠেছে! চাঁদ উঠেছে ওই! পাগলি তুমি কই?
পরিত্যক্ত শহরের প্রেমে অকারণে শিহরিত হই!
অমরাবতীর দরোজা জুড়ে কঠিন শিকল বাঁধা,
তবু বন্ধ হলোনা আনমনে তোমার নামটা সাধা!

রেশম পোকা ঢুকলো ঘরে এক্কেবারে চিরতরে,
রাস্তা ঘাটে বৃক্ষ হাঁটে চাঁদের আলো ফেরী করে,
শোন বৃক্ষ! শোন লতাপাতা!
বলতে পার এই শহরের পাগলি মেয়েটির কথা?
কোথায় তার আসল নিবাস! কোথায় রাখে প্রেম!
সাঁঝ বিকালে রাস্তা ধরে হাঁটে কি সে অনিঃশেষ?

একটিবার ইচ্ছা জেগেছে বুঁদ হবো তার নেশায়,
এই কথাটা শুনেই মেয়েটি মিলিয়ে গেল ছায়ায়!
মাতাল করে ভাসিয়ে দিল মহাসাগরের হাওয়ায়!
রাজপথে আজ অনেক ছায়া! মেলার মতো ভিড়,
পাগলি বলতে পারো ঠিক কোন ছায়াটা তোমার?
চশমায় চোখে আবছা লাগে, ঠাহর পাইনা আর!

মোট পড়েছেনঃ ১,০৩১জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. ভালোবাসলে এমন করেই উন্মনা হতে হয়। পাগলি মেয়েটি ধরা দিক প্রেমের মহাসাগর হয়ে আর ভাসিয়ে নিয়ে যাক অনন্ত সুখের জোয়ারে। ভালো থেকো সুস্থ থেকো

  2. ভালোবাসলেই কেবল বুঝি অপেক্ষা করা যায়! আর কল্পনাচারে এভাবে কাউকে নিয়ে লিখা যায়।

    যারা হারিয়ে যাওয়ার তারা আষাঢ়ের বৃষ্টি তে উধাও হয়ে যায়। গ্রীষ্মের কাটফাঁটা রোদেও তাদের দেখা মিলেনা। আমাদের কাছে ডাকার এ আহবানে তাদের মন গলেনা বরং উপেক্ষায় মূর্ছনা করে।

    ভালো থাকুক তারাঃ আমাদের দুঃখ দিবে বলে এসেছিলো যারা।

    চমৎকার শব্দ চয়ন। ছন্দের মিলনে আরো ভীষণ ভালো লেগেছে। আরো লিখুন। শুভকামনা।

  3. আহা এমন আহ্বান কেউই উপেক্ষা করতে পারেনা।
    তবুও চশমা খুলে পাগলীকে খোঁজাখুঁজি করা যেতে পারে। পাওয়া যাবে নিশ্চয়ই!
    শুভ কামনা

  4. পাগলীর খোঁজ জানি না, তবে এমন কবিতায় হারিয়ে যাওয়া ছাড়া গতি নেই। এত সুন্দর সব উপমায় কেমন করে লেখেন! পড়ার পড়েও ভালো লাগার রেশ থেকে যায়।

    **লম্বা মেঘের ট্রেনে চেপেছি, যাত্রী একাকী আমি,
    প্রতিটি স্টেশনে লক্ষবার তোমার খোঁজে নামি **
    ভালো থাকুন প্রিয় কবি। শুভ কামনা অবিরাম 🌹🌹

মন্তব্য করুন