প্রিয় সোনেলা ব্লগ

বিগত বছর আর নতুন বছর নিয়ে “সোনেলা”য় একটি লেখা দেয়ার কথা ছিল। “সোনেলা ব্লগ” আমার ভালোবাসার জায়গা। সকালে উঠেই লিখে দিবো, ভেবেছি। বছরের শেষ দিন। ভোরে ঘুম থেকে উঠেই দেখি ভাই, বোন দু’জনের মেসেজ___”রুমি মারা গেছে” !

পাড়ায় যে ২/৪ টি বাসায় যাতায়াতের অনুমতি ছিল আমাদের, রুমিদের বাসা তার একটি। ও বাসার সবাই আমাদের ভীষণ ভালোবাসতো, স্নেহ করতো।

 

“রুমি মারা গেছে”__ খবরটি জানার পর আমার দু’চোখ বেয়ে অশ্রু গড়ায়নি। প্যানসিলভেনিয়া থেকে অতিথি আসবে। আমি ব্যস্ত। ভীষণ ব্যস্ত। বাড়িঘর ঝাড়-মোছ করি। দুপুরের খাবারে কি কি মেনু দিবো, সেগুলোর আয়োজন করি। ওরা আসে। গল্প করি। ওদের সাথে ঘুরতে যাই। বিকেল, সন্ধ্যা, রাত, ভোর অবধি ম্যানহাটান শহর ঘুরে বেড়াই। ছবি তুলি। হিলটন হোটেলের পাশে রাস্তায় দাঁড়িয়ে জায়রো খাই।

এতকিছুর মাঝে সকলের অলক্ষ্যে আমার ভেতরে ভীষণ এক নৈঃশব্দ্য ! আন্‌মনা। শ্যামলা মত একটি মেয়ে দু’বেণী দুলিয়ে স্কুলে যেতো ! অতঃপর একদিন ভালোবাসার মানুষটির হাত ধরে চলে গেলো। আমি এলাম বিদেশ বিভূঁইয়ে। বছরের পর বছর আমাদের দেখা নেই। দেশে গেলে কেন যেন আমার শৈশব, কৈশোরের মানুষগুলোকে দেখতে খুব মন চায়। আমি খুঁজে খুঁজে দেখা করি। ২০১৪ তে যখন দেশে যাই, একদিন আমার মফঃস্বল শহরে রুমির বাসায় গিয়ে হাজির। অনেক বছর পর দেখা ! ছিমছাম সাজানো বাড়ি।  স্বামী, এক ছেলে আর এক মেয়ে নিয়ে সংসার। ওকে একটু অসুস্থ মনে হল। বয়সের চেয়েও অনেক বেশি বয়স মনে হলো। রুমি খাবার দেয়। চা খেতে খেতে আমরা গল্প করি পুরনো দিনের, ফেলে আসা স্মৃতির। সন্ধ্যা পেরিয়ে আঁধার নামে। টিপটিপ বৃষ্টি মাথায় নিয়ে ফিরে আসবার সময় রুমি গেটে দাঁড়িয়ে থাকে। আমি আর পিছু ফিরে চাই না। যে কোন বিদায়ে পিছু ফিরে চাইতে নেই। এতে কষ্ট বাড়ে। মায়া বাড়ে। খামোখা মায়া বাড়িয়ে কি লাভ ?

থার্টিফাস্ট নাইট ২০১৫। আমি দিব্যি নিউইয়র্কের আলো ঝল্‌মলে টাইম স্কয়ারে ঘুরে বেড়াচ্ছি ! কোলাহলের মাঝে হাঁটছি ! অথচ রুমি শুয়ে আছে অন্ধকারে ! ভীষণ অন্ধকারে! একাকি ! ভীষণ একাকি !

প্রিয় রুমি, আমরা তো একই সাথে খেলেছিলাম শৈশব, কৈশোরে। তোমার বুঝি সবার আগে ওপাড়ের ডাক্‌ এলো ! আমারও তোমাকে নিয়ে লিখতে হলো !

প্রিয় “সোনেলা ব্লগ”___ আমি খুব দুঃখিত। একটি হাসি আনন্দময় বিগত বছরের লেখা দেবার কথা ছিল। আমি আমার কথা রাখতে পারিনি। আমার যে শেষটা ভালো যায়নি !

মন মোর মেঘের সঙ্গী …  🙁

মোট পড়েছেনঃ ৬৩৪জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. আপু আপনার পোস্ট গুলো অদ্ভুত ভাবে নাড়া দিয়ে যায় আমাকে | “আয় খুকু আয়” পড়ে আমি খুবি বিষন্ন হয়ে গিয়েছিলাম | যদিও আমার বাবা মা দুজনের ছত্রছায়ায় আমি ভাল আছি তবুও কি যেন হয়ে গিয়েছিল | দুদিন যাবৎ অদ্ভুত আচরণ করেছি ,বিশেষ একজন কে কষ্ট দিয়েছি | আজ আবারো মন এলোমেলো হয়ে গেল |

    1. যদি সুন্দর সুন্দর গল্প লিখতে পারতাম, বেশ হতো।
      পারিনা বলেই আশেপাশের ঘটে যাওয়া ঘটনা, অনুভুতি নিয়ে লিখি। যা আসলেই কখনো কখনো ভীষণ নির্দয়।
      ভাল থেকো ।

  2. আপনার এমন বন্ধু চলে যাওয়ার কথা শুনে আমারই খারাপ লাগছে
    অত্যন্ত প্রিয় কারো চলে যাওয়াতে কষ্ট পাবার মতও সময় এবং পরিবেশ না থাকলে ভিতরের কষ্টটা আরো বৃদ্ধি পায়
    এমন কষ্টকে ভিতরে নিয়ে তারপরেও আপনাকে হাসিমুখে কত দায়িত্ব পালন করতে হয়েছে
    দায়িত্ব পালন করতে হয় ……… অনিচ্ছায়ও আমাদের
    বন্ধুর কথা এভাবে লেখা খুবই কষ্টের।

    আপনার বন্ধুর আত্মার মাগফেরাত কামনা করছি — আমীন

    1. একজন মানুষ একই সাথে দুই রকম সত্ত্বা নিয়ে ঘুরে বেড়ায় __ সেইদিন খুব ভালভাবে টের পেলাম।
      আমি অতিথিদের নিয়ে ঘুরছি, হাসি হাসি মুখ করে ছবি তুলছি। কথা বলছি। অথচ ভেতরে বহন করছি এক আকাশ মেঘ !
      অদ্ভুত … ভীষণ অদ্ভুত এক অভিনীত জীবন আমাদের ।

  3. রিমি আপু বন্ধু হারানো কি…কেউ যেনো জীবনে মৃত্যু কিংবা নিঃশ্বাসে বন্ধু-হারা না হয়।
    ঈশ্বর তোমার বন্ধুর আত্মার উপর শান্তি বর্ষণ করুন।
    তবুও বেঁচে থাকতে হয়, হাসতে হয়। পৃথিবী থেমে থাকেনা যেমন, মানুষও না।

    ভালো রেখো তবুও আপু। -{@

  4. তাঁর আত্মা শান্তিতে থাকুক, এর বেশি কিছু বলতে পারছি না।
    যাপিত জীবনের বিড়ম্বনা আমাদের আষ্টে-পৃষ্ঠে এমন ভাবে বেঁধে ফেলেছে
    নিভৃত হৃদয়ের হাসি-কান্নার ফুসরত আমাদের নেই।
    হারানোর বেদনা যে হারিয়েছে সে ই এর মর্ম বুঝবে,
    সোনেলা আপনার মত আমাদের একমাত্র ঠিকানা।

  5. হৈ হুল্লোড় আতশবাজিতে আমরা চলছি, থেমে যাচ্ছে কোথাও কিছু কিছু, সবকিছু। আমাদের কিছুই থেমে থাকবেনা।
    মন খারাপ করবেন না আপু। এটাইতো নিয়ম। ভাল থাকুক আপনার বন্ধুটি, ওপাড়ে।
    আপনার আনন্দ, বেদনা সবটুকুই তো আমরা চাই আপু। এত মেঘমনেও সোনেলা কে কাছে রেখেছেন এটাই আমাদের প্রাপ্তি, ভালো থাকুন আপনি।

  6. খুব কাছের আপন কেউ চলে গেলে কেমন লাগে তা বুঝি আপু। শৈশব-কৈশোরের খেলার সাথী-বন্ধু-খালাতো বোনকে হারিয়েছি। এগারো বছর হয়ে গেছে তবুও চোখ ভিজে যায়, বুকের ভেতর হাহাকার করে উঠে।

    চলে যেতে হয়, একে একে সবাই চলে যায়, চলে যাবে – এইটাই তো অমোঘ সত্যি। মন খারাপ করবেননা আপু। আপনার বন্ধুটি ওপারে শান্তিতে থাকুক, ভালো থাকুক।

    ভালো থাকবেন। ভালোবাসা রইলো। (3

    1. তবুও আমরা ভাল থাকার চেষ্টা করি। ভাল থাকি। ভুলে থাকি। ভুলতে ভুলতে আবারও মনে করি…
      জীবন এগিয়ে যায় জীবনের মত…
      আমরাও এগোই একটু একটু করে হিম শীতলতার দিকে …
      ভাল থাকুন অনেক।

মন্তব্য করুন